ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেল


বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেল

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার জন্য অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বৃদ্ধি পেতে শুরু করেছে।

বুধবার (১৯ আগস্ট) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৮ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৩১ ডলারে।

গত ২৪ জুলাইয়ের পর মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা ক্রমে ক্ষীণ হয়ে আসায় এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারী মহলে সরবরাহ সংকটের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

হরমুজ প্রণালী, যা বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, এ পথ দিয়ে তেল পরিবহন প্রক্রিয়া ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট আরও গভীর হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ কারণে তেলের দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে দ্রুত কোনও কূটনৈতিক সমাধান না হলে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও অস্থির হয়ে উঠতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধবার ঢাকার মার্কেটগুলো যেগুলো বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


বুধবার ঢাকার মার্কেটগুলো যেগুলো বন্ধ থাকবে

মানুষ বিভিন্ন প্রয়োজনে দোকানপাট ও মার্কেটে যাতায়াত করে থাকে। তবে তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখা যায় সকল দোকানপাট বন্ধ, তাহলে উপেক্ষিত হবে সব কিছু।

তাহলে চলুন বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে সেটি জানা যাক।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে সেগুলো হলো বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত।

যেসব মার্কেট বন্ধ থাকবে সেগুলি হলো যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং মাসকট প্লাজা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণের খবর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণের খবর

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন, এই সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে, ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকার পক্ষ থেকে ইসলাম গ্রহণের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এ তথ্য প্রথম জোরালোভাবে সামনে আনে তুরস্কের বিভিন্ন গণমাধ্যম। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলী শাহিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাও পাওলোতে ব্রাজিলের মুসলিম কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেছেন।

সেখানে আলী শাহিন জানান, সাও পাওলোর বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ জিহাদ হামাদার সঙ্গে তার বৈঠক হয়েছে। আলী শাহিনের দাবি অনুযায়ী, শেখ জিহাদ হামাদা তাকে জানিয়েছেন রবার্তো কার্লোস দীর্ঘকাল ধরে তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে এক সাক্ষাতে শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এই দাবির পর ইন্টারনেটে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং রবার্তো কার্লোসের ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়।

এদিকে, গুঞ্জনের সঙ্গে সম্প্রতি কার্লোসের ব্যক্তিগত জীবনের একটি ঘটনা যুক্ত হয়েছে। স্পেনের মরক্কো বংশোদ্ভূত ফিফা-স্বীকৃত প্লেয়ার্স এজেন্ট সৌহাইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ের কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, গত ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তারপরে ১৭ আগস্টে বিয়ের ছবিগুলো নতুন করে সামনে আসে। সৌহাইলা এল তাহিরির মরক্কো ও উত্তর আফ্রিকার মুসলিম সংস্কৃতির সঙ্গে সম্পর্কের বিষয়টি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজবকে আরও উসকে দিয়েছে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস এখনও নিজে অথবা তার কোনো আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বা মুখপাত্রের মাধ্যমে ইসলাম গ্রহণের বিষয়ে কোনো নিশ্চিত বক্তব্য দেননি।

আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমগুলোর কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, পুরো বিষয়টি মূলত তুরস্কের এমপি আলী শাহিন এবং ব্রাজিলের ইসলামিক স্কলার শেখ জিহাদ হামাদার দাবির ভিত্তিতে ছড়িয়ে পড়েছে। তাই, রবার্তো কার্লোস নিজে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত খবরটিকে শতভাগ নিশ্চিত হিসেবে দেখা সম্ভব নয়।

ফুটবল ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের অধিকারী রবার্তো কার্লোস। তিনি ব্রাজিলের হয়ে ২০০২ সালে বিশ্বকাপ জেতেন এবং ১৯৯৮ বিশ্বকাপে রানার্সআপ দলের সদস্য ছিলেন। ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ অসংখ্য শিরোপা।

বিশেষ করে তার শক্তিশালী ও বাঁকানো ফ্রি-কিক তাকে ফুটবল বিশ্বে আলাদা পরিচিতি এনে দিয়েছে। এবার সেই কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

কিন্তু সব গুঞ্জনের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রবার্তো কার্লোস নিজে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তাই তার ইসলাম গ্রহণের খবরটি আপাতত বিভিন্ন সূত্রের দাবির ওপর নির্ভরশীল এবং আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা যে প্রক্রিয়ায় ভোট দেবেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা যে প্রক্রিয়ায় ভোট দেবেন

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন।

ভোট দেওয়ার পুরো প্রক্রিয়া—

১. সংসদ কক্ষে প্রবেশ

২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ করে ভোট দিতে হবে। এই সময় বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

২. আইডি কার্ড সঙ্গে রাখতে হবে

সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা আইডি কার্ড অবশ্যই সঙ্গে রাখতে হবে।

৩. ব্যালট সংগ্রহ

নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নিজের নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার নিতে হবে। ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।

৪. পছন্দের প্রার্থীকে ভোট

ব্যালটের নির্ধারিত অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে।

৫. ব্যালট বাক্সে জমা

ভোট প্রদান শেষে ব্যালট পেপার সংসদ কক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।

৬. ব্যালট নষ্ট হলে

কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে তা ব্যালট বাক্সে রাখার আগে নির্বাচনকর্তার কাছে উপস্থাপন করতে হবে। নির্বাচনকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

৭. নির্বাচনী প্রচার নিষিদ্ধ

ভোট গ্রহণের ফলে সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনী প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়া যাবে না।

৮. সমস্যায় চিফ হুইপের শরণাপন্ন

ভোট দেওয়ার সময় তাৎক্ষণিক কোনো সমস্যা সৃষ্টি হলে চিফ হুইপ ও বিরোধীদলের চিফ হুইপের শরণাপন্ন হতে হবে।

৯. পূর্ণ নাম লিখতে হবে

ব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা বলা হয়েছে, সেখানে পূর্ণ নাম লিখতে হবে।

যেভাবে ফল ঘোষণা হবে

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে। কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাব করা হবে। পরে প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোট গণনা করে সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা। নির্বাচন কমিশন থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হতে যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতারক দিলরুবা গ্রেপ্তার, ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


প্রতারক দিলরুবা গ্রেপ্তার, ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি

চাঁপাইনবাবগঞ্জে অধিক লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুয়া এনজিও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার অন্যতম মালিক নিশাত দিলরুবা জাহানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তিনি প্রায় ১৩০টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১০-এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মোসা. নিশাত দিলরুবা জাহান (৩৯) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা সানোয়ার হোসেনের স্ত্রী।

তিনি মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার পরিচালনা কমিটির নির্বাহী সদস্য। এছাড়া সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানার ভাইয়ের স্ত্রী তিনি। তার স্বামী সানোয়ার হোসেনও সংস্থাটির পরিচালনা কমিটির নির্বাহী সদস্য।

র‍্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন নিশাত দিলরুবা জাহান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আত্মগোপনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

জানা গেছে, অধিক লাভ দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা। পরে প্রায় ১০৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সংস্থাটির বিরুদ্ধে।

টাকা ফেরত পাওয়ার দাবিতে ২০২২ সাল থেকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সংস্থাটির বিরুদ্ধে চার শতাধিক মামলা করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।

এসব মামলায় বাদী গ্রাহকদের মোট আর্থিক দাবি প্রায় ৩২ কোটি টাকা। তবে মামলা করা চার শতাধিক গ্রাহকের বাইরে সংস্থাটির মোট গ্রাহক সংখ্যা প্রায় ৩৫ হাজার বলে জানা গেছে। তাদের পাওনার পরিমাণ প্রায় ১০৫ কোটি টাকা।

এ ঘটনায় মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা, তার স্ত্রীসহ পরিবারের ১২ থেকে ১৩ জন সদস্য এবং কয়েকজন কর্মকর্তা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

র‍্যাব জানায়, নিশাত দিলরুবা জাহানের বিরুদ্ধে তিন শতাধিক প্রতারণা মামলা রয়েছে। এর মধ্যে প্রায় ১৩০টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%