প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে জ্বালানি তেলের আকস্মিক মূল্যবৃদ্ধি ঘটেছে। এর ফলস্বরূপ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে—এমন গুঞ্জনে বিশ্ববাজারে সোনার ও রুপার দামে বড়সড় পতন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতু দুটির দাম উল্লেখযোগ্য পরিমাণে কমেছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাজারের তথ্য অনুযায়ী, আজ আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৪ হাজার ২৪ ডলার ৬০ সেন্টে অবস্থান করছে। একই সঙ্গে আগামী আগস্ট মাসে সরবরাহের চুক্তি করা মার্কিন ফিউচার গোল্ডের দামও শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ২৯ ডলার ৫০ সেন্টে নেমে এসেছে।
বাজার বিশ্লেষকেরা জানান, সাধারণত বৈশ্বিক সংকটের পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার কদর বেড়ে যায়। কিন্তু যদি সুদের হার চড়া থাকার সম্ভাবনা থাকে, তবে বিনিয়োগকারীরা বন্ড বা অন্যান্য আর্থিক খাতের দিকে বেশি মনযোগ দেন, যার ফলে বাজারে সোনার চাহিদা কিছুটা কমে যায়। এর আগে ফেড সুদের হার কমানোর ইঙ্গিত দেওয়ার ফলে বিশ্ববাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছিল। তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে এই হিসাব সম্পূর্ণরূপে পাল্টে গেছে। চলতি সপ্তাহের শুরুতে তেলের দাম এক ধাক্কায় ১১ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়ার নতুন আশঙ্কা তৈরি হয়েছে।
ফেডারেল রিজার্ভের নীতিগত অবস্থান পরিবর্তন নিয়ে বাজার এ মুহূর্তে বড় ধরনের দোলাচলে রয়েছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা আগামী ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির ৭৩ শতাংশ সম্ভাবনা ধরে রেখে লেনদেন করছেন। সম্প্রতি ফেড গভর্নর লিসা কুক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তেলের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না এলে সুদের হার বৃদ্ধির বিষয়ে তিনি বিন্দুমাত্র দ্বিধা করবেন না।
এছাড়া, সোনার পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ উল্লেখযোগ্য হারে কমেছে। স্পট সিলভার বা রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৫৬ ডলার ৭৮ সেন্টে নেমে এসেছে। এছাড়াও মূল্যবান ধাতু প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন