ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আসামি গ্রেপ্তারে টিনের চাল বেয়ে পুলিশের অভিযান


আসামি গ্রেপ্তারে টিনের চাল বেয়ে পুলিশের অভিযান

গাজীপুরের মহানগরে, টঙ্গীর হাজি মাজার বস্তিতে, মাদকবিরোধী বিশেষ অভিযানে আসামিদের ধরতে পুলিশ টিনের ঘরের চালে উঠে ধাওয়া দেয়।

রোববার (১৯ জুলাই) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়েছিল। অভিযানের সার্বিক দিকনির্দেশনার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার দায়িত্বে ছিলেন এবং এডিশনাল ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানের সময় পুলিশের দল হাজি মাজার বস্তির সরু গলিতে এবং ঘনবসতিপূর্ণ এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে, কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি টিনের ঘরের ওপর দিয়ে পালানোর চেষ্টা করলে, তাদের ধরতে এডিশনাল ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেন নিজেই টিনের চালে উঠে ধাওয়া করেন। পরে, পুলিশ সদস্যরা চারদিকে বস্তি ঘিরে ফেলে অভিযান চালিয়ে একে একে সন্দেহভাজনদের আটক করেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

প্রত্যক্ষদর্শীরা জানান, টিনের চাল বেয়ে এক ঘর থেকে আরেক ঘরে গিয়ে পুলিশ অভিযানের দৃশ্য এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, মহানগর এলাকায় মাদক কারবার ও মাদক সেবন নিয়ন্ত্রণে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে হাজি মাজার বস্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছিল। অভিযানের মাধ্যমে আনুমানিক ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় মাদক সেবনের অভিযোগে ৪০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরে মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা বলেছেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলে যোগ দিলেন ৫ আর্জেন্টিনাভক্ত, এক ড্রাম দুধ দিয়ে গোসল করে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


ব্রাজিলে যোগ দিলেন ৫ আর্জেন্টিনাভক্ত, এক ড্রাম দুধ দিয়ে গোসল করে

বিশ্বকাপ ফাইনালে বাজে পারফরম্যান্স দেখে বরিশালের আর্জেন্টিনার একদল সমর্থক ব্রাজিলে যোগ দিয়েছেন এক ড্রাম দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণ করে।

সোমবার (২০ জুলাই) রাত ৪টার দিকে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শেষে নগরীর বেলস পার্ক মাঠে এ ঘটনা ঘটে।

এ সময় রাগে-ক্ষোভে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন সমর্থক রফিক সাদী। পরে তিনি এবং আরো চারজন আর্জেন্টাইন সমর্থক দুধ দিয়ে গোসল শেষে ব্রাজিলের জার্সি গায়ে জড়ান।

এর আগে রোববার (১৯ জুলাই) বরিশাল বেলস পার্ক মাঠে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে অন্য সমর্থকদের সঙ্গে হাজির হন রফিক সাদীরা। শুরু থেকেই আর্জেন্টিনার খেলা দেখে হতাশ হন তারা। এরপর আর্জেন্টিনাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন মাঠে উপস্থিত কয়েকজন যুবক। পরে তারা দুধ আর মিষ্টি এনে গোসল করে ব্রাজিলে যোগ দেন।

রফিক সাদী বলেন, "ছোটবেলা থেকে আর্জেন্টিনাকে অন্ধ সমর্থন করে আসছিলাম। কিন্তু ফাইনালে স্পেনের সঙ্গে যা খেলেছে তাতে আমরা হতাশ। এমন বাজে খেলা আর্জেন্টিনার থেকে আমরা আশা করিনি। ব্রাজিল হারলেও তারা এমন লজ্জাজনকভাবে হারেনি। তাই আমার মনে হয়েছে, আর্জেন্টিনা থেকে ব্রাজিল বেস্ট। তাদের পাঁচটি বিশ্বকাপ জয়ের ইতিহাস আছে। তাই আজ থেকে আমি ব্রাজিলের সমর্থক।"

এদিকে আর্জেন্টিনার সমর্থন ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন রফিক সাদী। তিনি নিজ হাতে ব্রাজিল এবং স্পেন সমর্থকদের মিষ্টি খাওয়ান। পরে দুধ দিয়ে গোসল করে তিনি এবং ৪-৫ জন সমর্থক ব্রাজিলে যোগ দেন। এ সময় তাদের ব্রাজিলের জার্সি উপহার দেন দলটির সমর্থকরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাইম মুভার মালিকদের ৪৮ ঘণ্টার ‘লক আউট’ কর্মসূচি স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


প্রাইম মুভার মালিকদের ৪৮ ঘণ্টার ‘লক আউট’ কর্মসূচি স্থগিত

চট্টগ্রাম, ২০ জুলাই, ২০২৬ : চট্টগ্রাম সিটি মেয়র সিএমপি কমিশনারের সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে ৪৮ ঘণ্টার ‘লক আউট’ কর্মসূচি স্থগিত করেছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন।

আজ বিকেল সোয়া ৫টায় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সড়ক ও মহাসড়কে পণ্য পরিবহন খাতের প্রাইম মুভার ট্রেইলার, ফ্লাটবেড, লো বেড, সেমি লো বেড, ক্রেন ও হেভি ইক্যুইপমেন্টের ওপর অগ্রীম আয়কর অন্যায্য ও অসহনীয়ভাবে ৫০ হাজার টাকা বাড়ানো হয়েছে। আমাদের ১১ দফাও আদায় হয়নি।

তাই মঙ্গলবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার লক আউট কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সিটি মেয়র, সিএমপি কমিশনার ও আমাদের অ্যাসোসিয়েশনের ত্রিপক্ষীয় বৈঠকের পর আমাদের কর্মসূচি স্থগিত করেছি।

চট্টগ্রাম বন্দর থেকে আমদানি রপ্তানি পণ্যের কনটেইনার ও ভারী পণ্য, যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল পরিবহনে প্রাইম মুভার ট্রেইলার ও ফ্লাটবেডের বিকল্প নেই। এ খাতে ২৪ ঘণ্টার লক আউট কর্মসূচি স্থগিত করায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন বন্দর ব্যবহারকারী, আমদানি ও রপ্তানিকারকসহ সংশ্লিষ্টরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ট্রফি হাতে ইয়ামালকে গার্সিয়ার শুভেচ্ছা

আমার ভালোবাসা, তুমি পেরেছ, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


আমার ভালোবাসা, তুমি পেরেছ,  তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন

স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দের মুহূর্তগুলোর একটি ছিল লামিন ইয়ামাল এবং তার প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোসের উদযাপন। শিরোপার জয়ের পর, ইনস্টাগ্রামে ইয়ামালকে উদ্দেশ্য করে ইনেস একটি ভালোবাসায় ভরা বার্তা দিয়েছেন।

মেটলাইফ স্টেডিয়ামে ট্রফি হাতে ইয়ামালের সঙ্গে একটি ছবির মাধ্যমে ইনেস লিখেছেন, ‘তুমি পেরেছ। অভিনন্দন, আমার ভালোবাসা। তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন।’

ছবিতে দেখা যাচ্ছে, পুরস্কার বিতরণী মঞ্চের সিঁড়িতে পাশাপাশি বসে আছেন ইয়ামাল এবং ইনেস। ইনেসের হাতে বিশ্বকাপ ট্রফি রয়েছে, আর কালো সানগ্লাস পরিহিত ইয়ামাল হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।

স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যে ইনেসের এই সংক্ষিপ্ত বার্তাটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সমর্থক এটিকে বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামালের প্রতি সবচেয়ে আবেগঘন শুভেচ্ছাগুলোর একটি হিসেবে উল্লেখ করছেন।

রোববার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে, দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। শিরোপা নিশ্চিত হওয়ার পর, মাঠে পরিবারের সদস্য, বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে উদযাপনে মেতে ওঠেন স্প্যানিশ ফুটবলাররা।

ইয়ামালের পাশাপাশি, স্পেনের ফরোয়ার্ড দানি ওলমোর প্রেমিকা লরা আবলাও সোশ্যাল মিডিয়াতে ট্রফি হাতে ছবি প্রকাশ করেছেন। অন্যদিকে, ডিফেন্ডার মার্ক কুকুরেয়া তার সঙ্গী ক্লাউদিয়া রদ্রিগেজ এবং তিন সন্তানকে নিয়ে শিরোপা উদযাপনে মেতে ওঠেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর শিমলা পার্ককে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


রাজশাহীর শিমলা পার্ককে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা

রাজশাহী, ২০ জুলাই, ২০২৬ : রাজশাহী শহর সবুজে ঘেরা হলেও শিমলা পার্কের সবুজ প্রকৃতি যেন অন্যরকম। এই পার্কটি ঘন বৃক্ষরাজি ও প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ, যা শুধুমাত্র মনোরমই নয়, বরং এটি নানা প্রজাতির পাখি ও বন্যপ্রাণীর অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বার্ড ক্লাবের তথ্য অনুযায়ী, বছরজুড়ে এ এলাকায় ২০০টিরও বেশি প্রজাতির পাখির বিচরণ ঘটে। বিশেষ করে বর্ষা ও শীত মৌসুমে এখানে দেশীয় ও পরিযায়ী বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। এর মধ্যে রয়েছে চখাচখি, কবুতর, ঘুঘু, কুবো, আবাবিল, লালঠেঙ্গি, পানকৌড়ি, গাঙচিল, বক, কাঠঠোকরা, ফিঙে, টিয়া, মাছরাঙা, শালিক, দোয়েল, মৌটুসি, চড়ুই, খঞ্জনা, বুলবুলি, হলুদ পাখি, ডাহুক, কোকিলসহ অসংখ্য পরিচিত ও অচেনা পাখি।

এ ছাড়া এলাকাটিতে মোট ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এর মধ্যে খরগোশ, কাঠবিড়ালি, ইঁদুর, গন্ধগোকুল, বড় গন্ধগোকুল, মেছোবাঘ, বেজি, শিয়াল এবং বিভিন্ন প্রজাতির বাদুড় বিশেষভাবে উল্লেখযোগ্য। পাশাপাশি রয়েছে ২৪ প্রজাতির সরীসৃপ, যেমন কচ্ছপ, গিরগিটি, টিকটিকি ও বিভিন্ন ধরনের সাপ এবং ১৩ প্রজাতির উভচর প্রাণীও।

এএই সমৃদ্ধ জীববৈচিত্র্যের গুরুত্বকে বিবেচনায় নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন্যপ্রাণী উপদেষ্টা পরিষদের ৪১তম সভায় রাজশাহী জেলার পদ্মার চরে অবস্থিত শিমলা পার্ককে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

একই সভায় বগুড়ার শেরপুর উপজেলার বারবিলা বিল এবং রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জেলার বাবুডাইং পর্যটন ও পিকনিক স্পটকেও বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার আওতায় শিমলা পার্কের বিজিবি ক্যাম্প-সংলগ্ন অংশ থেকে জেলা প্রশাসকের বাংলো-সংলগ্ন শহর রক্ষা বাঁধ পর্যন্ত প্রায় ১৭ একর এলাকা অন্তর্ভুক্ত হবে।

জীববৈচিত্র্য শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্রুত সম্প্রসারণশীল রাজশাহী শহরের মধ্যে এই ধরনের একটি প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করা গেলে তা পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। পাশাপাশি এটি গবেষণা, শিক্ষা ও প্রকৃতিভিত্তিক পর্যটনের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

ফলে শিমলা পার্ককে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা করা রাজশাহীবাসীর জন্য পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। তবে এই সুযোগের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

সংরক্ষিত এলাকার পরিবেশ অক্ষুণ্ন রাখতে দর্শনার্থীদের জন্য কিছু করণীয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে- নীরবতা বজায় রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণে সহযোগিতা করা, বন্যপ্রাণীর চলাচলের পথে বাধা না দেওয়া, পড়াশেষে থাকা গাছ বা ডাল সংগ্রহ না করা, মে থেকে জুলাই পর্যন্ত বন্যপ্রাণীর প্রজনন মৌসুমে প্রবেশ-নিষেধাজ্ঞা মানা, পাখির বাসা নষ্ট না করা, প্রকৃতির ক্ষতি না করে উভোগ করা, নির্ধারিত স্থানে ময়লা ফেলা, বন্যপ্রাণীর কাছে না যাওয়া এবং প্রাণী শিকার, আবাসস্থল ধ্বংস বা হয়রানির ঘটনা দেখলে প্রশাসন বা বন বিভাগকে জানানো।

অন্যদিকে, সংরক্ষিত এলাকায় মাইক বা উচ্চস্বরে গান বাজানো, দলবদ্ধ হৈচৈ বা আলোকসজ্জা করা, পলিথিন ও প্লাস্টিকসহ অপচনশীল বর্জ্য ফেলা, পিকনিক, রান্না বা আগুন জ্বালানো, পাখি ও বন্যপ্রাণী বিরক্ত বা শিকার করা, গাছ কাটা বা ডালপালা ভাঙা, স্থায়ী বা অস্থায়ী দোকান স্থাপন, গবাদিপশুর অবাধ প্রবেশ ও চারণ, অপ্রয়োজনীয় শব্দ বা আলোর ব্যবহার করা, এবং লতাগুল্ম, ঝোপঝাড় ও ভেষজ উদ্ভিদ সংগ্রহ বা ধ্বংস করা নিষিদ্ধ থাকবে।

বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা গুলোর বিরল উদ্ভিদ, প্রাণী ও প্রতিবেশ ব্যবস্থা সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত ৮ জুলাই বিভাগীয় কমিশনার ড. এ. এন. এম. বজলুর রশীদ এর সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বিশেষ জীববৈচিত্র্য এলাকা সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ে এক সভায় রাজশাহীর জনগণকে এই সংরক্ষিত এলাকা রক্ষায় দায়িত্বশীল আচরণ করার আহ্বান করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%