১০:৩৫ এম
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে বাজারসমূহ পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও জোরদার করার নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি তিনি সহ্য করবেন না বলেও সতর্ক করেছেন।
আজ রোববার নগরীর দৌলতপুরের ৫ নম্বর ওয়ার্ড অফিসের মিলনায়তনে ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের মাঠপর্যায়ের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার বিষয়ের মতবিনিময় সভায় তিনি এই গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। সভাটিতে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে ঊর্ধধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসক বলেন, নগরীর ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের সকল বাজার নিয়মিত পরিচ্ছন্ন রাখতে হবে। দুপুরের পর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে, রাতের মধ্যেই তা সম্পন্ন করতে হবে। এছাড়া প্রতিদিন সকাল এবং বিকেলে দুই দফায় সড়ক পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ওয়ার্ড সুপারভাইজারদের উদ্দেশে প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো ধরনের অবহেলা তিনি মেনে নেবেন না। দায়িত্ব পালনে দুর্নীতির আশ্রয় নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, নগরবাসীর করের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। বিনা অনুমতিতে অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
সভায় বলা হয়, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম প্রতিদিন সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই শিফটে পরিচালনা করা হবে। এ ছাড়া, পরিচ্ছন্নতাকর্মীদের ডিউটি পোশাক, পরিচয়পত্র ও সুরক্ষা সামগ্রী প্রদান, সড়ক ও ড্রেনে ময়লা না ফেলার বিষয়ে সচেতনতামূলক র্যালি আয়োজন করা হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানার আওতায় আনার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। শারীরিকভাবে অক্ষম বয়োবৃদ্ধ শ্রমিকদের পরিবর্তে তাঁদের পরিবারের যোগ্য সদস্যদের নিয়োগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরে, বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ডের মাঠপর্যায়ের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কেসিসি প্রশাসক একই নির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন