ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে স্বামীর মরদেহ নিয়ে ৮ দিন হয়রানির শিকার বাংলাদেশি নারী, হাইকমিশনের সহায়তা


ভারতে স্বামীর মরদেহ নিয়ে ৮ দিন হয়রানির শিকার বাংলাদেশি নারী, হাইকমিশনের সহায়তা

ভারতের বেঙ্গালুরুর একটি শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালে ৮ দিন ধরে স্বামীর মরদেহ নিয়ে হেনস্তার শিকার হয়েছেন এক বাংলাদেশি নারী। জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ মৃত স্বামীর চিকিৎসার বকেয়া ৩৫.৭৯ লাখ রুপি পরিশোধ না করায় তার মরদেহ এবং পাসপোর্ট আটকে রাখে।

২৬ বছর বয়সী ওই বাংলাদেশি নারী জানান, চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ৮ দিন ধরে হেনস্তা করে। পরে তিনি বাংলাদেশ হাইকমিশনের সহায়তা চান। অবশেষে শনিবার তিনি স্বামীর মরদেহ এবং পাসপোর্ট বুঝে পান।

নওগাঁর ২৬ বছর বয়সী তানজিলা ইসলাম আশা ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানিয়েছেন, তার স্বামী মোহাম্মদ আবদুল হাকিম শাবুজ (৩২) বাংলাদেশের একজন চুক্তিভিত্তিক সরকারি শিক্ষক। কিডনির চিকিৎসার জন্য তারা ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরু যান। পরদিন তীব্র বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে শাবুজকে ওল্ড এয়ারপোর্ট রোডের মণিপাল হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে নেওয়া হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

আশা জানিয়েছেন, পরবর্তী কয়েক দিনে শাবুজের একাধিক চিকিৎসা ও অস্ত্রোপচার করা হয়। সংক্রমণ দেখা দেওয়ার কারণে ১৪ সেপ্টেম্বর তার ডান পা কেটে ফেলতে হয়। এরপর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং ১৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১টার দিকে তিনি মারা যান।

আশা বলেন, "চিকিৎসার সময় হাসপাতাল কর্তৃপক্ষ যখনই টাকা চেয়েছে, তখন কিস্তিতে মোট ৭.৫ লাখ রুপি পরিশোধ করেছি। স্বামীর মৃত্যুর পর মরদেহ কীভাবে বাংলাদেশে নিয়ে যাব, তা নিয়ে চিন্তা করছিলাম। তখন হাসপাতাল কর্তৃপক্ষ ৩৫.৭৯ লাখ রুপি পরিশোধ করতে বলে এবং টাকা না দিলে মরদেহ হস্তান্তর করা হবে না বলে জানায়।"

তিনি অভিযোগ করেন, পরিশোধ করা ৭.৫ লাখ রুপির কোনো রসিদ হাসপাতাল তাকে দেয়নি। এমনকি চিকিৎসার সম্ভাব্য ব্যয় বা বকেয়া টাকার বিষয়েও আগে তাকে কিছু জানানো হয়নি।

আশা বলেন, "আমি পুরোপুরি অসহায় হয়ে পড়েছিলাম। আট দিন মরদেহ আটকে রাখার পাশাপাশি আমার পাসপোর্টও রেখে দেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানাই এবং সহায়তার জন্য বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করি। শেষ পর্যন্ত শনিবার বকেয়া শূন্য দেখিয়ে তারা মরদেহ হস্তান্তর করে।"

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

পশ্চিমবঙ্গের বাসিন্দা ও শাবুজের বন্ধু মোহাম্মদ মোক্তাদির হোসেন তার পরিস্থিতির কথা জানতে পেরে বেঙ্গালুরু যান। তিনি জানান, স্থানীয় কয়েকজন কর্মীর সহায়তায় শুক্রবার আশা তার পাসপোর্ট ফেরত পান এবং মরদেহ দেশে নেওয়ার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তিনি বলেন, আগে পরিশোধ করা ৭.৫ লাখ রুপি ছাড়া আশা আর কোনো অর্থ দেননি।

যোগাযোগ করা হলে মণিপাল হাসপাতালের এক কর্মকর্তা শনিবার মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। তবে আশার অভিযোগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

পরে এক বিবৃতিতে হাসপাতাল জানায়, শাবুজ গুরুতর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। তার শরীরে অক্সিজেনের ঘাটতি ধরা পড়ার পর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে তার হৃদ্‌যন্ত্র দুবার বন্ধ হয়ে যায় এবং চিকিৎসকরা তাকে পুনরুজ্জীবিত করেন। পরে তাকে ইসিএমও ও ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়।

হাসপাতাল আরও জানায়, পরীক্ষায় শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট ও রক্তনালিতে বাধা ধরা পড়ার পর ৯ সেপ্টেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে পালমোনারি থ্রম্বোএন্ডার্টেরেকটমি করা হয়। হাসপাতালের ভাষ্য, নিবিড় পরিচর্যা ও সার্জারি দলের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ১৮ সেপ্টেম্বর ২০২৬ শাবুজ তার অসুস্থতার কাছে হার মানেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক

ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করার পাশাপাশি নগরীর খালগুলো পুনরুদ্ধার, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে সরকার কাজ করছে। এর আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর খালগুলোর দুই পাশে প্রয়োজন অনুযায়ী রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নন্দীপাড়া এলাকার জিরানী খাল পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। এ সময় তার সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মীর শাহে আলম উল্লেখ করেন, ডিএসসিসির ২৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৯টি খালের দুই পাশে প্রয়োজন অনুযায়ী রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এর ফলে খালের পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং অবৈধ দখল প্রতিরোধ করা সম্ভব হবে। একই সঙ্গে নগরবাসীর জন্য হাঁটার ও বিনোদনের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, ঢাকা মহানগরীর পয়োবর্জ্য সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে শোধন করে নদীতে ফেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ জন্য গঠিত কমিটি ইতোমধ্যে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার একদিনে দেশের উন্নয়ন সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়ার মতো করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিতে চায় না। বাস্তবতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

নদী-খাল রক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজ শুধুমাত্র সরকারের পক্ষে সম্ভব নয়, এ বিষয়ে ঢাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত, কারিগরি ও প্রশাসনিক সহযোগিতার আশ্বাসও তিনি প্রদান করেন।

পরিদর্শনকালে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম জানান, ডিএসসিসির নতুন যুক্ত হওয়া এলাকায় বিদ্যুৎ, ড্রেনেজ ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার পর্যাপ্ত বরাদ্দ দিয়েছে। তবে সুপরিকল্পিত মাস্টারপ্ল্যানের আওতায় এসব এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য আরও বরাদ্দ প্রয়োজন।

৩ দশমিক ৯০ কিলোমিটার দীর্ঘ ও ৪ থেকে ২৫ মিটার প্রস্থের জিরানী খালটি ‘ডিএসসিসির কালুনগর, মান্ডা, জিরানী ও শ্যামপুর খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় সংস্কার করা হচ্ছে।

৮৯৮ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হবে। এর ৭০ শতাংশ অর্থ সরকার এবং ৩০ শতাংশ অর্থ ডিএসসিসি প্রদান করছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করছে ডিএসসিসি।

২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত প্রকল্পটির সার্বিক অগ্রগতি ২১ দশমিক ৮৪ শতাংশ। এর মধ্যে মান্ডা খালের কাজের অগ্রগতি ৭ দশমিক ৮৩ শতাংশ, জিরানী খালের ৫ দশমিক ৬০ শতাংশ, কালুনগর খালের ৬ দশমিক ৩৬ শতাংশ এবং শ্যামপুর খালের ২ দশমিক ৫ শতাংশ।

প্রকল্পের আওতায় চারটি খালের প্রায় ২০ দশমিক ৫৯ কিলোমিটার পুনঃখনন ও স্লাজ অপসারণ, সীমানা নির্ধারণ এবং স্লোপ প্রটেকশনের কাজ করা হবে। এছাড়া ৩২ দশমিক ৫৬ কিলোমিটার রিটেইনিং ওয়াল, ৩৮ দশমিক ৬ কিলোমিটার সুরক্ষা বেষ্টনী এবং ৩২ দশমিক ৪৪ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

খালগুলোর পাড়ে ল্যান্ডস্কেপিং ও সবুজায়নের পাশাপাশি পরিবেশদূষণ রোধে আটটি ইটিপি নির্মাণ করা হবে। সিএস রেকর্ড অনুযায়ী ১৪৯টি এবং পানি আইন-২০১৩ অনুযায়ী ১ হাজার ৫৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনাও রয়েছে।

প্রকল্প বাস্তবায়নে খালের সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জটিলতা, অচল কালভার্ট অপসারণ, সঠিক পয়োনিষ্কাশন ব্যবস্থার অভাব এবং প্রয়োজনীয় জমির সীমিত প্রাপ্যতাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিনসহ বাংলাদেশ নৌবাহিনী ও ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪ ফুট ১০ ইঞ্চি উচ্চতা নিয়ে গিনেসে নাম লেখালেন অটাম কেলসো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


৪ ফুট ১০ ইঞ্চি উচ্চতা নিয়ে গিনেসে নাম লেখালেন অটাম কেলসো

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা অটাম কেলসো বর্তমানে সেন্ট পিট বিচ ফায়ার রেসকিউ বিভাগে একজন সক্রিয় প্যারামেডিক এবং ফায়ার ফাইটার হিসেবে কর্মরত আছেন। তিনি পাঁচ বছর ধরে সুনামের সঙ্গে ফায়ার ফাইটার হিসাবে কাজ করে আসছেন।

সম্প্রতি, অটাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে সক্ষম হয়েছেন। তার উচ্চতার কারণে তিনি ফায়ার ফাইটার হতে চাননি, কিন্তু আজ তার নাম বিশ্ব রেকর্ডের তালিকায় স্থান করে নিয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, অটামের উচ্চতা মাত্র ৪ ফুট ১০ ইঞ্চি (প্রায় ১৪৭ সেন্টিমিটার)। যখন তার বয়স ২০-এর কোঠায় ছিল, তখন তিনি করপোরেট দুনিয়ায় নিজের কর্মজীবন শুরু করেছিলেন। কিন্তু এক সময় তিনি অনুভব করেন, ডেস্কের পেছনে বসে কাজ করা তার জন্য উপযুক্ত নয়।

অটাম সমাজে অবদান রাখতে চান, এই চিন্তা থেকেই তিনি ফায়ার ফাইটার হিসেবে নতুন পেশার দিকে মনোনিবেশ করতে শুরু করেন; তবে তার উচ্চতা নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন। এ সময় তার কয়েকজন বন্ধু তাকে উৎসাহিত করেন।

অটাম তার উচ্চতাকে কখনোই কাজের পথে বাধা হতে দেননি। তিনি জানান, তিনি সবসময় তার কাজ নিখুঁতভাবে সম্পন্ন করেন। তার সহকর্মীরা তার লাফিয়ে উঠে কাজ করার ক্ষমতার কারণে তাকে ‘স্পাইডার মাংকি’ নামেও ডাকেন।

অটাম আরও বলেন, সহকর্মীদের উৎসাহে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেন এবং নিয়ম অনুযায়ী মাপজোখের প্রক্রিয়া সম্পন্ন করার পর তিনি বিশ্বের সবচেয়ে কম উচ্চতার নারী ফায়ার ফাইটারের স্বীকৃতি লাভ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় রাতের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


ঢাকায় রাতের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকায় রাতের তাপমাত্রা সম্পর্কে নতুন তথ্য প্রদান করেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। একই সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। এ সময় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাতের ঘটনা ঘটেনি। সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবির ৪০ অসচ্ছল শিক্ষার্থীর পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


চবির ৪০ অসচ্ছল শিক্ষার্থীর পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আর্থিকভাবে অসচ্ছল ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বার্ষিক বৃত্তি প্রদান ও হিসাব উপস্থাপন অনুষ্ঠান ২০২৬’-এ নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।

সংগঠনটির দাবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একসঙ্গে এত সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘটনা এটি সর্বোচ্চ।

অনুষ্ঠানে বৃত্তি প্রদানের পাশাপাশি গত এক বছরে সংগঠনটির কার্যক্রম এবং আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের জন্য চলমান বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন সংগঠনটির সংশ্লিষ্টরা।

‘উত্তরণ’ ২০২২ সালে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তার লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের সমন্বয়ে পরিচালিত এই সংগঠনটি বৃত্তি দেওয়ার পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহ করে আসছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল, দেশনেত্রী খালেদা জিয়া হল, এফ রহমান হল ও শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীরা এ খাদ্যসহায়তা পাচ্ছেন। পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থাও করে সংগঠনটি।

এছাড়া, রক্তদান কর্মসূচি, স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্যসেবা এবং ‘উত্তরণ টিউশন সেবা’সহ বিভিন্ন শিক্ষার্থীকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

উত্তরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিফাত খান শিশির বলেন, "আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করার অংশ হিসেবে বার্ষিক বৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।"

তিনি আরও বলেন, "গত পাঁচ বছরে আমরা প্রায় চার হাজার শিক্ষার্থীকে সেবা দিয়েছি। অসচ্ছল শিক্ষার্থীদের খাবার বাবদ প্রায় ৯ লাখ টাকা ব্যয় হয়েছে।"

অনুষ্ঠানে সংগঠনটির সাবেক ও বর্তমান স্বেচ্ছাসেবক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%