ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রী ১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু করবেন


প্রধানমন্ত্রী ১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু করবেন

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু করবেন তার নিজ বাসভবনে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, একই সময়ে আগামী ৬ মাসের মধ্যে সকল ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর আলোচনা সভায় তিনি এই তথ্য তুলে ধরেন।

মীর শাহে আলম উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়াও, পর্যায়ক্রমে সচিবালয়, জাতীয় সংসদ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

প্রতিমন্ত্রী আরও জানান, দেশের প্রস্তুত থাকা ৩ হাজার ৪১৬টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কমপ্লেক্সে ৫ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য মোট ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ বাড়ানোর লক্ষ্যে কাজ করা হবে, জানান প্রতিমন্ত্রী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংক অব জাপানের সুদহার বাড়ানোর পরও ইয়েনের দর কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


ব্যাংক অব জাপানের সুদহার বাড়ানোর পরও ইয়েনের দর কমেছে

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের সুদহার-সংক্রান্ত পদক্ষেপে ব্যস্ত একটি সপ্তাহের শেষে শুক্রবার বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। যদিও ব্যাংক অব জাপান সুদহার বাড়িয়েছে, তবুও ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দর কমে গেছে। এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি’র খবর প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দিনভর ওঠানামা লক্ষ্য করা গেছে। দিনের শেষে ডাও জোন্স সামান্য কমেছে, অন্যদিকে নাসডাক কিছুটা বেড়েছে। এর আগে ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে দরপতন ঘটেছিল।

বিশ্লেষকদের মতে, সাধারণত সুদহার বৃদ্ধিকে শেয়ারবাজারের জন্য নেতিবাচক হিসেবে গণ্য করা হয়। তবে বুধবার মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধির সিদ্ধান্তকে বিনিয়োগকারীরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডের দৃঢ় অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন।

এডওয়ার্ড জোন্সের বিশ্লেষক অ্যাঞ্জেলো কুরকাফাস মন্তব্য করেন, ‘ফেডের বিশ্বাসযোগ্যতা এখনো রয়েছে—এতে আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। তবে এর অর্থ এই নয় যে উচ্চ পর্যায়ে থাকা বন্ডের সুদহার আর বাড়বে না। একই সঙ্গে ভূরাজনৈতিক অনিশ্চয়তাও অনেক।’

ক্রিসেট ক্যাপিটাল ম্যানেজমেন্টের জ্যাক অ্যাবলিন জানান, উচ্চ সুদহার বিনিয়োগকারীদের আরও বেশি অর্থ বন্ডে বিনিয়োগের জন্য উৎসাহিত করছে। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা কিছুটা সুবিধাজনক অবস্থানে আছি, কারণ বন্ডের মুনাফা শেয়ারের তুলনায় একটি প্রতিযোগিতামূলক হার দিচ্ছে।’

অ্যাবলিনের মতে, ফেডের অবস্থান নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে মোটামুটি স্পষ্ট ধারণা রয়েছে। তিনি উল্লেখ করেন, ‘আর এক বা দুই দফা সুদহার বাড়তে পারে—এমন ধারণা রয়েছে। এরপর তা শেষ হবে বলে বিনিয়োগকারীরা মনে করছেন। তারা স্বল্পমেয়াদি সুদহার বৃদ্ধির পরের পরিস্থিতির দিকে নজর রাখছেন।’

তবে ইউরোপের শেয়ারবাজারে পরিস্থিতি ছিল আরও নেতিবাচক। ফ্রাঙ্কফুর্ট, লন্ডন ও প্যারিসের প্রধান সূচকগুলো প্রায় ১ দশমিক ৫ শতাংশ করে কমেছে।

এদিকে ব্যাংক অব জাপান সুদহার বাড়িয়ে তিন দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেলেও প্রত্যাশার তুলনায় ভবিষ্যতে সুদহার বৃদ্ধির গতি ধীর হতে পারে—এমন আশঙ্কায় ডলারের বিপরীতে ইয়েনের দর পড়ে গেছে।

ব্যাংক অব জাপান সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১ দশমিক ২৫ শতাংশ করেছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও মার্কিন ফেডারেল রিজার্ভের সাম্প্রতিক সুদহার বৃদ্ধির পর বাজারে এমন সিদ্ধান্তের প্রত্যাশা ছিল।

তবে সিদ্ধান্তটি সর্বসম্মত ছিল না। ৭-২ ভোটে সুদহার বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদিত হয়।

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় জাপানের মূল্যস্ফীতির ওপরও চাপ বাড়ছে। সংকটটি শিগগির শেষ হওয়ার লক্ষণ না থাকায় ব্যাংক অব জাপানের ওপর আরও কঠোর মুদ্রানীতি নেওয়ার চাপ বাড়ছে।

কুইনটেক্স ইন্টেলের স্টিফেন ইনেস বলেন, ‘বাজার এমন প্রমাণ খুঁজছিল যে ব্যাংক অব জাপান সুদহার বৃদ্ধির মধ্যবর্তী সময়ের ব্যবধান কমাতে পারে। এ ক্ষেত্রে ভিন্নমত দেওয়া সদস্যদের ভোট গুরুত্বপূর্ণ ছিল।’

সৌদি আরব কয়েক দিনের মধ্যে তাদের অপরিশোধিত তেল রপ্তানির প্রায় অর্ধেক পুনরায় চালু করতে পারে—এমন আশায় তেলের দাম কিছুটা কমেছে। সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দিয়ে লোহিত সাগরে তেল পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহে বিঘ্ন ঘটেছিল।

পরে অবশ্য তেলের দরপতন কিছুটা কমে আসে। তবে অপরিশোধিত তেলের দুই প্রধান বেঞ্চমার্কের দামই এখনো প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে রয়েছে।

কোম্পানিভিত্তিক লেনদেনে নাইকির শেয়ার ২ দশমিক ৩ শতাংশ কমেছে। ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে সুইজারল্যান্ডের ক্রীড়া পোশাক ব্র্যান্ড অন-এর সঙ্গে চুক্তি করায় নাইকির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটেছে। তার ক্যারিয়ারের শুরু থেকেই নাইকির সঙ্গে এই সম্পর্ক ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণের জন্য ৫ সদস্যের কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণের জন্য ৫ সদস্যের কমিটি গঠন

স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের রাজস্ব খাতে আত্তীকরণ এবং নিয়মিতকরণের উদ্দেশ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি গঠনের অফিস আদেশ বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে প্রকাশিত হয়।

উপসচিব জেসমীন প্রধানের স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে যে, কমিটিকে সংশ্লিষ্ট আইন, বিধিমালা, সাংগঠনিক কাঠামো, আদালতের আদেশ এবং আইনগত মতামত পর্যালোচনা করে সুপারিশ প্রদান করতে হবে।

কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিবকে আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি উন্নয়ন অধিশাখা এবং আইন অধিশাখার যুগ্মসচিব বা উপসচিবকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া, এলজিইডির প্রধান প্রকৌশলী অথবা তার মনোনীত একজন প্রতিনিধিও কমিটির অপর সদস্য হিসেবে থাকবেন। স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে কমিটির কার্যপরিধি নির্ধারণ করে বলা হয়েছে যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৯, এলজিইডির সাংগঠনিক কাঠামো, সংশ্লিষ্ট মামলার আদেশ এবং আইন ও বিচার বিভাগ কর্তৃক প্রদত্ত মতামত যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এই বিষয়গুলো পর্যালোচনা করে এলজিইডির রাজস্ব খাতে বিভিন্ন ক্যাটাগরির পদে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আত্তীকরণ এবং নিয়মিতকরণের বিষয়ে সুপারিশ করবে কমিটি।

জনস্বার্থে জারি করা এই অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে বিসিবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ঘরোয়া কোচদের বেতন বৃদ্ধির পরিকল্পনা করছে, যা ক্রিকেটারদের বেতন বৃদ্ধির পরবর্তী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন এবং ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ধারাবাহিকতায় কোচদের বেতন কাঠামো নিয়েও ভাবনা চলছে।

বিসিবির নতুন কমিটি তামিম ইকবালের নেতৃত্বে গত জুনে দায়িত্ব গ্রহণ করে। এরপর ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন এবং ক্রিকেটারদের বেতন কাঠামো বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরে ক্রিকেটারদের বেতন দুই দফায় বৃদ্ধি করা হয়েছে।

তবে, এতদিন ঘরোয়া ক্রিকেটের কোচদের বেতন বৃদ্ধি হয়নি। এবার বিসিবি তাদের দিকেও নজর দিতে যাচ্ছে। বিসিবির এক পরিচালক এক গণমাধ্যমকে জানিয়েছেন যে, কোচদের বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। তবে এই পরিকল্পনা কবে থেকে কার্যকর হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

বিসিবির ওই পরিচালক বলেন, "কোচদেরও বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। দেখা যাক কবে হবে, সেটা এখনও ঠিক হয়নি।"

দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটের কোচরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। বিসিবির অধীনে থাকা ‘এ’ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুলও আশাবাদী যে, এবার তাদের দাবিটি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বোর্ড।

তিনি বলেন, "আলহামদুলিল্লাহ, বেতন বাড়াবে বিসিবি এমনটাই শুনেছি। এখন দেখা যাক কখন কী হয়। কোচদেরও প্রাপ্য সম্মান জরুরি। যদি একটা হেলদি স্যালারি হয়, তাহলে ভালো হয়। কারণ আমাদের তো সেভিংস থাকে না। সারা জীবন কোচিংও করাতে পারব না। আশা করি বিসিবি বিষয়টি দেখবে।"

ক্রিকেটারদের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের কোচদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে নাহিদা ও সোবহানা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে নাহিদা ও সোবহানা

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ব্যর্থতার পর সেমিফাইনালে থেমে গেছে বাংলাদেশের যাত্রা। টুর্নামেন্টে ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতা এবং দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে, যার প্রেক্ষিতে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ফলে নতুন অধিনায়ক নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হিসেবে সিনিয়র ক্রিকেটার নাহিদা আক্তার এবং সোবহানা মোস্তারির নাম সামনে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র ক্রিকবাজকে জানিয়েছে, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচন নিয়ে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করলে নাহিদা ও সোবহানার নাম গুরুত্ব পেতে পারে।

বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, "নিগারের জায়গা নেওয়ার মতো খুব বেশি ক্রিকেটার আছে বলে মনে হয় না। কিন্তু তিনি যখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমাদের কাউকে খুঁজে বের করতেই হবে।" সংক্ষিপ্ত সংস্করণে অবস্থান বিবেচনায় নাহিদা ও সোবহানা শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে বিসিবির ভাবনা শুধুমাত্র অভিজ্ঞদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ ক্রিকেটারদেরও নেতৃত্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা থাকতে পারে। সে ক্ষেত্রে ‘এ’ দলের নেতৃত্ব দেওয়া রাবেয়া খাতুন, অলরাউন্ডার শারমিন আক্তার এবং স্বর্ণা আক্তারের নাম বিকল্প হিসেবে বিবেচনা করা হতে পারে। যদিও এই মুহূর্তে তাদের কাউকে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব দেওয়া কিছুটা আগেভাগে হয়ে যাবে বলে বোর্ডের সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে বাংলাদেশকে দ্রুত নতুন অধিনায়ক ঠিক করতে হবে। জাপানে আগামী ২১ সেপ্টেম্বর এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচটি টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিগার সুলতানা জ্যোতির শেষ ম্যাচ হতে পারে। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশ জয় পেলে পরিস্থিতি বদলাতে পারে এবং জ্যোতিকে নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি হতে পারে।

এর মধ্যে বাংলাদেশ নারী দলের কোচিং স্টাফেও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। প্রধান কোচ সারোয়ার ইমরানকে সরিয়ে তার জায়গায় ডেভিড হেম্পকে দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে।

২০২২ সাল থেকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়ে আসছেন নিগার সুলতানা জ্যোতি। তার অধিনায়কত্বে বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে দীর্ঘ এক দশক পর বিশ্বকাপে জয় পেয়েছিল বাংলাদেশ। ওই আসরে ব্যাট হাতে চার ইনিংসে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে সাতটি ডিসমিসালও করেন জ্যোতি।

তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে তার ফর্ম এবং দলের একের পর এক পরাজয় নতুন করে প্রশ্নের জন্ম দেয়। সেই প্রেক্ষাপটেই টি-টোয়েন্টি নেতৃত্বে পরিবর্তনের আলোচনা সামনে এসেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%