সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৫৪ পি.এম
দেশে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হৃদ্যন্ত্র ও রক্তনালির রোগ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ। একটি পরিসংখ্যান প্রকাশ করেছে যে, দেশে মোট মৃত্যুর ৩৪ শতাংশের পেছনে রয়েছে হৃদ্যন্ত্র ও রক্তনালির রোগ।
বিশেষজ্ঞদের মতে, যদি স্বাস্থ্য বাজেটের বরাদ্দ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বৃদ্ধি করা হয়, তবে হৃদরোগজনিত অকালমৃত্যু কমানো সম্ভব হবে।
বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে সোমবার অনুষ্ঠিত ‘তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য বাজেট: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব মন্তব্য করেছেন। এই অনুষ্ঠানটি গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজন করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ‘হার্ট ডিজিজ ক্যান হাইড ইন প্লেইন সাইট: ডোন্ট মিস এ বিট’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব হার্ট দিবস পালিত হবে।
ওয়েবিনারে জানানো হয়েছে, বিশ্বব্যাপী প্রতি বছর হৃদরোগে প্রায় ৬৫ লাখ মানুষ অকালমৃত্যুবরণ করেন। উচ্চ রক্তচাপ হচ্ছে এর অন্যতম প্রধান কারণ। বাংলাদেশেও হৃদরোগজনিত মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
বক্তারা জানিয়েছেন, ২০২৪ সালে দেশে হৃদরোগজনিত অসুস্থতায় প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ মারা যান। এর মধ্যে ৫২ শতাংশ মৃত্যুর জন্য দায়ী হচ্ছে উচ্চ রক্তচাপ। এসব মৃত্যুর একটি উল্লেখযোগ্য অংশ অকালমৃত্যু।
‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’-এর তথ্য তুলে ধরে বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশে ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগণের প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত। এর ফলে তরুণদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫ দশমিক ৩ শতাংশ থেকে ৭ দশমিক ৪ শতাংশে উন্নীত করা হয়েছে, যা প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন, বর্ধিত বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপের ওষুধে ব্যয় করা হলে দেশের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগের ঝুঁকি কমাতে তা কার্যকর ভূমিকা রাখবে।
ডা. মো. মারুফ হক খান উল্লেখ করেন, ‘উচ্চ রক্তচাপজনিত হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপন সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে’ বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার গুরুত্ব তুলে ধরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান বলেন, তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রূহুল কুদ্দুস বলেন, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ অসংক্রামক রোগে হলেও এ খাতে স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ বরাদ্দ রয়েছে। তিনি জানান, উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বরাদ্দ বাড়ানো প্রয়োজন।
ওয়েবিনারে আরও বক্তব্য দেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন ও ভাইটাল স্ট্র্যাটেজিসের কনসালটেন্ট আমিনুল ইসলাম সুজন।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।
বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের ‘নতুন সংস্করণ’ হিসেবে পরিচিত ডেভিড জিহাদকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয়ভাবে ডেভিড জিহাদ নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত। তার বিরুদ্ধে স্কুলশিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া কিশোর গ্যাংয়ের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
জানা গেছে, গত ২৩ আগস্ট লোহাগাড়ার ইকরা আবদুল জব্বার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহকে (১৫) একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা স্কুল থেকে তুলে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন ও শিক্ষক নাজিব স্কুলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। পরে তারা বটতলী স্টেশনের ইনসাফ রেস্টুরেন্টের সামনে গিয়ে আবদুল্লাহর সহপাঠী ও ঘটনায় জড়িত আয়ানকে আটক করেন। তবে আবদুল্লাহকে মারধরের সঙ্গে জড়িত অন্য কিশোররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আয়ানকে লোহাগাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আয়ানকে পুলিশের কাছে দেওয়ার পর প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমনের মোবাইল ফোনে হুমকির একটি কল আসে বলে অভিযোগ করা হয়েছে। কলের রেকর্ডে হুমকিদাতাকে নিজেকে ‘ডেভিড জিহাদ’ হিসেবে পরিচয় দিতে শোনা যায়। এ ঘটনায় শিক্ষকের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।
পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যেই একই ঘটনার জেরে বিদ্যালয়ের আরেক শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে।
গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শহীদ মেজর নাজমুল হক সড়কে নজরুল ইসলামের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। হামলায় তাকে ছুরিকাঘাতসহ শরীরের অন্তত পাঁচ স্থানে গুরুতর আঘাত করা হয়। এ ঘটনায় ডেভিড জিহাদের নেতৃত্ব ছিল বলে অভিযোগ করা হয়েছে।
পরে নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কয়েকজনের নাম উল্লেখ করে লোহাগাড়া থানায় মামলা করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গণমাধ্যমকে ডেভিড জিহাদকে আটকের বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, ডেভিড জিহাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
খুলনার পাইকগাছায় গত ৪৮ ঘণ্টার মধ্যে পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ চুরি হওয়া ট্রাক উদ্ধার করেছে এবং বিভিন্ন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি ও জুয়া খেলার অভিযোগে মোট ১৪ জনকে আটক করেছে। পরে আটককৃতদের মধ্যে কয়েকজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ছয় জুয়াড়িকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশের সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম ও কৃপাসিন্ধুসহ পুলিশের একটি দল যশোরে অভিযান চালিয়ে একটি চুরি হওয়া ট্রাক উদ্ধার করে। এ সময় ট্রাক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- যশোরের চাঁচড়া বাবলাতলা এলাকার আরিফুল ইসলাম (২৮), জাহের হাসান (২৭), অনিক (৩৭) ও আরিফ হোসেন (২৭)।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ট্রাকটির মালিক পাইকগাছার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মিঠুন সরকার। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ড-১১-৯৪-৯১। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে উপজেলার বিরাশী এলাকা থেকে এসআই আজীমউদ্দীন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাসেল রানা ডাকাতিসহ একাধিক মামলার আসামি হাসান শেখকে (৩২) গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে ৯টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। একটি মামলায় তার সাত বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে।
এ ছাড়া চাঁদখালীর সাহাপাড়া এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রাড়ুলী এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি মো. জলিল জোয়াদ্দারকে (৫০) আটক করা হয়েছে।
পুলিশের আরেক অভিযানে পৌরসভা এলাকা থেকে গড়ইখালীর ৩৫ বছর বয়সী এক নারীকে আটক করা হয়। পুলিশ জানায়, দেহব্যবসার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। পরে সামারি ট্রায়ালে আদালত তাকে জরিমানা ও দুই মাসের কারাদণ্ড দেন।
অন্যদিকে চাঁদখালীর দেবদুয়ার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ফারুক সানা (৫৫), মিজানুর গাজী (৫৪), শেখ কল্লোল (৫৫), সেলিম গাজী (৫৫), কেসমত (৪২) ও মিজানুর রহমান (৫৮)। পরে সামারি ট্রায়ালে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, উপজেলার বিভিন্ন এলাকা ও যশোরে অভিযান চালিয়ে এসব আসামিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
স্বাধীনতার লাভের প্রায় ৮০ বছর পর, বাংলাদেশ প্রথমবারের মতো মিথানল ভারত থেকে কিনছে। জানা গেছে, আসাম থেকে ব্রহ্মপুত্র নদীর মাধ্যমে বাংলাদেশে মিথানল রপ্তানি করা হবে। এই সিদ্ধান্তটি নিয়েছে ভারতের সরকারি প্রতিষ্ঠান ‘আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেড’ (এপিএল)।
মিথানল পরিবহনের জন্য আসাম সরকারের অভ্যন্তরীণ জলপরিবহন বিভাগের দুটি কার্গো জাহাজ ইজারা নিয়েছে এপিএল। প্রতিষ্ঠানটি পূর্ব ভারতের ডিব্রুগড় থেকে জলপথে আন্তর্জাতিক বাণিজ্যিক পণ্য পাঠানোর কাজ শুরু করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেডের চেয়ারম্যান বিকুল ডেকা সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন, ব্রিটিশরা এ দেশ ছেড়ে যাওয়ার পর থেকে স্বাধীন ভারতে ব্রহ্মপুত্র নদ ব্যবহার করে ডিব্রুগড় থেকে জলপথে ব্যবসা-বাণিজ্য পরিচালনার খবর আমার জানা নেই।
তিনি আরও জানান, জলপরিবহন বিভাগের জন্য ইজারা নেওয়া দুটি জাহাজ প্রায় ৩০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। পরে গুয়াহাটির পান্ডু ঘাটে জাহাজ দুটি মেরামত করা হয়, যাতে ডিব্রুগড়ে উৎপাদিত মিথানল নদীপথে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব হয়।
এই পদক্ষেপের ফলে, দুটি প্রতিবেশী দেশের মধ্যে তুলনামূলক কম খরচে পণ্য আমদানি ও রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন এপিএল চেয়ারম্যান।
এখন পর্যন্ত মিথানল পরিবহনের জন্য প্রস্তুত করা প্রথম কার্গো জাহাজ ‘ডিএলবি পাটকাই’ ডিব্রুগড়ের বগিবিল ঘাটে পৌঁছেছে।
তবে, ঠিক কোন তারিখে এই জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকারি চাকরিজীবীদের পর, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। তাদের জন্য শিগগিরই পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভার পর সাংবাদিকদের সামনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
অর্থ মন্ত্রণালয় ২১ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেলের গেজেট প্রকাশ করে। এরপর বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নবম পে-স্কেলের আওতায় আনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আশ্বাস প্রদান করে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য একটি পৃথক গেজেট জারি করা হবে। এই বিষয়ে মৌখিক আলোচনা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে।
প্রধানমন্ত্রী এবং তার শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলন থেকে দেশে ফেরার পর বিষয়টি গতি পেয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম পে-স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো প্রয়োজন। এরপর এমপিওভুক্ত জনবলকে নবম পে স্কেলের সুবিধা দিতে সম্মতি দিয়ে অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে গেজেট জারি করবে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি না পাওয়া পর্যন্ত পৃথক গেজেট জারি করা সম্ভব হবে না।
বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ