ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত, ৯ লাখ টাকায় আপসের দাবি


বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত, ৯ লাখ টাকায় আপসের দাবি

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম (২৪) নিহত হওয়ার ঘটনায় আইনের সংঘাতে জড়িত ১৭ বছরের কিশোর আজান আলী শরীফকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কিশোরের আইনজীবী দাবি করেছেন, নিহতের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায় আপস-মীমাংসা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার শিশু আদালত-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে কিশোরকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। কিশোরের পক্ষে অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন জামিনের আবেদন করেন। অপরদিকে, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. আরেফীন ইসলাম তাকে আটক রাখার আবেদন করেন।

শুনানিতে কিশোরের আইনজীবী জানান, দুর্ঘটনার সময় আজান গাড়িচালকের পাশের আসনে বসা ছিল। তার আবেদনে আরও উল্লেখ করা হয়, নিহত মেহেদী শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ছিলেন। হর্ন দেওয়ার পরও তিনি দ্রুত সরে যেতে না পারায় দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

আইনজীবী আলমগীর হোসেন আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, নিহতের পরিবারের সঙ্গে আপস-মীমাংসা সম্পন্ন হয়েছে। দাফন-কাফনের জন্য ১ লাখ টাকা এবং মেহেদীর বৃদ্ধ বাবা-মায়ের ভবিষ্যতের কথা বিবেচনায় আরও ৮ লাখ টাকা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

তবে মেহেদীর বড় ভাই ও মামলার বাদী মোক্তাদীর ইসলাম আপসের বিষয়টি স্বীকার করলেও কত টাকায় আপস হয়েছে, তা তিনি জানাননি। তিনি বলেন, “মামলার বিষয়ে আপস হয়েছে। কত টাকায় আপস হয়েছে জানি না। আমার মামা জানেন।”

পুলিশের তদন্তে যা উঠে এসেছে

তদন্ত কর্মকর্তা আদালতে কিশোরকে আটক রাখার আবেদনে বলেন, মামলার তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। সেখানে দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারের ডান পাশের চালকের আসনের দরজা খুলে আজান আলী শরীফকে বের হতে দেখা যায় বলে আবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

তদন্ত কর্মকর্তার দাবি, ভিডিও ফুটেজ পর্যালোচনায় দুর্ঘটনার সঙ্গে কিশোরের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মামলার তদন্ত চলমান থাকায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আটক রাখার আবেদন করা হয়।

এর আগে বুধবার কিশোরকে গুলশানের বাসা থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়িটি কে চালাচ্ছিল, সে বিষয়ে তথ্য পাওয়া যায়।

যেভাবে প্রাণ গেল মেহেদীর

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে তাকে চাপা দেয়।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

গুরুতর আহত অবস্থায় মেহেদীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সেখানে উপস্থিত লোকজন গাড়ির চালকের আসনে থাকা কিশোরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে পরিবারের এক সদস্যের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পরে ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে তাকে আবার পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মামলায় আসামি ছিলেন অন্যজন

মেহেদীর মৃত্যুর ঘটনায় তার বড় ভাই মোক্তাদীর ইসলাম ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলায় গাড়িচালক হিসেবে আকাশ মারক (৪৪) নামে একজনকে আসামি করা হয়। এজাহারে অভিযোগ করা হয়, আকাশ মারক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মেহেদীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

তবে পুলিশের তদন্তে পাওয়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে কিশোর আজান আলী শরীফের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি কিশোরের মায়ের নামে নিবন্ধিত বলেও জানিয়েছে পুলিশ।

মামলায় কিশোরের নাম না থাকায় বিষয়টি নিয়ে সমালোচনা হয়। এরপর বুধবার তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

আপসের প্রভাব তদন্তে পড়বে না: তদন্ত কর্মকর্তা

নিহত মেহেদীর পরিবারের সঙ্গে আপসের বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এসআই আরেফীন ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা নেই।”

আরও পড়ুন: চট্টগ্রামের বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ উদ্ধার অভিযান

আপসের কারণে মামলার তদন্তে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, “না, আমরা আমাদের মতো তদন্ত করে যাবো।”

আদালতের আদেশের পর কিশোর আজান আলী শরীফকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কচুয়ায় প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়াতে ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


কচুয়ায় প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়াতে ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নবনির্মিত ডিজিটাল কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী। উদ্বোধনের পর তিনি ল্যাবটি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের জন্য স্থাপিত কম্পিউটার ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।

নাজমুন নাহার বেবী মন্তব্য করেন, "বর্তমান সময়ে শিক্ষার সঙ্গে প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন আধুনিক ও কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল কম্পিউটার ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশ ও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে।

তিনি আরও যোগ করেন, শিক্ষার মানোন্নয়ন ও কারিকুলামভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে দক্ষ ও আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক, কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মো. ইউসুফ মিয়াজী, ডা. মো. আবু তাহের নয়ন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউসুফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার লিটন, সাবেক ছাত্রনেতা আওলাদ হোসেন খন্দকারসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন এই ডিজিটাল কম্পিউটার ল্যাবের মাধ্যমে কলেজের শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের আরও দক্ষতার সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান, নতুন নিয়মে আবেদন নিচ্ছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান, নতুন নিয়মে আবেদন নিচ্ছে সরকার

শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান প্রদান করবে সরকার। তবে, অনলাইন আবেদনে কাঙ্ক্ষিত সংখ্যক যোগ্য প্রার্থী না পাওয়ায় শিক্ষা মন্ত্রণালয় এবার ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখা এ বিষয়ে পুনঃবিজ্ঞপ্তি জারি করেছে।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা কমিটির যাচাই ও সুপারিশ করা আবেদন আগামী ১৫ অক্টোবর বিকেল ৪টার মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পৌঁছাতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় বিশেষ অনুদান হিসেবে বরাদ্দ অর্থ বিতরণের জন্য গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মাইগভ প্ল্যাটফর্মে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছিল। তবে নির্ধারিত প্রাপ্যতা অনুযায়ী কাঙ্ক্ষিত সংখ্যক যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। এ ছাড়া প্রত্যন্ত, দুর্গম, উপকূলীয়, চরাঞ্চল, হাওর ও অনগ্রসর এলাকার সম্ভাব্য যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করার সুযোগ সীমিত ছিল। এই কারণে যোগ্য প্রার্থীরা যাতে অনুদান থেকে বঞ্চিত না হন, তাই ম্যানুয়াল পদ্ধতিতে নতুনভাবে আবেদন গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুসারে, বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ সংগ্রহ, খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ, প্রতিষ্ঠানকে প্রতিবন্ধীবান্ধব করা এবং পাঠাগার উন্নয়নের জন্য অনুদানের আবেদন করা যাবে। বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনার কারণে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন।

এছাড়া, সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা বিশেষ অনুদানের জন্য আবেদন করতে পারবেন। দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনায় আক্রান্ত, দুস্থ, মেধাবী, এতিম, অদম্য মেধাবী ও দরিদ্র, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায় ও অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা এখানে অগ্রাধিকার পাবেন। একইসঙ্গে উপকূলীয়, চরাঞ্চল, হাওর ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদেরও অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অনুদানের জন্য আবেদন করতে হবে প্রতিষ্ঠানপ্রধান বা প্রধান শিক্ষকের মাধ্যমে নির্ধারিত ফরমে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের আবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান, প্রধান শিক্ষক বা অধ্যক্ষের মাধ্যমে পাঠাতে হবে। স্নাতক বা সমমান এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের আবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ বা রেজিস্ট্রারের মাধ্যমে করতে হবে।

প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ, প্রধান শিক্ষক বা রেজিস্ট্রার আবেদনগুলো গ্রহণ করে প্রাথমিক যাচাইয়ের পর একত্র করবেন। পরবর্তীতে সেগুলো সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। জেলা পর্যায়ের কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করে সুপারিশ করবে। সুপারিশ করা তালিকা আগামী ১৫ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বরাবর পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর পাওয়া কোনো আবেদন বিবেচনায় নেওয়া হবে না।

অনলাইনে ও ম্যানুয়াল পদ্ধতিতে একই আবেদন যাতে দুইবার সুপারিশ না হয়, সেজন্য জেলা কমিটিকে আগে অনলাইনে সুপারিশ করা তালিকার সঙ্গে ম্যানুয়াল পদ্ধতিতে পাওয়া তালিকা সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। পরে সেই তালিকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠাতে হবে।

নির্ধারিত আবেদন ফরম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা শিক্ষা অফিস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট থেকেও ফরম সংগ্রহ করা যাবে।

আবেদনের সঙ্গে যথাযথভাবে পূরণ করা ও প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরিত নির্ধারিত আবেদন ফরম, প্রত্যয়নপত্র এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সুপারিশ দিতে হবে। দুরারোগ্য, জটিল ও ব্যয়বহুল রোগের ক্ষেত্রে সরকারি হাসপাতালের নিবন্ধিত চিকিৎসকের স্বাক্ষর করা প্রত্যয়নপত্র, চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। এসব রোগের মধ্যে রয়েছে ক্যানসার, হৃদরোগ, কিডনি ব্যাধি, হেপাটাইটিস, ডায়াবেটিস মেলিটাস, পক্ষাঘাত, বক্ষব্যাধি, কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন এবং দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ঘটনা।

প্রতিবন্ধিতার ক্ষেত্রে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তার দেওয়া প্রতিবন্ধী সনদ দিতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের কপি এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে অধ্যয়নরত থাকার প্রত্যয়নপত্র দিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বীকৃতির কপি, ইআইআইএন নম্বর এবং প্রতিষ্ঠানের নামে পরিচালিত তফসিলি ব্যাংক হিসাবের বিবরণ দিতে হবে। এর মধ্যে হিসাব নম্বর, শাখা, রাউটিং নম্বর, চেক বইয়ের পাতা ও ব্যাংক স্টেটমেন্টের কপি থাকতে হবে। শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিজ নামে পরিচালিত তফসিলি ব্যাংক হিসাবের হিসাব নম্বর, শাখা, রাউটিং নম্বর ও চেক বইয়ের পাতার কপিও দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তাদের আবার ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করার প্রয়োজন নেই। একই ব্যক্তি বা প্রতিষ্ঠান অনলাইন ও ম্যানুয়াল দুই পদ্ধতিতে আবেদন করলে দুই আবেদনই বাতিল হবে।

কোনো শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারী চাকরিজীবনে সর্বোচ্চ দুইবার এ সুবিধা নিতে পারবেন। কোনো শিক্ষার্থী তার শিক্ষাজীবনে প্রতি তিন বছর পরপর আবেদন করতে পারবেন। একই সময়ে অন্য কোনো সরকারি অনুদান পাওয়া গেলে সংশ্লিষ্ট আবেদনকারী এ অনুদানের জন্য যোগ্য হবেন না। তবে, শিক্ষার্থীদের ক্ষেত্রে সরকার দেওয়া সাধারণ উপবৃত্তি ও মেধাবৃত্তি এ শর্তের আওতামুক্ত থাকবে।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বা অন্য কোনো সংস্থার মাধ্যমে নির্মাণ, সংস্কার বা রক্ষণাবেক্ষণের কাজ চলছে অথবা ওই অর্থবছরে এমন প্রকল্প শেষ হয়েছে, সেসব প্রতিষ্ঠানের আবেদন বিবেচনা করা হবে না।

অনলাইন ও ম্যানুয়াল উভয় পদ্ধতিতে আবেদন করা শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে অনুদানের অর্থ প্রদান করা হবে। অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র না থাকলে তাদের বাবা বা মায়ের সঙ্গে যৌথ নামে এবং প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের নিজ নামে তফসিলি ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক।

অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ভুল তথ্যযুক্ত বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আবেদন সরাসরি বাতিল করা হবে। আবেদন বা সুপারিশকে অনুদান পাওয়ার অধিকার হিসেবে বিবেচনা করা হবে না। এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ম্যানুয়াল পদ্ধতিতে পাওয়া আবেদনগুলোও অনলাইন আবেদনের মতো একই যোগ্যতা, শর্ত ও অগ্রাধিকার অনুসরণ করে জেলা পর্যায়ের কমিটি যাচাই-বাছাই করবে। বিজ্ঞপ্তিতে দেওয়া শর্ত ভঙ্গ হলে বা অসৎ উপায় অবলম্বন করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আবেদনকারীদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে নির্দেশনা দেওয়ার জন্য জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে। একইভাবে স্নাতক ও তদূর্ধ্ব বা সমমান পর্যায়ের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও রেজিস্ট্রারদের আবেদনকারীদের সহযোগিতা করতে বলা হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটসহ অন্যান্য মাধ্যমে বিশেষ অনুদানসংক্রান্ত পুনঃবিজ্ঞপ্তিটি ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করতে বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে বিভিন্ন জেলায় বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


ঢাকা থেকে বিভিন্ন জেলায় বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর, মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস এবং মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্তটি পরিবহন মালিকদের সঙ্গে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যৌথ বৈঠকের পর সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারির মাধ্যমে গৃহীত হয়েছে।

প্রজ্ঞাপন জারির পর, বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের ফলে বিভিন্ন রুটের ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এই তালিকা প্রকাশ করে।

নতুন করে পুনর্নির্ধারিত ভাড়ার ভিত্তিতে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সার পরিবর্তে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা এবং ঢাকা-চট্টগ্রাম মহানগরের মিনিবাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।

তবে, কিলোমিটারপ্রতি ভাড়া বৃদ্ধির পরও ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় চলাচলকারী বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে। আগের মতোই, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা বহাল থাকবে।

দূরপাল্লায় সব রুটের নতুন নির্ধারিত বাসভাড়া দেখতে ক্লিক করুন এখানে।

এদিকে, বৃহস্পতিবার ঢাকা বিভাগের আওতাধীন রুট ৫১ ও ৪০ আসন বিশিষ্ট বাসের পুনঃনির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়। দেখতে ক্লিক করুন এখানে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর রহমান

এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সেকেন্ড টাইমিং করে সেরা ২৪ এর মধ্যে ২২তম হয়ে সেমিফাইনালে প্রবেশ করেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।

১০০ মিটার স্প্রিন্টের জন্য মোট ছয়টি হিট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ছিলেন পঞ্চম হিটে, যেখানে অংশগ্রহণ করেছিলেন মোট সাত জন দৌড়বিদ।

দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব হিসেবে পরিচিত মালদ্বীপের হাসান সাঈদও ছিলেন একই পঞ্চম হিটে। এই হিটে ইমরান ছিলেন পাঁচ নম্বর লেনে। প্রতি হিটের প্রথম তিন জন সেমিফাইনালে উন্নীত হয়েছেন। এছাড়া, ছয়টি হিটের শীর্ষ ছয় টাইমিংধারীও সেমিফাইনালের টিকিট পেয়েছেন।

বাংলাদেশের দ্রুততম মানব ইমরান ১০.৪৯ সেকেন্ড টাইমিং করে তার হিটে ছয় জনের মধ্যে চতুর্থ অবস্থান অর্জন করেছেন। এই হিটে তৃতীয় স্থানে থাকা তাইপের অ্যাথলেট ১০.৩৮ সেকেন্ড টাইমিং করেছেন।

ইমরানের ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড, এবং মৌসুমের সেরা টাইমিং ১০.২৪ সেকেন্ড। তবে, তিনি এই টাইমিংগুলোর কোনোটিই করতে পারেননি।

যদিও ইমরান তার সেরা টাইমিং করতে পারেননি, তবুও তিনি এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠতে সক্ষম হয়েছেন। প্রতি হিটের সেরা তিনের বাইরের ছয় জন সেরা টাইমিংধারীদের মধ্যে ইমরান রয়েছেন। ১০.২২ সেকেন্ডে তার অবস্থান ২২ তম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%