১০:৫০ পি.এম
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে রাজধানী ঢাকায় উৎসবের আমেজ বইছে। বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে ফুটবলপ্রেমীদের জন্য বড় পর্দায় আর্জেন্টিনা-স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখার আয়োজন করা হয়েছে। এই বহুল প্রতীক্ষিত ফাইনাল রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। কোকা-কোলা বাংলাদেশের সহযোগিতায় টিএসসিতে হাজারো দর্শকের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া হাজী মুহম্মদ মহসীন হলে বিশেষ ওয়াচ পার্টির আয়োজন রয়েছে। সেখানে অতিথি হিসেবে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও জাতীয় দলের ফরোয়ার্ড শেখ মোরসালিন উপস্থিত থাকবেন। জগন্নাথ হল এবং হলপাড়া এলাকায়ও বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখানো হবে।
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
মিরপুরের দর্শকদের জন্য মিরপুর সিটি ক্লাব মাঠ এবং মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ডে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা রয়েছে। অন্যদিকে বনানীর কামাল আতাতুর্ক পার্কেও বিশেষ আয়োজন থাকছে। ম্যাচ শুরুর আগে সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে সংগীত পরিবেশন করবেন ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের শিল্পী সঞ্জয়।
মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে স্থানীয় উদ্যোগে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। ধরনমন্ডির পুরাতন ১৯ নম্বর সড়কেও বড় পর্দা থাকবে, তবে সেখানে বসার ব্যবস্থা নেই।
পশ্চিম রামপুরার ওমর আলী লাইসিয়াম গ্রামার স্কুলের সামনেও দর্শকদের জন্য বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ থাকবে। এখানে দাঁড়িয়ে খেলা উপভোগ করতে হবে।
রাজধানীর কয়েকটি পাঁচতারকা হোটেলে আরামদায়ক পরিবেশে খেলা উপভোগ করার জন্য বিশেষ আয়োজন রয়েছে। এর মধ্যে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, দ্য আলট্রাস ফেস্টিভ্যাল (গুলশান), লেকশোর গ্র্যান্ড, হোটেল আমারি ঢাকা, লে মেরিডিয়ান ঢাকা এবং ক্রাউন প্লাজা অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল
রাজধানীর কিছু কনভেনশন সেন্টারেও সরাসরি ফাইনাল ম্যাচ দেখানো হবে। এর মধ্যে এলিট কনভেনশন হল (গুলশান-১), আর্টিসান ওয়াচ পার্টি (তেজগাঁও) এবং আইসিসিএল কনভেনশন হল (মিরপুর টেকনিক্যাল মোড়ের পাশে) স্থান পাবে। তবে এসব বাণিজ্যিক ভেন্যুতে প্রবেশের জন্য নির্ধারিত টিকিট ও ফি পরিশোধ করতে হবে।
আমজনতার ব্যাপক সমাগমের সম্ভাবনা থাকায় আয়োজকরা ম্যাচ শুরুর অন্তত এক ঘণ্টা আগে ভেন্যুতে পৌঁছানোর পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে গভীর রাতে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন