০৪:১২ পি.এম
উগান্ডার রাজধানী কাম্পালায়, নিজ বাড়ির নিকটে, ছিনতাইকারীদের হামলায় দেশের ফুটবলার ডেভিড উওরি নিহত হন। তাঁর মৃত্যু ঘটেছে মাত্র ২৭ বছর বয়সে, যা উগান্ডায় শোকের ছায়া ফেলেছে।
পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা প্রতিহত করার সময় উওরি মারধরের শিকার হন। ছিনতাইকারীরা তাঁর মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় এবং উওরিকে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়।
এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রথমে তাঁকে নিকটবর্তী একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, পরে কাম্পালার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করার পর, বুধবার তিনি মারা যান।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
উওরি খেলতেন উগান্ডার ক্লাব এসসি ভিলাতে। ২০২৪ সালে তিনি এসসি ভিলাকে ২০ বছর পর প্রথম লিগ শিরোপা জিততে নেতৃত্ব দেন। এটি ছিল ক্লাবটির রেকর্ড ১৭তম শীর্ষ লিগ শিরোপা। মাঠ ও মাঠের বাইরে তাঁর প্রভাবের স্বীকৃতি হিসেবে ক্লাবটি জানুয়ারি ২০২৭ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছিল। এই ডিফেন্ডার উগান্ডার জাতীয় ফুটবল দলেরও প্রতিনিধিত্ব করেছেন।
এসসি ভিলা এক বিবৃতিতে বলেছে, ‘আমরা শুধু একজন খেলোয়াড়কে হারাইনি। আমরা একজন নেতা, ভাই এবং বন্ধুকে হারিয়েছি।’ উগান্ডা ফুটবল ফেডারেশন (ফুফা) এক বিবৃতিতে জানায়, ‘উওরি মাঠে ও মাঠের বাইরে একজন প্রকৃত নেতা ছিলেন। তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি ছিলেন একটি প্রজন্মের অনুপ্রেরণা।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন