বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং
১০:৫০ পি.এম
আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের (এএফডব্লিউসি) প্রশিক্ষণার্থী অফিসারগণ পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) চলমান এএফডব্লিউসি-২০২৬ কোর্সের অংশ হিসেবে এই পরিদর্শনের আয়োজন করা হয়েছিল।
এনডিসির চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক প্রশিক্ষণার্থী দলের নেতৃত্ব দেন।
পরিদর্শনকালে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মুশফেকুর রহমান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
সভার শুরুতে ডিআইজি (এইচআর) মোহাম্মদ আশফাকুল আলম বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন, ভিশন, মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল ভূমিকা ইত্যাদি সম্পর্কে প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে প্রশিক্ষণার্থী অফিসারগণ বাংলাদেশ পুলিশের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সমসাময়িক নানা বিষয়ে পুলিশ কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি মো. মুশফেকুর রহমান উল্লেখ করেন, দেশে যেকোনো সংকটকালে সশস্ত্র বাহিনী এবং পুলিশ একসাথে কাজ করে। তিনি আরও বলেন, এ ধরনের পরিদর্শন কার্যক্রমের ফলে সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের মধ্যে বিরাজমান পেশাগত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুসংহত হবে।
উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে আইজিপি এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। জানা যায়, পরিদর্শনকারী টিমে ৬২ জন প্রশিক্ষণার্থী অফিসার অন্তর্ভুক্ত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও উপমহাদেশের বরেণ্য আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী আগামীকাল শুক্রবার রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার খুতবার আগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
এ তথ্য আজ ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দাওয়াতি ও শিক্ষাবিষয়ক সফরে বাংলাদেশে অবস্থানরত এই আলেম বিশ্বের ইসলামী চিন্তা, সমকালীন বিশ্বে মুসলিম সমাজের চ্যালেঞ্জ, জ্ঞানচর্চা, দাওয়াহ এবং উম্মাহর ভবিষ্যৎ করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।
বাংলাদেশ সফরের সময় তিনি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেমদের সঙ্গে মতবিনিময়ও করবেন।
আগামী শনিবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ তিনি প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে যা গুরুত্বপূর্ণ একটি ঘটনা।
আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী বর্তমানে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের খাস কমিটির সদস্য ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও, তিনি মুম্বাই ভিত্তিক ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এবং জামিআ দারুল উলুম ইমামে রব্বানী, ভারতের পরিচালক হিসেবে ইসলামী শিক্ষা ও গবেষণার খেদমতে নিয়োজিত রয়েছেন।
আল্লামা সাজ্জাদ নোমানী আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষভাবে সমাদৃত।
তিনি মুসলিম সমাজের অধিকার ও কল্যাণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের স্বাস্থ্য খাতে চিকিৎসা অক্সিজেনের সহজলভ্যতা, মান নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ‘বাংলাদেশ ন্যাশনাল মেডিকেল অক্সিজেন রোডম্যাপ (২০২৬-২০৩০)’ প্রণয়নের জন্য সরকার উদ্যোগ নিয়েছে।
এই কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে সভাপতি করে ২৭ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি পুনর্গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য সেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা।
এছাড়াও কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের নীতিনির্ধারক, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং কেন্দ্রীয় ঔষধাগারের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। পাশাপাশি, কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা প্রদানের জন্য বুয়েট এবং আইসিডিডিআরবি’র বিশেষজ্ঞসহ দেশের শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এই কমিটিতে রয়েছেন।
আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে বিশ্বব্যাংক, এডিবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচঅও), ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
নতুন এই রোডম্যাপের মূল লক্ষ্য হলো দেশের স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা। কমিটির প্রধান দায়িত্ব ও কার্যপরিধির মধ্যে রয়েছে— চিকিৎসা অক্সিজেনের মান নিয়ন্ত্রণ ও গুণগত মান নিশ্চিত করা, অক্সিজেন ব্যবস্থাপনায় একটি কার্যকর জাতীয় গাইডলাইন ও রোডম্যাপ প্রণয়ন করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষজ্ঞ কো-অপ্টের মাধ্যমে কার্যক্রমকে আরও গতিশীল করা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে জ্বালানি তেলের আকস্মিক মূল্যবৃদ্ধি ঘটেছে। এর ফলস্বরূপ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে—এমন গুঞ্জনে বিশ্ববাজারে সোনার ও রুপার দামে বড়সড় পতন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতু দুটির দাম উল্লেখযোগ্য পরিমাণে কমেছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাজারের তথ্য অনুযায়ী, আজ আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৪ হাজার ২৪ ডলার ৬০ সেন্টে অবস্থান করছে। একই সঙ্গে আগামী আগস্ট মাসে সরবরাহের চুক্তি করা মার্কিন ফিউচার গোল্ডের দামও শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ২৯ ডলার ৫০ সেন্টে নেমে এসেছে।
বাজার বিশ্লেষকেরা জানান, সাধারণত বৈশ্বিক সংকটের পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার কদর বেড়ে যায়। কিন্তু যদি সুদের হার চড়া থাকার সম্ভাবনা থাকে, তবে বিনিয়োগকারীরা বন্ড বা অন্যান্য আর্থিক খাতের দিকে বেশি মনযোগ দেন, যার ফলে বাজারে সোনার চাহিদা কিছুটা কমে যায়। এর আগে ফেড সুদের হার কমানোর ইঙ্গিত দেওয়ার ফলে বিশ্ববাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছিল। তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে এই হিসাব সম্পূর্ণরূপে পাল্টে গেছে। চলতি সপ্তাহের শুরুতে তেলের দাম এক ধাক্কায় ১১ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়ার নতুন আশঙ্কা তৈরি হয়েছে।
ফেডারেল রিজার্ভের নীতিগত অবস্থান পরিবর্তন নিয়ে বাজার এ মুহূর্তে বড় ধরনের দোলাচলে রয়েছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা আগামী ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির ৭৩ শতাংশ সম্ভাবনা ধরে রেখে লেনদেন করছেন। সম্প্রতি ফেড গভর্নর লিসা কুক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তেলের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না এলে সুদের হার বৃদ্ধির বিষয়ে তিনি বিন্দুমাত্র দ্বিধা করবেন না।
এছাড়া, সোনার পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ উল্লেখযোগ্য হারে কমেছে। স্পট সিলভার বা রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৫৬ ডলার ৭৮ সেন্টে নেমে এসেছে। এছাড়াও মূল্যবান ধাতু প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম (৩০), সিজানুল হক (২০), মোছা. লিপি (৩৫), মো. নিরব (২০), মোছা. রুবি (৪৮), মো. রিপন (৩৬), মো. রানা খান (৩০), মো. ইসমাইল হোসেন পারভেজ (২৬), মো. জাহাঙ্গীর কবির, মো. সোহাগ (৩৫), মো. মনির হোসেন ওরফে গোজা মনির, মো. কবির (২৫), মো. সুরুজ সরকার (৩৫), আহম্মদ উল্লাহ বিপ্লব ওরফে রনি, মো. সোহাগ আলী সালমান (২২), মো. মামুনুর রহমান, মো. রমজান ইসলাম (১৯), মো. জুলফিকার আলী, মো. টুটুল আহম্মেদ বাবু ওরফে বাবু (২৭), নুরনবী (২৯), আপন (২৮), আব্দুল কুদ্দুস (২৭), হাবিব (২৭), মো. রুফাত আহম্মেদ (২৩), জ্যাকি ইসলাম আব্দুল কাদের জ্যাকি, মো. রহিম হোসেন বিশাল (২২), মো. মিজানুর রহমান (৪০), মো. হাসান মাহমুদ (২৮), মো. জাহিদুল ইসলাম (২৭), মো. আরিফ (২৩), মো. রাসেল মিয়া (২২), মো. খোকন (২২), মিরাজ হোসেন (২৪), সুজন হাওলাদার (২৪), আব্দুল্লাহ আল মামুন (৪৮), মো. আসাদ হোসেন (৫৫), মো. জাকির হোসেন (৪২), মো. চঞ্চল ওরফে মোশারফ হোসেন (২৭), মো. জাকির হোসেন বাবু (৪২), মো. পারভেজ (৩২), মো. রেজোয়ান (২২), মো. রাকিব (২৭), মো. শরীফুল ইসলাম রাতুল (২৩), এসএম সাদনান সামি (২২), মো. আশরাফুল ইসলাম জিসান (২১), মো. রাব্বি মিয়া (২২), মো. লিকন (২০), মো. হৃদয় মুন্সি (২৫), মো. মাইনুদ্দিন (২২), মো. ইসলাম (২০), আহমেদ সজিব (২৪), মো. হৃদয় (২০), মো. মুরাদ মাতুব্বর (২১), মো. মেহেদী মাতুব্বর (২৩), রিফাত (২১), আব্দুল্লাহ (২৪), মো. ইসরাফিল (১৮), দাড়ীওয়ালা জুয়েল ওরফে তিল্লা জুয়েল (২৯), মো. রুবেল হোসেন (২৪), মো. সালেহিন ইমতিয়াজ (২৯), মো. আনোয়ার হোসাইন (৩১), মো. দিদারুল আলম (৩০), মো. রুবেল মিয়া (৩০), মো. এরশাদ আলী (৪০), নুরুজ্জামান (৪২), আব্দুল্লাহ (২৪) এবং আইনব্যবস্থার সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশু।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৬ জন, শেরেবাংলা নগর থানায় ১০ জন, মোহাম্মদপুর থানায় ২১ জন, আদাবর থানায় ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৯ জন ও হাতিরঝিল থানায় ৯ জন রয়েছেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ