ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া


বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা করেছে। বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, শিক্ষা এবং যাতায়াতের সুযোগ সম্প্রসারণেও অংশীদারত্ব বৃদ্ধির বিষয়টি আলোচনায় এসেছে।

রোববার (২২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

বৈঠকে দুই কূটনীতিক দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর আবের কাওয়াস নির্বাচিত

দক্ষতা উন্নয়ন, শিক্ষা এবং যাতায়াতের ক্ষেত্রে সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে আসে। দ্বিপক্ষীয় সম্পর্কের মানবসম্পদ উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের ক্রমবর্ধমান গুরুত্ব এতে প্রতিফলিত হয়েছে।

আলোচনায় রোহিঙ্গা সংকটের বিষয়টিও স্থান পেয়েছে। দীর্ঘদিনের এই মানবিক সংকট সমাধানে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রেখেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে দোয়া মাহফিলে হামলা-ভাঙচুর, আ.লীগ নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫১ এম


মানিকগঞ্জে দোয়া মাহফিলে হামলা-ভাঙচুর, আ.লীগ নেতা আটক

মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদকে পুলিশ আটক করেছে।

হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, রোববার (২২ নভেম্বর) বিকেল চারটার দিকে চালা ইউনিয়নের লাউতা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি চালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও।

এর আগে, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করলে আব্দুল মজিদ চেয়ারম্যান দীর্ঘদিন কারাগারে ছিলেন।

হরিরামপুর থানার মামলা নথির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় কাজী আব্দুল মজিদসহ হরিরামপুরের পাঁচ ইউপি চেয়ারম্যান আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আফরোজা খানম রিতার বয়ড়া ইউনিয়নের বয়ড়া গ্রামের বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে মামলাটি করা হয়।

২০২৪ সালের ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল বাদী হয়ে মামলাটি করেন। মামলায় মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

এই বিষয়ে হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদকে আটক করে সদর থানায় পাঠানো হয়েছে। তাকে মানিকগঞ্জ সদরের একটি মামলায় আদালতে পাঠানো হবে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, হরিরামপুর থানা থেকে এক ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তাকে সোমবার (২৩ নভেম্বর) সকালে সদর থানার একটি রাজনৈতিক মামলায় আদালতে পাঠানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে শীর্ষ সন্ত্রাসীরা, দেশে তাদের নামে চাঁদাবাজির তাণ্ডব বন্ধ হয় না কেন?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ এম


বিদেশে শীর্ষ সন্ত্রাসীরা, দেশে তাদের নামে চাঁদাবাজির তাণ্ডব বন্ধ হয় না কেন?

বিদেশি নম্বর থেকে চাঁদা দাবি করা হচ্ছে, এবং চাঁদা না দিলে গুলি, হামলা-ভাঙচুর এমনকি আগুন লাগানোর মতো ঘটনা ঘটছে। জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেমন ফার্মেসি ও কুরিয়ার সার্ভিসও এই হামলার শিকার হচ্ছে। রাজধানীতে এক মাসের মধ্যে অন্তত ৩০টি হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসীদের নাম উঠে এসেছে, যার মধ্যে রয়েছে জিসান, ইমন, কিলার বাদল, মোশাররফ। পুলিশ বলছে, এই শীর্ষ সন্ত্রাসীরা বিদেশে অবস্থান করছে। তবে তাদের দুই শতাধিক সহযোগীকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১১ নভেম্বর রাত ৯টা ৮ মিনিটে রাজধানীর হাতিঝিলের ওয়াপদা রোডের স্পিড টাচ ইন্টারনেট অফিসে প্রবেশ করে মুখোশধারী চার যুবক। ভেতরে ঢুকেই একজন বিদেশি পিস্তল বের করে গুলি চালাতে শুরু করে। এই গুলিতে দুই জন আহত হন।

পালানোর সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। হামলার আগে ফোন করে চাঁদা চাওয়া হয়েছিল, যা না দেওয়ার কারণে এই হামলা সংঘটিত হয়।

প্রতিষ্ঠানটির ম্যানেজার জানিয়েছেন, গত জুন মাস থেকে হাতিরঝিলে তিন সন্ত্রাসী টোকাই সুজন, মোল্লা জনি, গুজা বাদশা এবং সর্বশেষ স্বেচ্ছাসেবক দল নেতা এবায়দুল বেপারীর নামে এককালীন ১০ লাখ টাকা ও মাসিক এক লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছিল।

অভিযুক্ত গুজা বাদশার খোঁজে হাতিরঝিলে উলন রোডে যায় সময় সংবাদ। বাদশার বাসার একাধিক ঠিকানায় গিয়ে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় নিয়মিত দেখা গেলেও তার বাসার সঠিক অবস্থান কেউ জানে না।

গোয়েন্দারা জানাচ্ছেন, শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ জামিনে এসে চাঁদাবাজি শুরু করেছিলেন। অপর এক শীর্ষ সন্ত্রাসী জিসান গুজা বাদশা ও মোল্লা জনিকে ব্যবহার করে পলাশকে হত্যা করে এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেন। এই কারণেই পলাশ হত্যা মামলায় বাদশা দ্বিতীয় নম্বর আসামি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে ৭ ম্যারাথন সম্পন্ন করলেন ডিয়েড্রা কিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ এম


৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে ৭ ম্যারাথন সম্পন্ন করলেন ডিয়েড্রা কিন

যুক্তরাষ্ট্রের ৩৮ বছর বয়সী ডিয়েড্রা কিন একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন, যা প্রমাণ করে যে নারী চাইলে প্রতিকূলতাকে জয় করে কতদূর এগিয়ে যেতে পারেন। পেশায় নার্স প্র্যাকটিশনার, তিনি দূরপাল্লার দৌড়ের প্রতি আসক্ত। গর্ভাবস্থার ৩৪ সপ্তাহে, অর্থাৎ আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় নিউ ইয়র্ক সিটি ম্যারাথন সম্পন্ন করে তিনি আলোচনায় এসেছেন। শুধু তাই নয়, এক বছরে বিশ্বের সাতটি প্রধান ম্যারাথন শেষ করার বিরল কৃতিত্বও অর্জন করেছেন এই অ্যাথলেট।

ডিয়েড্রার জন্য চলতি মাসে অনুষ্ঠিত নিউ ইয়র্ক সিটি ম্যারাথন ছিল বিশেষ একটি প্রতিযোগিতা। কারণ, এটি ছিল একই বছরে ওয়ার্ল্ড ম্যারাথন মেজর্সের সাতটি ম্যারাথন সম্পন্ন করার শেষ ধাপ। ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি ৪ ঘণ্টা ৬ মিনিট ৫৫ সেকেন্ডে দৌড় শেষ করেন। প্রতি মাইল অতিক্রম করতে তার গড়ে সময় লাগে ৯ মিনিট ২৬ সেকেন্ড। অথচ ২০২৫ সালে একই ম্যারাথন তিনি শেষ করেছিলেন তিন ঘণ্টার কিছু বেশি সময়ে।

ওয়ার্ল্ড ম্যারাথন মেজর্সের সাতটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় টোকিও, বোস্টন, লন্ডন, সিডনি, বার্লিন, শিকাগো ও নিউ ইয়র্কে। ডিয়েড্রা কয়েকটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় জানতেনই না যে তিনি অন্তঃসত্ত্বা।

গর্ভাবস্থায়ও থামেনি দৌড়

ডিয়েড্রা কিনের পরিকল্পনা ছিল ২০২৬ সালকে নিজের অপূর্ণ স্বপ্ন পূরণের বছর হিসেবে গড়ে তোলা। গত বছর বিয়ের পর স্বামী ব্রায়ানের সঙ্গে পরিবার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি। সন্তান নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে ভেবে এর মধ্যবর্তী সময়ে ১১টি প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্য ঠিক করেন।

গত মার্চে টোকিও ম্যারাথনের মধ্য দিয়ে শুরু হয় তার অভিযান। এরপর বোস্টন ও লন্ডন ম্যারাথনে অংশ নেওয়ার সময় নিজের দৌড়ের গতি কমে যাওয়া এবং শরীরে পরিবর্তন অনুভব করেন তিনি। পরবর্তীতে গর্ভধারণ পরীক্ষা করে জানতে পারেন, মা হতে চলেছেন।

খবরটি পাওয়ার পরও ডিয়েড্রা নিজের সব পরিকল্পনা বাতিল করেননি। তবে অনাগত সন্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিযোগিতার ধরন ও গতি নিয়ে নতুন করে ভাবেন। আয়রনম্যান ও দ্বিতীয় আলট্রাম্যারাথনে অংশ নেওয়ার পরিকল্পনা বাদ দেন। পাশাপাশি স্বামীকে আশ্বস্ত করেন, পরবর্তী ম্যারাথনগুলোতে দ্রুত সময়ের লক্ষ্য না রেখে প্রয়োজনে হাঁটবেন।

চিকিৎসকের অনুমতি নিয়েই পরবর্তী প্রতিযোগিতাগুলোতে অংশ নেন তিনি। চিকিৎসক তাকে পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর খাবার গ্রহণ এবং পেশিতে টান লাগার প্রাথমিক লক্ষণ দেখা দিলে ব্যায়াম বন্ধ করার পরামর্শ দেন।

একেকটি ম্যারাথন ছিল একেকটি চ্যালেঞ্জ

গর্ভাবস্থার ২৫ সপ্তাহে অস্ট্রেলিয়ার সিডনি ম্যারাথনে অংশ নেন ডিয়েড্রা। এরপর ২৯ সপ্তাহে বার্লিন এবং ৩১ সপ্তাহে শিকাগো ম্যারাথন শেষ করেন। শিকাগোতে তার সময় ছিল চার ঘণ্টার কিছু কম। সবশেষে ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় নিউ ইয়র্ক ম্যারাথনের ফিনিশিং লাইন অতিক্রম করেন।

নিউ ইয়র্ক ম্যারাথন নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিলেন তিনি। তখন গর্ভাবস্থার প্রভাব শরীরে স্পষ্ট হয়ে উঠেছিল। তবে পুরো দৌড়পথে বন্ধুদের উপস্থিতি এবং স্বামী ব্রায়ানের সহযোগিতা তাকে সাহস জুগিয়েছে। ব্রায়ান দৌড়পথের বিভিন্ন স্থানে পানি নিয়ে অপেক্ষা করছিলেন, যাতে ডিয়েড্রা পানিশূন্যতায় না ভোগেন।

ম্যারাথনের ১৬তম মাইলের কাছাকাছি ওয়েইল কর্নেল হাসপাতালের পাশ দিয়ে যাওয়ার সময় মজার কিছু মন্তব্যও শুনতে হয় তাকে। ওই হাসপাতালেই তার সন্তান জন্ম দেওয়ার কথা। তাই বন্ধুরা মজা করে বলছিলেন, চাইলে ম্যারাথন থামিয়ে সেখানেই সন্তান জন্ম দিয়ে আবার দৌড়ে ফিরতে পারেন!

বাবার কাছ থেকেই দৌড়ের অনুপ্রেরণা

ডিয়েড্রার দৌড়ের প্রতি ভালোবাসার পেছনে রয়েছে তার বাবা জন কিনের অনুপ্রেরণা। আইরিশ অভিবাসী জন আশি ও নব্বইয়ের দশকে নিয়মিত ম্যারাথনে অংশ নিতেন। ডিয়েড্রার বয়স যখন মাত্র ১৩ বছর, তখন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

অসুস্থতার মধ্যেও দৌড়ানো বন্ধ করেননি জন। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণের ঠিক এক দিন আগে তিনি নিউ ইয়র্ক সিটি ম্যারাথন সম্পন্ন করেছিলেন। সেটিই ছিল তার জীবনের শেষ ম্যারাথন।

বাবার মৃত্যুর কয়েক বছর পর কলেজে পড়ার সময় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম ম্যারাথনে অংশ নেন ডিয়েড্রা। সেখান থেকেই দৌড় তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।

কোভিড-১৯ মহামারির সময় নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারে নার্স প্র্যাকটিশনার হিসেবে কাজ করতেন তিনি। সেই কঠিন সময়ে মানসিক চাপ ও আবেগগত ক্লান্তি সামলাতে দৌড় তাকে সাহায্য করেছে। একাকিত্ব কাটাতে এবং নতুন লক্ষ্য খুঁজে পেতে ২০২৩ সালে অংশ নেন ওয়ার্ল্ড ম্যারাথন চ্যালেঞ্জে। এই প্রতিযোগিতায় মাত্র সাত দিনে সাতটি মহাদেশে সাতটি ম্যারাথন দৌড়াতে হয়। সেবার অংশগ্রহণকারী নারীদের মধ্যে দ্রুততম সময়ের কৃতিত্বও অর্জন করেন তিনি।

ছেলেকে শেখাতে চান হার না মানার শিক্ষা। চিকিৎসকের অনুমতি নিয়ে গর্ভাবস্থায় দৌড়ালেও ডিয়েড্রার অভিজ্ঞতাকে সবার জন্য অনুসরণীয় নিয়ম হিসেবে দেখার সুযোগ নেই। বিশেষজ্ঞদের মতে, সুস্থ ও স্বাভাবিক গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়াম সাধারণত উপকারী। তবে উচ্চমাত্রার ও দীর্ঘ সময়ের ব্যায়াম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যক্তির শারীরিক অবস্থা এবং চিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গর্ভাবস্থায় তীব্র ব্যায়ামের প্রভাব নিয়ে গবেষণা এখনো সীমিত।

এদিকে সাতটি প্রধান ম্যারাথনের চ্যালেঞ্জ শেষ করে আপাতত বিশ্রাম ও মাতৃত্বের প্রস্তুতিতে মনোযোগ দিতে চান ডিয়েড্রা। তিনি জানতে পেরেছেন, তার ঘরে আসছে পুত্রসন্তান। বাবার কাছ থেকে পাওয়া দৃঢ়তা ও অধ্যবসায়ের শিক্ষা এবার নিজের সন্তানের মধ্যেও ছড়িয়ে দিতে চান।

ডিয়েড্রার ভাষায়, "জীবনে কিছু চ্যালেঞ্জ মানুষ নিজেই বেছে নেয়, যেমন ম্যারাথন। আবার কিছু চ্যালেঞ্জ আসে মানুষের নিয়ন্ত্রণের বাইরে। কঠিন পরিস্থিতিতে বিশ্বাস ও দৃঢ়তা নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছেলেকেও সেই শিক্ষাই দিতে চান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ এম


ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : উত্তর কোরিয়া বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার চেষ্টা করছে। এ কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।

কিমের এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তাবে সাড়া না দেওয়ার কয়েক দিন পর এসেছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

নতুন নিয়োগ পাওয়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণের অনুষ্ঠানে কিম এসব কথা বলেন। অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন। সাধারণত রাষ্ট্রপ্রধানের পরিবর্তে সরকারের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা এই দায়িত্ব পালন করে, তবে এবার কিম নিজেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিম বলেছেন, ‘স্বাধীনতা, শান্তি ও বন্ধুত্বের আদর্শকে ধারণ করে জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার নীতিতে অটল থেকে বিদেশি সম্পর্ক সম্প্রসারণ ও উন্নয়ন করাই পিয়ংইয়ংয়ের কূটনৈতিক লক্ষ্য।’

গত সপ্তাহে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে অংশগ্রহণের সময় ট্রাম্প কিমের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছিলেন। তবে তার সেই প্রচেষ্টা সফল হয়নি।

বৃহস্পতিবার এশিয়া সফর শেষে দেশে ফেরেন ট্রাম্প। চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হলেও কিমের সঙ্গে তার দেখা হয়নি। এর আগে ট্রাম্প কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছিলেন।

রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে কিম বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অস্থিরতা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা প্রত্যক্ষ করছে বিশ্ব।’

তিনি আরও বলেন, ‘বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পর্কে আমাদের উপলব্ধিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে।’

কিম বলেন, ‘উত্তর কোরিয়া আধিপত্য বিস্তার কিংবা ভূখণ্ড সম্প্রসারণের নীতি অনুসরণ করে না।’

এ সময় কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, আনুষ্ঠানিক পোশাক ও টাই পরা কিম রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করছেন। তার পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই।

অনুষ্ঠানে কিমের বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রত্যেক কূটনীতিকের সঙ্গে আলাদাভাবে ছবি তোলার দৃশ্যও কেসিএনএ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের প্রস্তাবে সাড়া না দিলেও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের স্বাগত জানাতে কিমের সরাসরি উপস্থিতিকে উত্তর কোরিয়ার কূটনৈতিক কৌশলে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে বিশ্লেষকেরা দেখছেন।

কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক লিম উল-চুল এএফপিকে বলেন, ‘ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগে বিচলিত না হয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের স্বাগত জানানোর মধ্য দিয়ে উত্তর কোরিয়া এমন এক কূটনৈতিক অবস্থানের ইঙ্গিত দিয়েছে, যাকে বহুমেরুকেন্দ্রিক ও সার্বভৌমত্বভিত্তিক কূটনীতি বলা যেতে পারে।’

তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে কিমের আগ্রহ প্রকাশ পেয়েছে যে, তিনি একটি সার্বভৌম রাষ্ট্রের প্রধান হিসেবে পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থাকে সক্রিয়ভাবে প্রভাবিত করতে চান।

ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে কিম ও তার মধ্যে কয়েক দফা শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে এসব বৈঠক থেকে কার্যকর কোনো চুক্তি হয়নি।

জাতিসংঘের কয়েক বছরের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে। দেশটি আইন করে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা প্রতিষ্ঠা করেছে এবং পারমাণবিক অস্ত্রভান্ডারকে স্থায়ী ও অপরিবর্তনীয় বলে ঘোষণা করেছে।

এ ছাড়া ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে সহায়তার জন্য সেনা পাঠানোর মাধ্যমে মস্কোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে পিয়ংইয়ং।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%