প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিয়ের তিন বছর অতিবাহিত হলেও সন্তান না হওয়ার কারণে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করার বিষয়টি নিয়ে ইসলামি শরিয়তের বিধান ব্যাখ্যা করেছেন মুফতি সাইদুজ্জামান কাসেমি। তিনি উল্লেখ করেছেন, শুধুমাত্র সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেওয়া উচিত নয়। সন্তান হওয়ার বিষয়টি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল।
মুফতি সাইদুজ্জামান কাসেমি এক প্রশ্নের জবাবে বলেন, শারীরিকভাবে সুস্থ থাকা সত্ত্বেও যদি কোনো নারী সন্তান ধারণে অক্ষম হন কিংবা কোনো পুরুষের শারীরিক অক্ষমতা না থাকা সত্ত্বেও সন্তান না হয়, তাহলে এর জন্য কাউকে দায়ী করা উচিত নয়। এটি আল্লাহর ইচ্ছার বিষয়।
তিনি পবিত্র কোরআনের সুরা শুরার ৪৯ ও ৫০ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যাসন্তান এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। আবার কাউকে পুত্র ও কন্যা উভয়ই দেন, এবং যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। আল্লাহ সর্বজ্ঞ ও সর্বশক্তিমান।
মুফতি সাইদুজ্জামান আরও বলেন, বাহ্যিক ও চারিত্রিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও শুধুমাত্র স্ত্রী সন্তান জন্ম দিতে পারছেন না— এ অজুহাতে তাকে তালাক দেওয়া সমীচীন নয়। এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।
সন্তান লাভের জন্য কয়েকটি দোয়া পড়ার পরামর্শও তিনি দিয়েছেন। এর মধ্যে রয়েছে, ‘রাব্বি লা তাজারনি ফারদাঁও ওয়া আনতা খাইরুল ওয়ারিছিন’। এর অর্থ, হে আমার রব, আমাকে একা রেখো না। তুমি শ্রেষ্ঠ উত্তরাধিকারী।
আরেকটি দোয়া হলো, ‘রাব্বি হাবলি মিল্লাদুনকা জুররিয়াতান তাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুয়া’। অর্থ, হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।
তিনি আরও বলেন, সন্তান না হওয়ার পেছনে হরমোনজনিতসহ বিভিন্ন শারীরিক কারণ থাকতে পারে। তাই হতাশ না হয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি বেশি বেশি দোয়া, ইস্তিগফার, ধৈর্য ধারণ এবং সামর্থ্য অনুযায়ী সদকা করার পরামর্শ দেন তিনি।
মুফতি সাইদুজ্জামান শুধুমাত্র সন্তান লাভের আশায় দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দেননি। তার মতে, দ্বিতীয় বিয়ে করলেই সন্তান হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। যাকে বিয়ে করা হচ্ছে, তিনিও সন্তান ধারণে অক্ষম হতে পারেন। এমনকি পূর্বে সন্তান হয়েছে, এমন নারীর দ্বিতীয় বিয়ের পরও সন্তান না হওয়ার ঘটনা ঘটতে পারে।
তবে শরিয়তের সীমারেখা মেনে চলার সক্ষমতা থাকলে এবং শরিয়তসম্মত প্রয়োজন দেখা দিলে একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারেন। এ ক্ষেত্রে শুধুমাত্র সন্তান লাভকে বিয়ের একমাত্র ভিত্তি না করে শরিয়তসম্মত প্রয়োজনকে বিবেচনায় নেওয়ার কথা বলেন তিনি।
একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে ন্যায়বিচার বজায় রাখার বিষয়েও সতর্ক করেছেন মুফতি সাইদুজ্জামান। এ প্রসঙ্গে তিনি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেন। হাদিসে বলা হয়েছে, কোনো ব্যক্তির দুই স্ত্রী থাকলে এবং তিনি একজনের প্রতি পক্ষপাতিত্ব করলে কিয়ামতের দিন তিনি এক পাশ বাঁকা অবস্থায় উপস্থিত হবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন