বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:২১ পি.এম
বাংলাদেশে মেটার একটি অফিস খোলার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রতিষ্ঠানটিকে আমন্ত্রণ জানিয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠককালে তিনি এই প্রস্তাবটি উত্থাপন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৈঠকের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরেন। তিনি আলোচনা করেন কিভাবে মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ও প্রযুক্তি বাংলাদেশের ব্যবসা, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) ও দেশের ই-কমার্স খাতকে সহায়তা করতে পারে।
শামা ওবায়েদ অনলাইনে হয়রানি ও ডিজিটাল নির্যাতন প্রতিরোধে মেটার প্রতি আরও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও জোয়েল কাপলানের সঙ্গে আলোচনা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশের সিদ্ধান্তে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়টি স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
তিনি একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান এবং মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্য উভয় পক্ষকে অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, "বিশ্বের সেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তির জন্য বোয়িং ও বিমানকে অভিনন্দন।"
কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নিউইয়র্কে বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, যা বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিট।
মার্কিন রাষ্ট্রদূত এ ঘটনাকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য একটি নতুন উভয়পক্ষের জয় হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, "জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সঙ্গে একই সময়ে অনুষ্ঠেয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি অপেক্ষায় রয়েছেন।"
বিমান কর্মকর্তাদের মতে, গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে স্বাক্ষরিত ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির আওতায় ১৪টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার অতিরিক্ত নতুন ১১টি উড়োজাহাজ কেনা হবে। এর ফলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়াবে ২৫টিতে।
তবে অতিরিক্ত ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়নের শর্ত এবং সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে, বিমান আরও ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার পৃথক একটি প্রস্তাবও বিবেচনা করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকাসহ দেশের ১৫টি জেলায় সকাল ৯টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এর পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ক্যাম্পাস জীবনের শুরুতে একই ছাদের নিচে এক কক্ষে পড়াশোনা করতেন তিনজন বন্ধু। তারা নিয়মিত গ্রুপ স্টাডি করতেন। ১৬তম বিজেএস পরীক্ষায় একজন সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও, দুই বন্ধু দুইবার ব্যর্থ হলেও তারা চেষ্টা চালিয়ে যান। বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী ও সাদ্দাম হোসেন হলের একই কক্ষের তিন বন্ধু সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
তাদের মধ্যে রয়েছেন— ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত আরিফ হোসাইন এবং সর্বশেষ প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত মো. আনোয়ার হোসেন ও শাকির আলম। সাদ্দাম হোসেন হলের ৪২২ নম্বর কক্ষে এই তিন সহপাঠীর স্বপ্ন ও সংগ্রামের পথচলা একসূত্রে বাঁধা পড়েছিল।
১৬তম বিজেএস পরীক্ষায় আরিফ হোসাইন প্রথম জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে বাকি দুই বন্ধুর জন্য অনুপ্রেরণার দুয়ার খুলে দেন। তিনি বলেন, "আলহামদুলিল্লাহ, মহান রবের প্রতি কৃতজ্ঞতা, যিনি আমাদের তিন বন্ধুকে এমন সম্মান দিয়েছেন। সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা।"
সর্বশেষ প্রকাশিত ১৮তম বিজেএস-এ সুপারিশপ্রাপ্ত শাকির আলম বলেন, "প্রথমেই মহান আল্লাহ তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞতা, যিনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন। টানা দুইবার ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়িনি। তৃতীয়বারের চেষ্টায় উত্তীর্ণ হয়েছি। কুরআনের সেই আয়াত মনে পড়ে যায় যে, শিগগিরই তোমার রব তোমাকে এত বেশি দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই আমার ইচ্ছে ছিল যে একদিন বিচারক হয়ে দেশ ও দেশের মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। পরিবার ও সমাজের এ ব্যাপারে উৎসাহিত করতে অবদান আছে। পাশাপাশি উৎসাহিত হয়েছি বিশ্ববিদ্যালয়ের বড় ভাই-আপুদের সুপারিশপ্রাপ্ত হতে দেখে। আমার সবচেয়ে বড় ভালো লাগা, সাদ্দাম হোসেন হলের ৪২২ নম্বর কক্ষ থেকে আমরা তিনজনই জজ হয়েছি।"
তারা জানান, ক্যাম্পাস জীবনে সাদ্দাম হোসেন হলের ৪২২ নম্বর কক্ষটি তাদের পড়াশোনা ও একে অপরকে সহযোগিতা করার মূল কেন্দ্র ছিল। গভীর রাতের দীর্ঘ পড়াশোনা, গ্রুপ ডিসকাশন এবং লক্ষ্যপূরণের অদম্য ইচ্ছা তাদের এই যৌথ সাফল্যের পেছনের মূল শক্তি হিসেবে কাজ করেছে।
আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হালিমা খাতুন বলেন, "আমাদের বিভাগ প্রতিবছরই জুডিশিয়ারিতে ভালো করে থাকে। এবার আরও ভালো করেছে। এই ধারা অব্যাহত থাকবে, আশা করি। যারা জুডিশিয়ারিকে প্রফেশন হিসেবে নিতে চান, তাদের গাইডলাইন দেওয়া থেকে শুরু করে তাদের বেজলাইন দৃঢ় করতে আমরা কাজ করব। জুডিশিয়ারি একটি মহৎ পেশা। আমাদের বিভাগের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অন্যদিকে তিন রুমমেট বন্ধু জজ হওয়ার গৌরব অর্জন করেছে। তারা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। তারা আমাদের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।"
উল্লেখ্য, বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১৮তম জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) চূড়ান্ত ফল প্রকাশিত হয়। ফলাফল অনুযায়ী, সর্বশেষ তথ্য অনুসারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৪ জন, আইন ও ভূমি প্রশাসন বিভাগ থেকে ৪ জন এবং আল-ফিকহ অ্যান্ড ল’ থেকে ১ জন সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা ছিনতাইয়ের অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। ছিনতাই হওয়া মুরগির বিষ্ঠার আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা বলে জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকা থেকে ভয় দেখিয়ে মুরগির বিষ্ঠা ছিনতাই করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড়ের ৭নং ওয়ার্ডের আরাফাত হোটেলের পাশে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন করেরহাট ইউনিয়নের ভালুকিয়া এলাকার মামতো ভূঁইয়া বাড়ির মজল হক (৩০) এবং বরইয়া দিঘী এলাকার বদি মিস্ত্রি বাড়ির মো. শাকিল (২৪)।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, "করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকা থেকে ভয় দেখিয়ে ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করি।" তিনি আরও জানান, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।" গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩৮৪/৩৮৭/৩৪ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ