ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি, নতুন কর্মস্থলে দায়িত্বভার অর্পণ


বাংলাদেশ পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি, নতুন কর্মস্থলে দায়িত্বভার অর্পণ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত।

প্রজ্ঞাপনের আওতায়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে, তাকে অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা হিসেবে বদলির পূর্বের আদেশ বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

অন্যদিকে, র‍্যাবে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীনকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুড়িগ্রামে বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামকেও পুলিশ হেডকোয়ার্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

গোপালগঞ্জের মকসুদপুর সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত নাফিছুর রহমানকে র‍্যাবে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত সুবীর কুমার সাহাকে গোপালগঞ্জের মকসুদপুর সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

নৌ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. সোহেল মিয়াকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত মো. আজিজুর রহমান খানকে খুলনায় রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত অরুপ রতন সরকারকে নওগাঁর সাপাহার সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায়, ২৭ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে সচিবদের তদারকি বাড়ানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে সচিবদের তদারকি বাড়ানোর নির্দেশ

বিদ্যুতের চলমান সংকটের মোকাবিলা এবং সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর বাস্তবায়নে মাঠপর্যায়ে তদারকি বৃদ্ধির জন্য সচিবদের নির্দেশনা প্রদান করা হয়েছে। কাজের দক্ষতা বৃদ্ধি, প্রকল্প বাস্তবায়নের সমস্যা চিহ্নিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সংস্কার ও দক্ষতা নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায় সচিব সভা শুরু হয়। সভাটি সন্ধ্যা ৬টায় শেষ হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, সভায় ৬১ জন সচিব উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, সচিবদের এই বৈঠকটি মূলত অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাগিদ দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে। কীভাবে কাজের দক্ষতা আরও বৃদ্ধি করা যায় এবং কোন কাজ কীভাবে করতে হবে, এসব বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলো নিয়ে দপ্তরে সাধারণত কাঠামোবদ্ধভাবে আলোচনা হয়। তবে বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বিদ্যুতের চলমান সমস্যা এবং পরদিন কী কী পদক্ষেপ নেওয়া যায়, কীভাবে সমস্যাগুলো মোকাবিলা করা যায়, এসব বিষয়ে সংশ্লিষ্টদের সরাসরি নির্দেশনা প্রদান করা।

অগ্রাধিকার প্রকল্পের প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রত্যেক সচিবকে তাদের নিজ নিজ জেলার দায়িত্বের বিষয়ে মাঠপর্যায়ে খোঁজ নিতে বলা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেগুলো জনগণের সঙ্গে কথা বলে চিহ্নিত করতে হবে।

তিনি উল্লেখ করেন, প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় দক্ষতা এবং সংস্কারের উপাদানগুলো নিয়ে সংশ্লিষ্টদের কাজ করতে বলা হয়েছে। এসব বিষয়ে কাজ করে পরবর্তী সময়ে জানাতে বলা হয়েছে, যাতে সবাই মিলে কাজের মান আরও উন্নত করতে পারে।

সভা সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সংকট নিরসনে সরকারি অফিসগুলোতে সোলার প্যানেল স্থাপনের বিষয়েও সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬–২০৩০) নিয়েও সভায় আলোচনা হয়েছে।

এছাড়া সরকারের চলমান কার্যক্রমকে আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার বিষয়টি সভার আলোচ্যসূচিতে ছিল। জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক বিষয়ে সিনিয়র সচিব ও সচিবদের পক্ষ থেকে পাঠানো প্রস্তাব পর্যালোচনা এবং বিবিধ বিষয় নিয়েও আলোচনা করা হয়।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর সচিবদের নিয়ে প্রথমবারের মতো এই সভা অনুষ্ঠিত হলো। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয়। সরকার দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা অনুষ্ঠিত হলো।

সচিব সভাকে সরকারের প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ সমন্বয় সভা হিসেবে বিবেচনা করা হয়। এতে মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা সরকারের নীতিগত সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক অগ্রাধিকার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের বিষয় নিয়ে আলোচনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর মেস থেকে জবি শিক্ষার্থী অনিক চন্দ্র পালের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


রাজধানীর মেস থেকে জবি শিক্ষার্থী অনিক চন্দ্র পালের মরদেহ উদ্ধার

রাজধানীর বংশাল থানাধীন চানখারপুল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনিক চন্দ্র পাল নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রাথমিকভাবে ধারণা করছে, প্রেমের সম্পর্কের বিচ্ছেদজনিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বি কে গাঙ্গুলী লেনের ওই ছাত্র মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অনিক চন্দ্র পাল বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তার গ্রামের বাড়ি সিলেট জেলার শিবপুর উপজেলায়। বর্তমানে নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার বর্ণনায় নিহতের মেস সদস্য ও জবি শিক্ষার্থী জয় ভূঁইয়া জানান, গত সোমবার থেকেই অনিকের তেমন সাড়াশব্দ বা খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাত ৯টা বা সাড়ে ৯টার দিকে অনিকের এক ব্যাচমেট তাকে ফোন কলে না পেয়ে মেসে তার রুমে গিয়ে দেখতে বলেন। পরে তারা দুজন মিলে রুমে গিয়ে দীর্ঘক্ষণ দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া পাননি।

জয় ভূঁইয়া বলেন, দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে জানালার কাচ ভেঙে ভেতরে তাকিয়ে অনিককে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। এরপর দরজা খুলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠী ও মেস সদস্যদের সূত্রে জানা যায়, দুই দিন আগে নিহত অনিকের সঙ্গে তার প্রেমিকার বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকে অনিকের মোবাইল ফোন বন্ধ ও ভাঙা পাওয়া যায়। এরপর থেকেই তিনি মেসে একা চুপচাপ থাকতে শুরু করেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর সুবাস পাল। তিনি বলেন, স্টুডেন্টরা আমাকে ঘটনা জানানোর কিছুক্ষণের মধ্যেই আমি ঢাকা মেডিকেলে পৌঁছাই। কিন্তু ততক্ষণে আমাদের স্টুডেন্ট আর বেঁচে ছিল না।

সহকারী প্রক্টর আরও বলেন, আমি ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। ওর বাবার সঙ্গেও কথা হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর মেডিকেল ও থানার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে। স্বজনদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি এখনো আমরা জানি না। খোঁজ নিয়ে বিস্তারিত জেনে আপনাকে বলতে পারব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথি হামলার বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


হুথি হামলার বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ‘দৃঢ়ভাবে’ জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক হামলাগুলোর ফলে সৌদি আরবের তিনটি শহরে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, খামিস মুশাইত, আবহা ও তাইফে হুথিদের হামলায় ১৩ জন আহত হন। যদিও আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর নয়, তবে এসব হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় জোটের যৌথ বাহিনী এসব হামলার জবাব দায়িত্বশীল ও কঠোরভাবে দেবে।

ইয়েমেনে বাস্তুচ্যুতি বাড়ছে

এদিকে, ইয়েমেনে চলমান সংঘাতের কারণে মানবিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, চলতি মাসের শুরু থেকে ইয়েমেনে সংঘাতের কারণে অন্তত ১৮ হাজার পরিবার বা প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘ বলছে, সংঘাতের কারণে মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং আগে থেকেই চাপের মধ্যে থাকা মানবিক সহায়তা কার্যক্রমের ওপর আরও চাপ তৈরি হচ্ছে।

অন্যদিকে, সোমবার রাতে হুথিরা দাবি করেছে গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের লাহিজ, তাইজ, আল-জাওফ, মারিব ও হাজ্জাহ প্রদেশে সৌদি আরব ৫৪টি বিমান হামলা চালিয়েছে।

হুথিদের দাবি, তাইজ প্রদেশের খাদির জেলার সরকারি কমপ্লেক্সেও সৌদি বিমান হামলা হয়েছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন।

হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি ঘাঁটি থেকে পরিচালিত এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান এসব হামলায় অংশ নেয়। গোষ্ঠীটি এর জবাবে প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র তাপদাহে ফেনীতে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে রোগীর চাপ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


তীব্র তাপদাহে ফেনীতে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে রোগীর চাপ বাড়ছে

ফেনীতে টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জনজীবনে তীব্র তাপপ্রবাহের কারণে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি। অসহনীয় গরমের কারণে ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই, বিশেষ করে নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষের জন্য পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে নিউমোনিয়া, জ্বর, সর্দি ও ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা রোগীর বাড়তি চাপ সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফেনীতে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় গরমের অনুভূতি ছিল বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ ও তাপমাত্রা বাড়তে থাকায় বাইরে চলাচলকারী মানুষের ভোগান্তিও বৃদ্ধি পায়। বিশেষ করে রিকশা ও অটোরিকশাচালক, শ্রমজীবী মানুষ এবং খোলা আকাশের নিচে কাজ করা ব্যক্তিরা বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ফেনী শহরের বিভিন্ন সড়কে দেখা যায়, প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হচ্ছেন না। বাইরে বের হওয়া মানুষের মধ্যে কেউ কেউ ছাতা ব্যবহার করছেন, আবার অনেকে পথের পাশে দাঁড়িয়ে পানি পান করে কিছুটা স্বস্তি নেওয়ার চেষ্টা করছেন। তীব্র গরমের কারণে রিকশাচালকদের মধ্যে সবচেয়ে বেশি অস্বস্তি দেখা যাচ্ছে। দীর্ঘ সময় রোদে রিকশা চালানোর ফলে শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তারা। বিদ্যুতের লোডশেডিং হওয়ায় ঘরে থাকা মানুষকেও গরমের মধ্যে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এনামুল হক নামের এক পথচারী বলেন, "তীব্র গরমে ঘর থেকে বের হওয়ার উপায় নেই। তারপরও কাজের সুবাদে বের হতে হচ্ছে। তৃষ্ণা মেটানোর জন্যই ভ্রাম্যমাণ দোকান থেকে শরবত খাচ্ছি।" শহরের রাজনন্দিনী দিঘির পাড়ে শরবত বিক্রেতা সালেহ আহম্মদ জানান, দীর্ঘদিন ধরে তিনি লেবু আর তোকমার দুই ধরনের শরবত বিক্রি করছেন। তবে গত কয়েক দিন বেচাবিক্রি ভালোই হচ্ছে। দৈনিক ১৫০ থেকে ২০০ গ্লাস শরবত বিক্রি করছেন তিনি।

ফেনী শহরের রিকশাচালক সুরুজ মিয়া বলেন, "সকাল থেকেই গরম ছিল। দুপুরের দিকে রোদের তাপ আরও বেড়ে যায়। রাস্তায় রিকশা চালাতে গিয়ে শরীর ঘেমে যাচ্ছে। গরমের কারণে আগের তুলনায় যাত্রীও কম পাওয়া যাচ্ছে।" মো. আবুল হোসেন নামের এক ব্যবসায়ী জানান, "গত সপ্তাহে তুলনামূলক স্বস্তি থাকলেও সোমবার থেকে হঠাৎ গরম বেশি অনুভূত হচ্ছে। দুপুরের দিকে দোকানে বসেও অস্বস্তি লাগছে। বাইরে বের হলে রোদের তাপ আরও বেশি মনে হচ্ছে।"

জ্বরে আক্রান্ত মেয়েকে নিয়ে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ফাজিলপুরের বাসিন্দা আবদুল কাদের। তিনি বলেন, "দুই দিন আগে অতিরিক্ত জ্বরে আক্রান্ত মেয়েকে হাসপাতালে নিয়ে আসি। পরীক্ষায় নিউমোনিয়া শনাক্ত হয়েছে। এখানে এত বেশি গরম, সঙ্গে রোগীর চাপে মনে হচ্ছে আরও অসুস্থ হয়ে যাচ্ছি।"

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, পরপর দুই দিন ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের স্বল্পতা, বাতাসের কম গতিবেগ এবং বাতাসে আর্দ্রতার আধিক্য বেশি থাকার কারণে এই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এ ছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘাম সহজে শুকায় না, ফলে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর মনে হচ্ছে। তা ছাড়া জলবায়ুর পরিবর্তন তো আছেই।

সার্বিক বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রৌকন উদ দোলা বলেন, "গত দুই দিন ধরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অতিরিক্ত গরমের কারণে ডায়রিয়া, জ্বর, পানিশূন্যতা ও অন্যান্য গরমজনিত সমস্যায় আক্রান্ত রোগী বাড়ছে। শিশু, ডায়রিয়া, নারী ও পুরুষ ওয়ার্ডে শয্যার কয়েক গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। এতে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।"

তিনি আরও বলেন, "তীব্র গরমে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, মাস্ক ব্যবহার, অসুস্থ হলে দূরত্ব মেনে চলা, প্রয়োজন ছাড়া রোদে না বের হওয়া এবং বাইরে বের হলে ছাতা বা প্রয়োজনীয় সুরক্ষা নিতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%