০৫:৫৯ পি.এম
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের বিদায়ের ধাক্কা সহ্য করতে না পেরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেষ ষোলোর ম্যাচ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই ঘটনা ঘটে।
অসুস্থ দুই শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও বিভাগীয় ব্রাজিল ফ্যান ক্লাবের সভাপতি কামরুল হাসান তুষার এবং সহ-সভাপতি মাশরুফা শারমীন এ্যানি।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
সহপাঠীরা জানান, খেলা শেষ হওয়ার পর থেকেই ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়েন মাশরুফা শারমীন এ্যানি। একপর্যায়ে শিউলিমালা হলের এই আবাসিক শিক্ষার্থী মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তিনি কয়েক দফা বমি করলে দ্রুত তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা হিসেবে ইনজেকশন ও স্যালাইন দেন। চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।
একই সময়ে অসুস্থ হয়ে পড়েন ব্রাজিল ফ্যান ক্লাবের সভাপতি কামরুল হাসান তুষারও। তাকে একই হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখেন। পরে অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
এ্যানির সহপাঠী মাসুম মিয়া বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর থেকেই এ্যানি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। একই সময়ে তুষার ভাইও অসুস্থ হয়ে পড়লে তাকেও হাসপাতালে নেয়া হয়। এখন দুজনই অনেকটা সুস্থ।’
উল্লেখ্য, রবিবার দিবাগত রাত ২টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের এমন অপ্রত্যাশিত বিদায়ে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্রাজিল সমর্থকদের মধ্যে হতাশার ছাপ দেখা যায়।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন