বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং
০৪:১৫ পি.এম
গোপালগঞ্জ জেলা শাখা ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি, যা ২৮ সদস্যের সমন্বয়ে গঠিত, ঘোষণা করা হয়েছে।
এই কমিটি বুধবার (৭ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদন লাভ করে।
কমিটির আহ্বায়ক হিসেবে সাইফুল ইসলামকে মনোনীত করা হয়েছে, সোহান আল ইমামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাজিদুর রহমানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, যুগ্ম আহ্বায়ক হিসেবে আকিবুল ইসলাম, হাবিবুর রহমান মোল্যা (রইন), মো. মেহেদী হাসান, তাসবীর হাসান, মো. আমিরুল ইসলাম সোহেল, ইসমাইল হোসেন, মো. নাহিদুল ইসলাম সোহেল, মোহাম্মদ লালন শেখ, নিলয় হাওলাদার মোস্ত এবং সোহাগ আফতাবকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন শেখ রেদোয়ান ইকবাল, সাহেদ হাসান পিয়াস, রাজিব মোল্লা, মাহফুজুর রহমান, উজ্জ্বল শিকদার, মো. শরিফুল ইসলাম, হাসানুল আলম রাজু, তারিকুল ইসলাম, নাজমুল ইসলাম, মো. আমিন শেখ, মেহেদী হাসান, মেহেদী হাসান খান, আবির শিকদার, আহসান বিশ্বাস এবং রাহাদুল ইসলাম রাদ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, জেলা ছাত্রদলের সব সাংগঠনিক কার্যক্রম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরের মাধ্যমে পরিচালিত হবে।
এছাড়া, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাটি খুঁড়তে খুঁড়তে ১২ বছরেরও বেশি সময় কেটে গেছে। একটাই লক্ষ্য ছিল, একদিন একটি হীরা পাওয়া যাবে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। যুক্তরাষ্ট্রের আরকানসাসের বিখ্যাত ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কে খুঁজতে গিয়ে জ্যাক পিয়াবাডিন ৬.০৩ ক্যারেটের একটি বিশাল হলুদ হীরা পেয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত পার্কটিতে পাওয়া এটিই সবচেয়ে বড় হীরা। হীরাটি পাওয়ার মুহূর্তটি আরও বিশেষ হয়ে উঠেছে, কারণ তখন পিয়ারাডিন টিকটকে লাইভ করছিলেন। মাটি খুঁড়ে পাথরটি হাতে উঠতেই বিস্ময়ে তিনি বলেন, 'ওহ মাই গড! ওহ মাই গড!' এরপর আনম্পে বলেন, 'বড় একটা পেয়ে গেছি!'
পিয়ারাডিন এই হীরাটির নাম দিয়েছেন 'আমেরিকান ড্রিম'। তার ভাষায়, এটি একটি বিশাল ও দৃষ্টিনশন হলুদ হীরা।
মিসৌরির বাসিন্দা এবং মার্কিন নৌবাহিনীর রিজার্ভ সদস্য পিয়ারাডিন ২০১৩ সালে ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কে হীরা খোঁজা শুরু করেন। এরপর থেকে তিনি এখানে ৩০০টিরও বেশি রত্ন খুঁজে পেয়েছেন। হীরা খোঁজার নেশা এতটাই গভীর হয়ে যায় যে পার্কের কাছাকাছি থাকার জন্য তিনি মারফ্রিসববো শহরেও চলে যান।
সর্বশেষ হীরাটি খুঁজে পাওয়ার সময় তার সঙ্গে ছিলেন উইসকনসিনের আরেক রত্ন-সন্ধানী মাইকেল শুমাখার। যে নুড়ি ও মাটির স্তূপ থেকে হীরাটি পাওয়া যায়, সেটি খুঁড়তে শুমাখারও সাহায্য করেছিলেন। পিয়ারাডিন জানিয়েছেন, হীরাটি বিক্রি হলে পাওয়া অর্থের একটি অংশ তিনি শুমাখারের সঙ্গে ভাগ করবেন। পাশাপাশি ভবিষ্যতে নিজের একটি ক্রিস্টাল খনি খোলার পরিকল্পনাও করছেন।
ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কের গল্পও চমকপ্রদ। এটি একসময় উন্মুক্ত হীরা খনি ছিল। ১৯৭২ সালে জায়গাটি স্টেট পার্কে পরিণত হয়। বর্তমানে মাত্র ১৫ ডলার প্রবেশমূল্য দিয়ে দর্শনার্থীরা এখানে পাঁচ গ্যালনের একটি বালতি ভর্তি পাথর নিয়ে হীরা খুঁজতে পারেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, কেউ হীরা বা অন্য কোনো মূল্যবান রত্ন খুঁজে পেলে সেটি নিজের কাছে রাখতে পারেন।
পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে এখানে ৩৭ হাজারেরও বেশি হীরা পাওয়া গেছে। প্রতি বছর গড়ে ৪০০ থেকে ৮০০টি হীরা খুঁজে পান দর্শনার্থীরা। তবে সেগুলোর বেশিরভাগের ওজন প্রায় এক-চতুর্থাংশ ক্যারেট।
এর আগে ২০২০ সালে এই পার্কে আরকানসাসের এক ব্যাংক ব্যবস্থাপক ৯ ক্যারেটের একটি হীরা খুঁজে পেয়েছিলেন। ২০২৪ সালে এক ফরাসি নাগরিকও এখানে ৭ ক্যারেটের একটি হীরা খুঁজে পান।
আর এই পার্কেই ১৯২৪ সালে পাওয়া যায় যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় হীরা-৪০.২৩ ক্যারেটের 'আঙ্কল স্যাম'। পরে সেটি কেটে ও পালিশ করে ১২.৪২ ক্যারেটের একটি হীরায় পরিণত করা হয়। বর্তমানে এটি স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির 'গ্রেট আমেরিকান ডায়মন্ডস' প্রদর্শনীতে রাখা আছে।
রত্ন মূল্যায়নকারী লরা স্ট্যানলির মতে, পার্কে পাওয়া গড়ে ০.১৭ ক্যারেটের একটি হীরার দাম প্রায় ৭০০ ডলার হতে পারে। তবে পিয়ারাডিনের পাওয়া ৬ ক্যারেটের উন্নত মানের হলুদ হীরাটির মূলা প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার হতে পারে। পিয়ারাডিন অবশ্য জানিয়েছেন, কয়েকজন সংগ্রাহক তাকে বলেছেন, হীরাটির দাম ১০ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে।
জেমোলজিক্যাল ইনস্টিটিউট অব আমেরিকার জ্যেষ্ঠ কর্মকর্তা নাথান রেনফ্রোর মতে, যুক্তরাষ্ট্রে হীরার দুটি পরিচিত খনি রয়েছে-আরকানসাসের ক্রেটার অব ডায়মন্ডস এবং কলোরাডোর কেলসি লেক। তবে কেলসি লেক ব্যক্তিমালিকানাধীন।
বিশ্বের খুব কম জায়গাতেই সাধারণ মানুষকে নিজে হীরা খোঁজার এবং পাওয়া হীরা নিজের কাছে রাখার সুযোগ দেওয়া হয়। সেই বিরল জায়গাগুলোর একটি ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্ক। আর সেই পার্কেই ১২ বছরের অপেক্ষার পর পিয়ারাডিনের হাতে উঠে এলো তার 'আমেরিকান ড্রিম'।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রার্থীদের নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। সময়সীমা শেষ হওয়ার পর, এ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
প্রার্থীদের মধ্যে আছেন, বিএনপির মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
এর আগে, জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থিতা প্রত্যাহার করেন, যেহেতু তিনি বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ফলে, এখন মির্জা ফয়সল আমিন বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপির পক্ষ থেকে মির্জা ফয়সল আমিনকে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে একটি চিঠি প্রদান করা হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দুর্গোৎসবের আয়োজন দ্বিতীয়বারের মতো হতে চলেছে। ফাদার ডাফি স্কোয়ারে আগামী ১০ ও ১১ অক্টোবর অনুষ্ঠিতব্য এই দুই দিনের অনুষ্ঠানে থাকবে পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, সিঁদুরখেলা, ধুনুচি নাচ এবং বাংলাদেশ ও ভারতের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
টাইমস স্কয়ার দুর্গোৎসব অ্যাসোসিয়েশন থেকে প্রকাশিত তথ্যে জানা গেছে, অনুষ্ঠানটি ফাদার ডাফি স্কোয়ার, ব্রডওয়ে ও সেভেনথ অ্যাভিনিউ সংলগ্ন ৪৬তম ও ৪৭তম স্ট্রিটের মধ্যবর্তী এলাকায় অনুষ্ঠিত হবে। আয়োজকদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে, দুই দিনই সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠান চলবে।
১০ অক্টোবর প্রথম দিনের সূচিতে সকাল ১১টায় ষষ্ঠী পূজা দিয়ে মূল ধর্মীয় আয়োজন শুরু হবে। এরপর দুপুর ১২টায় পুষ্পাঞ্জলি, সাড়ে ১২টায় সপ্তমী পূজা, দুপুর ২টায় আবার পুষ্পাঞ্জলি, আড়াইটায় অষ্টমী পূজা এবং বিকেল ৪টায় পুষ্পাঞ্জলির আয়োজন রাখা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় প্রসাদ বিতরণের পর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রথম দিনের সাংস্কৃতিক আয়োজনে নৃত্য, সংগীত ও বিশেষ পরিবেশনা থাকবে। আয়োজকদের বর্তমান সূচিতে নৃত্যাঞ্জলির পরিবেশনা, ডান্ডিয়া নাচ এবং শিল্পীদের সংগীতানুষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে। তবে প্রচারপত্র ও ওয়েবসাইটের কিছু সংস্করণে শিল্পীদের নাম ও সময়সূচিতে পার্থক্য দেখা যাচ্ছে।
১১ অক্টোবর দ্বিতীয় দিনের কার্যক্রম নবমী পূজা দিয়ে শুরু হবে। এরপর পুষ্পাঞ্জলি, দশমী পূজা এবং প্রসাদ বিতরণের পাশাপাশি বিকেল ৫টায় সিঁদুরখেলার আয়োজন রয়েছে। সন্ধ্যার সাংস্কৃতিক পর্বে ধুনুচি নাচ, নৃত্য পরিবেশনা এবং সংগীতানুষ্ঠান রাখা হয়েছে।
এবারের আয়োজনকে কেন্দ্র করে মহালয়া ও চণ্ডীপাঠের কথাও বিভিন্ন প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে। ১০ অক্টোবর ২০২৬ সালে মহালয়া পড়ায় দিনটির সঙ্গে ধর্মীয় তাৎপর্যও যুক্ত হয়েছে। কিছু প্রচারপত্রে সকাল ১১টায় চণ্ডীপাঠ দিয়ে অনুষ্ঠান শুরুর কথা বলা হলেও আয়োজকদের ওয়েবসাইটের বিস্তারিত সূচিতে একই সময়ে ষষ্ঠী পূজার উল্লেখ রয়েছে। ফলে নির্দিষ্ট সময়সূচি নিয়ে প্রকাশিত তথ্যের মধ্যে কিছু পার্থক্য রয়েছে।
আয়োজক কমিটির বরাতে জানানো হয়েছে, দুই দিনের উৎসবে চণ্ডীপাঠ, শিশু-কিশোরদের গীতাপাঠ, পূজা-অর্চনা, অঞ্জলি, ধুনুচি নাচ এবং বাংলাদেশ ও ভারতের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। প্রবাসী বাঙালি শিশু-কিশোরদের অংশগ্রহণকে এবারের আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।
ফাদার ডাফি স্কোয়ার নিউইয়র্কের অন্যতম ব্যস্ত পর্যটনকেন্দ্র টাইমস স্কোয়ারের অংশ। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ সেখানে যান। আন্তর্জাতিক পরিসরে দুর্গোৎসব আয়োজনের মাধ্যমে প্রবাসী বাঙালিদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।
আয়োজক সংগঠন জানিয়েছে, টাইমস স্কোয়ারে দুর্গাপূজার আয়োজন শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের দৃশ্যমান উপস্থিতিও তুলে ধরে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখার লক্ষ্যও রয়েছে এ আয়োজনের।
গতবারের আয়োজনের পর এবার দ্বিতীয়বারের মতো টাইমস স্কোয়ারে দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই দিনের অনুষ্ঠানে পূজার পাশাপাশি সংগীত, নৃত্য ও সম্মিলিত সাংস্কৃতিক পরিবেশনার কারণে এটি প্রবাসী বাঙালিদের একটি বড় মিলনমেলায় পরিণত হওয়ার প্রত্যাশা করছেন আয়োজকেরা।
তবে অনুষ্ঠানসূচির বিভিন্ন প্রচারপত্র ও আয়োজকদের ওয়েবসাইটে প্রকাশিত সময় এবং শিল্পীদের তালিকায় কিছু পার্থক্য রয়েছে। তাই ১০ বা ১১ অক্টোবর অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা থাকলে সর্বশেষ সময়সূচি ও পরিবেশনার তথ্য আয়োজকদের হালনাগাদ ঘোষণা থেকে যাচাই করে নেওয়া উচিত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চলতি মাসের প্রথম ছয় দিনে দেশে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১০ কোটি ৫০ ডলার রেমিট্যান্স দেশে প্রবাহিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (৭ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছেন।
তিনি উল্লেখ করেন, অক্টোবর মাসের প্রথম ছয় দিনে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ে ছিল ৫৫ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ, বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯২২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৮১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এই সময়ে রেমিট্যান্স প্রবাহ ১৩ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সেপ্টেম্বর মাসে দেশে ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর আগে আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার দেশে প্রবাহিত হয়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ