০৩:২৫ এম
প্রিন্স হ্যারি আবারও ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে মিলেমিশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, বিশ্বজুড়ে চলমান সংকটের মধ্যে পারিবারিক বিরোধ মিটিয়ে পুনর্মিলন ঘটানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীতের বিরোধের ক্ষত থাকলেও, তিনি সেগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রিন্স হ্যারি। সাক্ষাৎকারটি গত সেপ্টেম্বরে নিউইয়র্কে ধারণ করা হয়েছিল।
হ্যারি উল্লেখ করেন, "কিছু মানুষ চায় না বিষয়টি মিটে যাক। কিন্তু আমি চাই, সবকিছু ঠিক হয়ে যাক। বিশ্বে যা কিছু ঘটছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুনর্মিলন।"
আরও পড়ুন: মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছে সৌদি আরব
তিনি অতীতের বিরোধের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলে স্বীকার করেন। তবে, হ্যারি মানুষের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন।
হ্যারির ভাষায়, "ক্ষতচিহ্ন চিরকাল থেকে যায়। কিন্তু ঘটে যাওয়া ঘটনাগুলোকে আপনি কীভাবে দেখছেন, সেগুলো সম্পর্কে আপনার মানসিকতা কেমন এবং কীভাবে অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছেন, তা গুরুত্বপূর্ণ। আমি সবাইকে সেটিই করার আহ্বান জানাব।"
তিনি বলেন, "পারিবারিক সমস্যাগুলো যখন প্রতিদিনের জীবনকে প্রভাবিত করতে থাকে, তখন সেগুলো কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়ে। বিশ্বে এমনিতেই অনেক অস্থিরতা ও নাটকীয়তা রয়েছে। এর মধ্যে পারিবারিক বিরোধ ধরে রাখার কোনো প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।"
২০১৬ সালে পরিচয়ের পর, ২০১৮ সালে মার্কিন অভিনেত্রী মেগান মার্কলকে বিয়ে করেন হ্যারি। ২০২০ সালে রাজপরিবারের জ্যেষ্ঠ কর্মরত সদস্যের দায়িত্ব ছেড়ে, স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন জীবন শুরু করেন তারা।
আরও পড়ুন: এআইয়ের ঝুঁকি মোকাবিলায় যুক্তরাজ্যের আরও অর্থ বরাদ্দের ঘোষণা
গত আগস্টে, ছয় বছর পর, সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকে নিয়ে যুক্তরাজ্যে ফিরেছিলেন হ্যারি ও মেগান। বর্তমানে আর্চির বয়স সাত বছর এবং লিলিবেটের পাঁচ বছর।
রাজপরিবারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতির পেছনে নানা ঘটনা রয়েছে। ২০২১ সালে, মেগান অভিযোগ করেছিলেন, রাজপরিবারের সদস্যরা তাদের ছেলে আর্চির গায়ের রং কতটা গাঢ় হতে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এই ঘটনা বাকিংহাম প্যালেসের সঙ্গে তাদের সম্পর্কে অপূরণীয় ক্ষতি করে বলে মনে করা হয়।
দীর্ঘদিনের এই টানাপোড়েনের মধ্যেও এবার পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইচ্ছা প্রকাশ করলেন তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি
আরও পড়ুন: ইতালির রোম ও মিলানে বিক্ষোভের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন