ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না মুন্সিগঞ্জের ৪১ এলাকায়


আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না মুন্সিগঞ্জের ৪১ এলাকায়

মুন্সিগঞ্জ সদর উপজেলার ৪১টি এলাকায় শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি লাইন রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ তথ্য মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পঞ্চসার ৩৩ কেভি ফিডারের জরুরি লাইন রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়- মিরেশ্বর, পঞ্চসার (ইটখোলা), বাস্তুহারা, গোসাইবাগ, বাগবাড়ী, মুক্তারপুর, খালাসীবাড়ী, নতুনগাঁও, নয়াগাঁও মধ্যপাড়া, মানিকপুর, ইদ্রাকপুর, উত্তর কোটগাঁও, হাসপাতাল, সুপারমার্কেট, পুলিশ ফাঁড়ি, পঞ্চসার, মানিকপুর দশতলা, গনকপাড়া, কোটগাঁও, সরদারপাড়া, মধ্য কোটগাঁও, দেওভোগ, ভিটিশীল মন্দির, মুন্সিগঞ্জ সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, দুর্গাবাড়ী, রামেরগাঁও, জোড়পুকুরপাড়, আধারিয়াতলা, সরকারপাড়া, দক্ষিণ রামগোপালপুর (বাঁশপট্টি), দশকানি, মুক্তারপুর চৌধুরীবাড়ী, দয়াল বাজার, বৈখর, চম্পাতলা, রনছ রুহিতপুর, রনছ পারুলপাড়া, মুক্তারপুর বিসিক, ডিঙ্গাভাঙ্গা ও সড়ক ভবন এলাকা।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়ে আরও জানানো হয়েছে যে, কাজের প্রয়োজনে নির্ধারতি সময়সূচির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে। একইসঙ্গে কারিগরি প্রয়োজনে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ আবার চালুও করা হতে পারে। এ কারণে সবাইকে বিদ্যুৎ লাইনের কাছাকাছি অবস্থান না করে নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ সংক্রান্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতাও কামনা করেছে কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব ডাক দিবস: চিঠির যুগ পেরিয়ে ডাকসেবায় নতুন সম্ভাবনার আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


বিশ্ব ডাক দিবস: চিঠির যুগ পেরিয়ে ডাকসেবায় নতুন সম্ভাবনার আলোচনা

একসময় মানুষ প্রিয়জনের চিঠির জন্য দিন গুনত। ডাকপিয়ন যখন চিঠি নিয়ে আসত, তখন আনন্দে ভরে উঠত মন। তবে সময়ের পরিবর্তনের সাথে সেই চিঠির স্থান দখল করে নিয়েছে মোবাইল ফোন, ই-মেইল এবং সামাজিক যোগাযোগমাধ্যম। তবুও, চিঠি, প্রয়োজনীয় নথি, টাকা এবং পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ডাকসেবার গুরুত্ব এখনও বিদ্যমান রয়েছে।

আজ ৯ অক্টোবর, বিশ্ব ডাক দিবস। এই দিবসটি বিশ্বজুড়ে পালিত হচ্ছে ডাকসেবার ঐতিহাসিক অবদান, বর্তমান ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরার জন্য।

১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বার্নে জেনারেল পোস্টাল ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন নামে পরিচিতি লাভ করে। আন্তর্জাতিক ডাকব্যবস্থার সমন্বয় ও উন্নয়নে এই সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৬৯ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত সংস্থাটির কংগ্রেসে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে প্রতিবছর এই দিনটি পালিত হয়ে আসছে।

মানুষের সাথে মানুষের যোগাযোগ স্থাপন, সরকারি ও ব্যবসায়িক নথি, বই এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে ডাকব্যবস্থার দীর্ঘদিনের গুরুত্ব রয়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এবং পার্সেল পরিবহনে ডাকসেবার প্রয়োজনীয়তা এখনও বিদ্যমান।

বিশ্ব ডাক দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এবারের প্রতিপাদ্য হলো: সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা।

বাংলাদেশ ডাক বিভাগ সাধারণত দুই ধরনের সেবা প্রদান করে: মূল ডাকসেবা এবং এজেন্সি সেবা। মূল ডাকসেবার মধ্যে রয়েছে সাধারণ ও রেজিস্টার্ড চিঠি, দ্রুত ডাক, দেশি-বিদেশি পার্সেল, টাকা পাঠানো এবং ডাকটিকিট বিক্রি। রেজিস্টার্ড চিঠির মাধ্যমে গুরুত্বপূর্ণ চিঠি ও নথি পাঠানো সম্ভব। গ্যারান্টিযুক্ত দ্রুত ডাক এবং দ্রুত ডাকসেবার মাধ্যমে চিঠি ও ছোট প্যাকেট দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আন্তর্জাতিক ও দেশীয় দ্রুত ইএমএস (EMS - Express Mail Service) ডাকসেবায় নির্দিষ্ট ওজনের পার্সেল (২০ গ্রাম থেকে ২০ কেজি পর্যন্ত) ও দলিল পাঠানো এবং সেগুলোর অবস্থান অনুসরণের সুযোগ রয়েছে।

ডাক বিভাগের মাধ্যমে সাধারণ ও ইলেকট্রনিক মানি অর্ডারে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো যায়। পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে টাকা লেনদেন ও সংরক্ষণের সুবিধাও রয়েছে। এছাড়া, মূল্যে আদায়যোগ্য পার্সেল ও রেজিস্টার্ড চিঠি, জেলা শহরগুলোতে দ্রুত চিঠি ও পার্সেল বিলি, স্মারক ডাকটিকিট বিক্রি এবং অনলাইন ব্যবসার পণ্য সংরক্ষণ ও সরবরাহে সহায়তার জন্য পণ্য ব্যবস্থাপনা কেন্দ্রের মতো সেবাও রয়েছে।

মূল ডাকসেবার পাশাপাশি ডাক বিভাগ বিভিন্ন সরকারি আর্থিক ও দাপ্তরিক সেবাও প্রদান করে। এসবের মধ্যে রয়েছে ডাক জীবনবিমা, ডাকঘর সঞ্চয় ব্যাংক, সঞ্চয়পত্র কেনাবেচা, বাংলাদেশ ব্যাংকের প্রাইজ বন্ড কেনা ও ভাঙানো, বিড়ির ব্যান্ডারোল মুদ্রণ ও বিক্রি এবং বিভিন্ন সরকারি ফি ও স্ট্যাম্পের জন্য ডাকবহির্ভূত টিকিট মুদ্রণ ও বিতরণ।

তবে, প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে ডাকসেবার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। চিঠির ব্যবহার কমে যাওয়ায় মানুষ এখন দ্রুত যোগাযোগের জন্য ই-মেইল, মোবাইল ফোন এবং বিভিন্ন বার্তা আদান-প্রদানের মাধ্যম ব্যবহার করছে। এই পরিস্থিতিতে ডাকসেবাকে আরও কার্যকর করতে প্রযুক্তির ব্যবহার, উন্নত গ্রাহকসেবা এবং দ্রুত ও নির্ভরযোগ্য পার্সেল সরবরাহব্যবস্থা গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।

বাংলাদেশে ডাকব্যবস্থার একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল ডাকঘর। চিঠিপত্র আদান-প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থিক ও জনসেবামূলক কাজেও ডাকব্যবস্থা ভূমিকা রেখেছে।

বর্তমানে কুরিয়ার সেবা, অনলাইন কেনাকাটা এবং ডিজিটাল যোগাযোগের প্রসারে ডাকসেবার ধরন পরিবর্তিত হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ডাক বিভাগের সামনে সেবার মান বাড়ানো, প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহকের আস্থা অর্জনের চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা কাজে লাগিয়ে দেশের ডিজিটাল ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ডাকব্যবস্থা আরও অবদান রাখতে পারে।

বিশ্ব ডাক দিবস কেবল অতীতের ঐতিহ্য স্মরণের দিন নয়, বরং ভবিষ্যতের ডাকসেবা নিয়ে ভাবারও উপলক্ষ। যদি প্রযুক্তির সাথে সমন্বয়, দক্ষ ব্যবস্থাপনা এবং মানুষের চাহিদা অনুযায়ী সেবা নিশ্চিত করা যায়, তবে ডাকব্যবস্থা নতুন সম্ভাবনা তৈরি করতে সক্ষম হবে। চিঠির আবেগময় দিন বদলে গেলেও, দূরত্ব কমিয়ে মানুষকে কাছে আনার ডাকসেবার মূল উদ্দেশ্য আজও গুরুত্বপূর্ণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকার আকাশে আংশিক মেঘলা অবস্থা বিরাজ করতে পারে এবং দুপুরের দিকে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে, দিনের তাপমাত্রা সাধারণত কমে যেতে পারে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় থাকতে পারে। এছাড়া, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে হবে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৩ মিনিটে হবে। এছাড়া, ২৪ ঘণ্টায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫২ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫২ জন আটক

কুমিল্লা জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ২৫২ জনকে আটক করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান চালায়, যা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় পরিচালিত হয়। মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোকে অভিযানের আওতায় আনা হয়। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

অভিযানে আটক ২৫২ জনের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রোধ এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে জেলা পুলিশ বলেছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে তারা বদ্ধপরিকর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাজমিনের মৃত্যুর আগে কী ঘটেছিল, ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


তাজমিনের মৃত্যুর আগে কী ঘটেছিল, ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণির এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে।

ফুটেজে দেখা যায়, বুধবার (৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের সামনে আইকনিক পরিবহনের একটি বাস থেকে নামছে তাজমিন। এরপর সে হোটেলের পশ্চিম পাশে কয়েকটি স্টেশনারি দোকানের দিকে যায়। একটি দোকানের সামনে দাঁড়িয়ে দোকানির সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় দোকানিকে তাকে কিছু দেখাতে বা কোনো দিক নির্দেশনা দিতে দেখা যায়।

ফুটেজে আরও দেখা যায়, দোকানের সামনে কিছু দেখানোর পর তাজমিন সেখান থেকে সরে অন্য পাশে চলে যায়। পরে রাত সোয়া ১২টার দিকে তাকে নূরজাহান হোটেল এলাকা ছেড়ে যেতে দেখা যায়। তবে এলাকা ছাড়ার পর তাজমিন কোন পথে গিয়েছিল, সে বিষয়ে এখনও কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তার চলাচলের পথ এবং সম্ভাব্য যাতায়াতের মাধ্যম নিয়ে তদন্ত করছে পুলিশ।

এদিকে, ঘটনার স্থান থেকে কিছুটা দূরে একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে জব্দ করা অটোরিকশাটির সঙ্গে তাজমীনের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকার আবদুল আলীমের মেয়ে। তারা কুমিল্লা শহরের রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। ৪ অক্টোবর বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে তাজমিন বের হয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তাজমিন কুমিল্লা শহরের ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

ঘটনার স্থলে দেখা গেছে, লালমাই উপজেলার জগতপুর গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত নির্জন পাকা সড়ক। সড়কের দুপাশে বিস্তৃত সবুজ মাঠ রয়েছে। সড়কের মধ্যবর্তী স্থানের দুপাশে অন্তত ৪ থেকে ৫টি ধানক্ষেতে দৌড়াদৌড়ির চিহ্ন দেখা গেছে। ক্ষেতের মধ্যে থাকা মাথা তোলা ধানগাছ এলোমেলো হয়ে আছে। এটি স্পষ্ট যে, তাজমিন জীবন বাঁচাতে হত্যাকারীদের হাত থেকে পালানোর চেষ্টা করেছিল। সড়কের একপাশে ধানক্ষেতে একটি সিএনজি চালিত অটোরিকশা পড়ে ছিল। পরে স্থানীয়রা সেটিকে সড়কের ওপর নিয়ে আসে।

স্থানীয় জগতপুর গ্রামের বাসিন্দা তমাল বনিক জানান, সকালে কাঁচিকাটা-হরিশ্চর বাজার পাকা সড়কের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সড়ক থেকে প্রায় ৫০ গজ দূরে ফসলি জমিতে গিয়ে আইলের পাশে এক কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার গলায় গামছা পেঁচানো এবং মুখ মাটিতে চেপে রাখা ছিল।

নিহতের বাবা আবদুল আলীম জানান, ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে তাজমিন বাড়ি থেকে বের হয়েছিল। বিভিন্ন সময় ফোনে যোগাযোগের সময় সে বান্ধবীর বাসায় থাকার কথা জানায়। বুধবার রাত পৌনে ২টার দিকে তাজমিন তাকে মেসেজের পাশাপাশি লাইভ লোকেশন পাঠায় এবং সেখানে এসে তাকে নিয়ে যেতে বলে। তখন তিনি ঘুমিয়ে ছিলেন। পরে ভোরে ঘুম থেকে উঠে মেসেজ দেখতে পান। লাইভ লোকেশনে গিয়ে মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনা দেখতে পান তিনি।

সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লা ফেরদৌস জানান, ৪ অক্টোবর কুমিল্লা শহরে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল জান্নাতুল তাজমিন। পুলিশের তদন্তে জানা গেছে, সেদিন সে ব্রাহ্মণবাড়িয়ায় যায়। পরদিন ৫ অক্টোবর কুমিল্লায় ফিরে আবার ভোররাতে কক্সবাজার যায়। ৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে রওনা হয়ে রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার পদুয়ার বাজারে নূরজাহান হোটেলের সামনে নামে। এরপর তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সহকারী পুলিশ সুপার আরও জানান, উদ্ধার করা সিএনজির ভেতর থেকে একটি ভ্যানিটি ব্যাগ ও জামা পাওয়া গেছে। নিহতের বাবা জামা দেখে সেটি জান্নাতের বলে শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহটি প্রথমে অজ্ঞাত ছিল। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহতের বয়স আনুমানিক ১৫ বছর। তার গলায় গামছা পেঁচানো ছিল। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এ প্রসঙ্গে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া বলেন, আমরা ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘাতকদের আটক করতে অভিযান পরিচালনা করছি। শিগগিরই ঘাতকদের আটক করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%