বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:১৪ পি.এম
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসে ছোট ভাইয়ের মৃত্যুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দেশে মারা গেছেন বড় ভাইও। দুই ভাইয়ের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের মীর আহমদ সওদাগর বাড়িতে ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মীর আহমদ সওদাগরের ছোট ছেলে মোহাম্মদ খোরশদুল আলম (৩৫) মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৫টার দিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মোসাফফা এলাকায় হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মরদেহ এখনও দেশে পৌঁছায়নি। ছোট ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই, ঠিক একদিন পর বুধবার সকাল ৫টায় মারা যান বড় ভাই মোহাম্মদ নুরুল আলম।
নিহতদের ভাতিজা রাশেদ বলেন, "ছোট চাচা প্রবাসে স্ট্রোক করে মারা গেছেন। সেই শোক কাটতে না কাটতেই তার পরদিনই আবার বড় চাচাও একই সময়ে আমাদের ছেড়ে চলে গেলেন। পরপর দুই অভিভাবককে হারিয়ে আমাদের পরিবার আজ দিশেহারা। এই চরম বেদনা আমাদের পরিবার কীভাবে মেনে নেবে, তা আমাদের জানা নেই।"
২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের আকস্মিক মৃত্যুর খবর শোনার পর ফটিকছড়ি পৌরসভা ও আশেপাশের এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। শোকসন্তপ্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা তাদের বাড়িতে ভিড় করছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বজনীন পেনশন ব্যবস্থায় মানুষের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে সরকার একাধিক নতুন সুবিধা যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে পেনশনভোগীর মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন প্রদান, স্বাস্থ্যবিমার আওতায় আনা এবং নির্দিষ্ট শর্তে পেনশনের বয়স কমানোর প্রস্তাব।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
এ সভায় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থমন্ত্রী পদাধিকারবলে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সুরাতুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, জনসাধারণের আগ্রহ বৃদ্ধি করতে বেশ কিছু সংস্কার প্রস্তাব পর্ষদ সভায় উপস্থাপন করা হবে। এর মধ্যে পেনশনারের মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার প্রস্তাবও অন্তর্ভুক্ত রয়েছে। পর্ষদের অনুমোদন এবং প্রয়োজনীয় বিধিমালা সংশোধন করা গেলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে এসব সুবিধা কার্যকর করা সম্ভব হতে পারে।
বর্তমান নিয়ম অনুযায়ী, সর্বজনীন পেনশন স্কিমের একজন গ্রাহক ৬০ বছর বয়সে মাসিক পেনশন গ্রহণ শুরু করেন। পেনশন চলাকালে যদি তার মৃত্যু ঘটে, তবে নমিনি ওই গ্রাহকের ৭৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত সমপরিমাণ মাসিক পেনশন পেয়ে থাকেন।
তবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পেনশনভোগীর মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রী আজীবন পেনশন পাওয়ার সুযোগ রয়েছে। এই ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বজনীন পেনশন স্কিমেও নমিনির পরিবর্তে পেনশনারের স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া পেনশন পাওয়ার বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫৫ বছর করার প্রস্তাবও পরিচালনা পর্ষদের সভায় আলোচনায় আসতে পারে।
এদিকে, চালুর তিন বছর পেরিয়ে গেলেও সর্বজনীন পেনশনের চারটি স্কিমে প্রত্যাশিত সাড়া মেলেনি। এখন পর্যন্ত এসব স্কিমে ৩ লাখ ৭৯ হাজার ৯২০ জন নিবন্ধিত হয়েছেন। তাদের জমা করা অর্থের পরিমাণ ২৮৮ কোটি ৫২ লাখ টাকা।
দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের জন্য চালু করা ‘সমতা’ স্কিমে বর্তমানে ২ লাখ ৮৭ হাজার ২২৪ জন যুক্ত হয়েছেন। এই স্কিমে তাদের জমা করা অর্থের পরিমাণ ৫৬ কোটি ৮৫ লাখ টাকা।
প্রবাসীদের জন্য চালু করা ‘প্রবাস’ স্কিমে অংশগ্রহণের হার সবচেয়ে কম। এ পর্যন্ত ১ হাজার ১৭১ জন প্রবাসী এই স্কিমে নিবন্ধিত হয়েছেন, যাদের মধ্যে নারী ৯৭ জন। এই স্কিমে মোট জমা হয়েছে ১১ কোটি ৮৭ লাখ টাকা।
বিশেষ প্রয়োজনে সর্বজনীন পেনশনের গ্রাহকের জমা অর্থের একটি অংশ ঋণ হিসেবে নেওয়ার সুযোগ আইনে রাখা হয়েছে। ওই ঋণের সুদও গ্রাহকের হিসাবেই জমা হওয়ার কথা। তবে এখনও এই সুবিধা চালু হয়নি। নতুন সংস্কারের অংশ হিসেবে ঋণ সুবিধা কার্যকর করার পরিকল্পনা করছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
অন্যদিকে, অন্তত পাঁচ বছর চাঁদা দেওয়ার পর শারীরিক বা আর্থিক অক্ষমতার কারণে কেউ পেনশন ব্যবস্থা থেকে বের হতে চাইলে বিশেষ বিবেচনায় তার পুরো জমা অর্থ তুলে নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব রয়েছে। বর্তমানে এ ধরনের এক্সিট সুবিধা নেই।
সর্বজনীন পেনশন ব্যবস্থায় বিমা সুবিধা যুক্ত করার সিদ্ধান্ত আগেই নেওয়া হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। পেনশনারদের জন্য স্বাস্থ্যবিমা চালুর বিষয়ে একটি খসড়া পরিকল্পনা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সুরাতুজ্জামান জানান, স্বাস্থ্যবিমার সুবিধা দিতে গ্রাহকদের কাছ থেকে মাসে প্রায় ১০ থেকে ২০ টাকা নামমাত্র প্রিমিয়াম নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এছাড়া সম্ভাব্য গ্রাহকদের কাছে সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও গ্রহণযোগ্য করতে শরিয়াহভিত্তিক একটি সংস্করণ চালুর বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
পর্ষদ সভায় এসব প্রস্তাব অনুমোদন পেলে প্রয়োজনীয় বিধিমালা সংশোধন ও অন্যান্য প্রক্রিয়া শেষে দ্রুত নতুন সুবিধাগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে চিহ্নিত করে, প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপাচার্য এ এস এম মাকসুদ কামাল এবং অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে।
এই অভিযোগ (ফরমাল চার্জ) বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কার্যালয়ে দাখিল করা হয়।
অন্য ছয় আসামির মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শায়ান এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
বর্তমানে আসামিদের মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিক, এ কে এম জামাল উদ্দিন ও তানভীর হাসান সৈকত কারাগারে অবস্থান করছেন।
আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের জানান, জুলাই মাসের গণঅভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীদের ওপর ‘ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের হামলার ঘটনায়’ উসকানি, ষড়যন্ত্র এবং সহযোগিতার অভিযোগে এই অভিযোগ দাখিল করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ১৪ জুলাই শেখ হাসিনা আন্দোলনকারীদের 'রাজাকারের নাতি-পুতি' বা 'রাজাকারের বাচ্চা' বলার পর আসামিরা এই বক্তব্যকে কাজে লাগিয়ে তাদের অধীনস্থদের মাধ্যমে আন্দোলনকারীদের ওপর নির্যাতন চালান এবং শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে ছাত্রদের হত্যা ও নির্যাতনের ষড়যন্ত্র করেন।
কয়েকজন আসামি এখনও ‘পলাতক’ থাকায় প্রথমে তাদের নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করা হলেও পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক উপাচার্য মাকসুদ কামাল, ছাত্রলীগ নেতা সাদ্দাম ও ইনানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দাখিলের তথ্য দেন প্রসিকিউটর তামীম।
এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯১ জনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করার আবেদন করা হয়। লিখিত অভিযোগে অজ্ঞাতনামা আরও ৮০০ থেকে ১ হাজার জনকে আসামি করার আবেদন করা হয়েছিল।
কোটা সংস্কার আন্দোলনের সময় ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করা হয়।
ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ রাজু ভাস্কর্যের পাদদেশে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এরপর সারাদেশে কোটা সংস্কার আন্দোলন তীব্রতা লাভ করে। বিভিন্ন স্থানে সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটে। ব্যাপক প্রাণহানির মধ্য দিয়ে চলা আন্দোলন একপর্যায়ে সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করতে আগ্রহী ব্যক্তিরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।
পদের নাম: সাব–ব্রাঞ্চ ইনচার্জ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি
অন্যন্য যোগ্যতার মধ্যে উল্লেখযোগ্য হলো, কোর ব্যাংকিং সিস্টেম, এএমএল/কেওয়াইসি নিয়মাবলি এবং বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি সম্পর্কে ভালো ধারণা থাকা আবশ্যক। লক্ষ্যমাত্রা অর্জন, ঋণের ঝুঁকি মূল্যায়ন এবং নেতৃত্বদানে দক্ষতা থাকা প্রয়োজন।
অভিজ্ঞতার জন্য, ব্যাংকিং খাতে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৪ থেকে ৪৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নিউইয়র্ক সিটিতে শীত মৌসুমে জরুরি তুষার অপসারণ কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মীদের জন্য নগর কর্তৃপক্ষ ঘণ্টায় ৩০ ডলার পারিশ্রমিক নির্ধারণ করেছে। নতুন কাঠামো অনুযায়ী, প্রথম ৪০ ঘণ্টা কাজের পর প্রতি ঘণ্টার পারিশ্রমিক বেড়ে ৪৫ ডলারে পৌঁছাবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই নতুন পারিশ্রমিক কাঠামো ও সহজীকরণ প্রক্রিয়ার ঘোষণা দেন। গত শীত মৌসুমের তুলনায় এই বৃদ্ধি উল্লেখযোগ্য; যেখানে পূর্বে প্রতি ঘণ্টার মজুরি ছিল ১৯ দশমিক ১৪ ডলার এবং অতিরিক্ত সময়ের জন্য দেওয়া হতো ২৮ দশমিক ৭১ ডলার।
গত শীত মৌসুমে অস্বাভাবিক তুষারপাত, তুষারঝড় ও তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে শহরের জরুরি তুষার অপসারণ কর্মসূচিতে প্রায় ৭ হাজার ৮০০ জন কর্মী নিবন্ধন করেছিলেন। নিউইয়র্ক সিটির স্যানিটেশন বিভাগের কর্মী এবং এই অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মীরা যৌথভাবে নগরীর প্রায় ১ লাখ ৩৫ হাজার পথচারী পারাপার পারাপারের স্থান, ৩৪ হাজার বাসস্টপ এবং ২৯ হাজার অগ্নিনির্বাপক হাইড্র্যান্ট সচল ও বরফমুক্ত রাখতে ভূমিকা পালন করেন।
এ বছর কর্মসংস্থানের সুযোগ ও নিবন্ধন প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হচ্ছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে যেসব আবেদনকারী স্যানিটেশন বিভাগের কর্মসূচিতে নিবন্ধিত হবেন, তারা ডিসেম্বরে চার ঘণ্টার একটি বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন এবং তার জন্যও নির্ধারিত পারিশ্রমিক দেওয়া হবে। এছাড়া শ্রমিকের মজুরি দ্রুত পরিশোধ নিশ্চিত করতে কাজ শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যে অর্থ প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচির আওতায় প্রথম নিবন্ধন ক্যাম্প অনুষ্ঠিত হবে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রঙ্কসের টাফট হাইস্কুলে। পরবর্তীতে শহরের বাকি পাঁচ বরোর (বিভাগ) জন্য সময়সূচি সরকারি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করবে স্যানিটেশন বিভাগ।
মেয়র মামদানি বলেন, "গত তীব্র শীতে শত শত নাগরিক চরম প্রতিকূলতার মধ্যে প্রতিবেশীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এগিয়ে এসেছিলেন। তাদের শ্রমের সঠিক মূল্যায়নের পাশাপাশি শহরকে যেন তুষারপাতের শুরুতেই দ্রুত প্রস্তুত করা যায়, সেজন্য এবার পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর, যুক্তরাষ্ট্রে কাজের আইনি অনুমতি এবং কঠিন আবহাওয়া পরিস্থিতিতে শারীরিক পরিশ্রম করার সক্ষমতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, সোশ্যাল সিকিউরিটি কার্ড, প্রয়োজনীয় ই-মেইল ঠিকানা ও নির্ধারিত আই-৯ ফরম পূরণ করতে হবে। নিবন্ধনের সুবিধার জন্য ছবি সঙ্গে আনার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি, স্যানিটেশন বিভাগের কর্মীরাই সরাসরি ছবি তুলে দেবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ