ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যে পথে আপা হেঁটেছিলেন, সেই পথে আপনারাও হাঁটছেন: ডা. শফিকুর রহমান


যে পথে আপা হেঁটেছিলেন, সেই পথে আপনারাও হাঁটছেন: ডা. শফিকুর রহমান

বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যে পথে আপা হেঁটেছিলেন, আপনারাও এখন সেই পথে হাঁটছেন। আপা যাওয়ার আগে বলতেন, 'আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না'। কিন্তু এখন কী হলো? শেষ পর্যন্ত তিনিও পালিয়েছেন।

তিনি বলেন, বাচ্চারা স্লোগান দিয়েছিল 'পালাইছে রে পালাইছে'। এই পথে যারাই হাঁটবে, তাদেরকে পালাতে হবে। এই পথ পালানোর পথ। এই পথে হাঁটলে আপনি মক্কা যেতে পারবেন না, আপনি দিল্লি চলে যাবেন। এই পথের শেষ ঠিকানা দিল্লি। এ দেশের মানুষ দিল্লির খবরদারি বাংলাদেশের ওপর চায় না। আমরা কোনো আধিপত্যবাদ মানবো না।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন। শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিন হত্যার বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ জনসমাবেশের আয়োজন করা হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

শফিকুর রহমান বলেন, আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না। ইনশাআল্লাহ, মজবুত কদমে মাথা উঁচু করে যতদিন বেঁচে থাকবো, মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। বিড়াল হিসেবে বাঁচতে চাই না। বেড়ালের জীবন আমাদের জীবন হবে না, ইনশাশাল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? প্রস্তুত থাকবেন। লড়াই চলছে, লড়াই চলবে। ইনশাআল্লাহ, হকের বিজয় হবে, ইনশাআল্লাহ, ১৮ কোটি মানুষের বিজয় হবে।

গণভোট প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, গণভোটে আপনারা রায় দিলেন। সরকারের এখন যারা আছেন, তারাও বলছিলেন রায় দেন। আমি পরিষ্কার বলছি, গণভোট না মানলে শুধু না হবেন না, একসময় নাই হয়ে যাবেন। জনতার রায়কে অগ্রাহ্য, অপমান করে অতীতে কেউ টিকে নাই, শান্তি পায় নাই, সম্মান পায় নাই, ক্ষমতা পাকাপোক্ত করতে পারে নাই। আপনাদের মজলুম থাকা একেবারেই অনুচিত। আমরা চাই, আপনারা ঠিক পথে ফিরে আসুন। জনগণের সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। যদি খুলে দেন, আমরা বিরোধী দল হিসেবে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো।

ক্ষমতার লোভ নিয়ে সতর্ক করে তিনি বলেন, ক্ষমতা কারও কোমরের নিচে চিরস্থায়ী নয়। আল্লাহ যাকে পছন্দ করেন, ক্ষমতায় বসান। এবং যখন উঠিয়ে নিতে চান, তখন উঠিয়ে নেন।

ফ্যাসিবাদকে ভাইরাসের সঙ্গে তুলনা করে শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ একটা রোগ। এটা নির্দিষ্ট কোনো দলের সাথে থাকে না, এটা এক প্রকার ভাইরাস। এটা যেখানেই ভর করে, তারাই ফ্যাসিবাদী। এক ফ্যাসিবাদীকে তাড়িয়ে জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

২০২৪ সালের আন্দোলনের কথা স্মরণ করিয়ে তিনিও বলেন, ভাই-বোনেরা রাস্তায় নেমে এসেছিলেন। মা ১০ মাসের শিশুসন্তান নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। হয়তো আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে। যাদের জন্য প্রয়োজনে একবার নয়, শতবার নামবো ইনশাআল্লাহ। যত সময় আল্লাহ জীবন দিয়ে রেখেছেন, যত সময় নামার শক্তি দিয়ে আল্লাহ রাখবেন, তত সময় জাতির প্রয়োজনে অবশ্যই নামবো। আমরা কাপুরুষ নই, আমরা দুর্বল নই। কাপুরুষ তারা- যারা অপরাধ করে, যারা দখল বাণিজ্য করে, যারা নিরীহ মানুষের কাছ থেকে চাঁদা তোলে, যারা মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করে। সেই ব্যক্তি যে হোক, আমার সন্তান হলেও সে কাপুরুষ।

সবার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা দেখতে চাই আমাদের শিশুরা নিরাপদ, আমাদের মেয়েরা নিরাপদ, আমাদের মায়েরা নিরাপদ, আমাদের যুবকরা নিরাপদ, আমাদের বয়স্করা নিরাপদ। সকল ধর্মের মানুষ নিরাপদ, সকল বর্ণের মানুষ নিরাপদ, এ দেশের সকল ভাষার মানুষ নিরাপদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ে ফ্যাসিবাদী সরকার শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস করে গেছে এবং এখন এসব পুনর্গঠনের পালা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি এসডিজি গ্রামের উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

এদিন দেশে প্রথমবারের মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রামগুলো হলো- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার। এখন এসব খাত পুনর্গঠনের পালা। সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার। আমরা মনে করি, দেশ পুনর্গঠনের এই যাত্রা পথে অবশ্যই এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য।

তারেক রহমান বলেন, কোনও এক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ‘কাউকে পেছনে ফেলে নয়’ এই মূলনীতির সঙ্গে বর্তমান সরকারের জননীতিরও মিল রয়েছে। সব শ্রেণি-পেশা তথা জনগণের স্বার্থ নিশ্চিতকরার লক্ষ্যে বর্তমান সরকারের নীতি হলো, ‘সবার জন্য বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের মাধ্যমে সমন্বিত উন্নয়নের একটি কার্যকর মডেল তৈরি করা হবে।

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ যেভাবে মিলেনিয়াম ডেভেলপমেন্টগোল-এমডিজি বাস্তবায়নে সাফল্যের পরিচয় দিয়েছিল, একইভাবে সাস্টেইন্যাবল ডেভেলপমেন্ট গোল-এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রেও বাংলাদেশ যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুর কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

আজ সোমবার প্রধানমন্ত্রী এক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী এই বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদস্থ বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছেন সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত সময়ের মধ্যে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, গতকাল রোববার রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনের কারণে ১৬ জন বাংলাদেশি প্রাণ হারান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়নে আমিনুল হকের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


প্রধানমন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়নে আমিনুল হকের আহ্বান

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের উদ্যোগ বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিটি পরিবারের সদস্যকে অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

আজ সোমবার সকালে রাজধানীর মিরপুরের এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সুলতান মোল্লা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা সারা দেশে ২৫ কোটি গাছ লাগাতে চাই। এই লক্ষ্য সামনে রেখে ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। তবে আমরা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চাই না।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাড়ির সামনে, আঙিনায় কিংবা বসবাসের আশপাশে সুযোগমতো অন্তত একটি করে গাছ লাগাতে হবে। একই সঙ্গে বাড়ি ফিরে অভিভাবকদেরও গাছ লাগাতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য গাছের কোনো বিকল্প নেই। গাছ অক্সিজেন সরবরাহের পাশাপাশি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, ‘আমরা সবাই যদি একটি করে গাছ লাগাই, তাহলে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিতে প্রত্যেকে অংশীদার হতে পারব। আমাদের সম্মিলিত উদ্যোগই একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারে।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে আমিনুল হক শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ইন্দোনেশিয়ার কাছে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


বাংলাদেশ ইন্দোনেশিয়ার কাছে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চায়

বাংলাদেশ কর্তৃপক্ষ বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার কাছে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চেয়েছে।

পর্যটন, আতিথেয়তা ও বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা ও জাকার্তার মধ্যে আলোচনা চলাকালে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতির সঙ্গে একটি বৈঠকের সময় এ বিশেষ বিষয়টি উত্থাপন করেন। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

আফরোজা খানম বলেন, বাংলাদেশি ভ্রমণকারীদের কাছে ইন্দোনেশিয়া অন্যতম একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভ্রমণকারী বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা নিশ্চিত করাকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সহজতর করতে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

বৈঠকের সময় উপস্থিত দুই দেশের প্রতিনিধিরা পর্যটন ও আতিথেয়তা খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্বারোপ করেছেন।

রাষ্ট্রদূত লিস্টিওয়াতি জানান, বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে ইন্দোনেশিয়ার আগ্রহ রয়েছে।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) ইউনিট তৈরির বিষয়টিও সরকার বিবেচনা করছে।

সাক্ষাতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করার আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার আশ্বাসও দেন রাষ্ট্রদূত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%