০৫:২৫ পি.এম
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন অংশ নেওয়া প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করার সুযোগ পাবেন।
সোমবার (১৭ আগস্ট) নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। যদি কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করেন, তাহলে আগামী বৃহস্পতিবার ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, তফসিল অনুযায়ী আজ বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে এবং এই সময় পরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের তালিকা নির্ধারিত হবে।
রাষ্ট্রপতি পদে এবার দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম প্রস্তাব করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের ডা. আমির শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিন।
গত রোববার ১৬ আগস্ট, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে। সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তারা স্বাক্ষর করে তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন। বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিক গণনা করা হবে। মোট ৩৪৯টি ব্যালটের বৈধ ভোট ও প্রার্থীদের পাওয়া ভোট সিইসি ঘোষণা করবেন। পরে সচিবালয়ে গেজেটের কার্যক্রম সম্পন্ন করা হবে।
এর আগে ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটের তারিখ রেখে নির্বাচন কমিশন তফসিল দেয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন