ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’


রাজশাহীতে চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’

রাজশাহীতে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

রোববার (১১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে নগরীর কেদুর মোড়ের ‘বেলী ভিলা’ নামক বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বেলী খাতুন (৭০) মৃত ফখরুদ্দীনের স্ত্রী। তার চার সন্তানের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে বিদেশে বসবাস করেন এবং অন্য ছেলে ঢাকায় থাকেন।

আরও পড়ুন: বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন কিশোরী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে বেলী খাতুনের স্বামী মারা যান। এরপর থেকে তিনি ওই বাড়ির দোতলায় একা থাকতেন। রোববার রাতে দীর্ঘ সময় ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে বাড়ির ভাড়াটিয়া, গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা এবং প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাড়ির ভাড়াটে মো. মারুফ জানান, শুক্রবার বৃদ্ধাকে শেষবারের মতো বাড়ির বাইরে দেখা গিয়েছিল। এরপর থেকে তার থাকার কক্ষটি তালাবদ্ধ ছিল। প্রতিবেশীরা ধারণা করেছিলেন তিনি হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। কিন্তু রোববার রাতে তার বন্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে বোয়ালিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এদিকে, ওই নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়ির সামনে স্থানীয়দের ভিড় জমে। পরে ময়নাতদন্তের জন্য রাতেই মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী গণমাধ্যমকে জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শনাক্ত, গ্রেপ্তার হয়নি কেউ

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। সেই সঙ্গে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি চাকরিতে থাকা কর্মকর্তাকে এনসিপির কমিটিতে পদে থাকার অভিযোগে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


সরকারি চাকরিতে থাকা কর্মকর্তাকে এনসিপির কমিটিতে পদে থাকার অভিযোগে শোকজ

সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটিতে পদে থাকার অভিযোগে শোকজের মুখে পড়েছেন ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলু। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে আরটিভিসহ একাধিক গণমাধ্যমে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর। এর পরিপ্রেক্ষিতে ১১ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী স্বাক্ষরিত ওই নোটিশে সফিউল্ল্যাহ জগলুকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।

এর আগে, গত ৫ অক্টোবর এনসিপির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান ও সদস্যসচিব শরীফ হাওলাদার সাগরের স্বাক্ষরে আগামী ছয় মাসের জন্য দলটির চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়। সাত সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সফিউল্ল্যাহ জগলুর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

সরকারি চাকরিতে কর্মরত একজন কর্মকর্তার রাজনৈতিক দলের সাংগঠনিক পদে থাকা নিয়ে বিষয়টি আলোচনায় আসে। সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিধিনিষেধ এবং সংশ্লিষ্ট আচরণবিধি প্রতিপালন নিয়েও প্রশ্ন দেখা দেয়।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২৫(১)-এ সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এ বিধানের আলোকে সফিউল্ল্যাহ জগলুর রাজনৈতিক দলের কমিটিতে পদে থাকার বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী বলেন, "বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। আমরা ১১ অক্টোবর সফিউল্ল্যাহ জগলুকে লিখিত শোকজ করেছি। তিন কর্মদিবসের মধ্যে জবাব দাখিলের জন্য বলা হয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিলমিলে উদ্বোধন হলো ১৯ জেলার অস্থায়ী বাস টার্মিনাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


ঝিলমিলে উদ্বোধন হলো ১৯ জেলার অস্থায়ী বাস টার্মিনাল

ঢাকার যানজটের সমস্যা সমাধানের জন্য দক্ষিণবঙ্গগামী ১৯টি জেলার বাসের চলাচলের উদ্দেশ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাজউক ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় একটি অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে।

টার্মিনালটির উদ্বোধন অনুষ্ঠিত হয় সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানান, ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নবিষয়ক সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। গত ২৪ মার্চ, ১৪ মে, ১৫ জুন ও ২৯ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাগুলোতে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকার অস্থায়ী টার্মিনাল থেকে দক্ষিণবঙ্গের ১৯টি জেলায় বাস চলাচল শুরু হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এর ফলে রাজধানীর ভেতরে দূরপাল্লার বাসের প্রবেশ ও চলাচলজনিত চাপ কমবে।

এই উদ্যোগের মাধ্যমে নগরীর যানজট কমানোর পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাজধানীতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছে ডিএমপি। জনস্বার্থে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করাচিতে ১৪৪ ধারা জারি, ২০ অক্টোবর পর্যন্ত কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


করাচিতে ১৪৪ ধারা জারি, ২০ অক্টোবর পর্যন্ত কার্যকর

পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধ-এর রাজধানী করাচিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরটিতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে, যা জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি’ এড়াতে প্রবর্তিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

আজ করাচির কমিশনার সৈয়দ হাসান নাকভির জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে— প্রধান সড়ক, মোড় ও চত্বরগুলোতে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান ও র‍্যালি অনুষ্ঠিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এর ফলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং ‘নিরাপত্তা নিয়ে মারাত্মক উদ্বেগ’ দেখা দিয়েছে। এই ধরনের সড়ক অবরোধ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করছে, জরুরি সেবাসমূহের যানবাহন চলাচল বাধাগ্রস্ত করছে এবং হাসপাতালে যাতায়াতের পথ সীমিত করছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে করাচি ডিভিশনে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান, র‍্যালি এবং পাঁচজনের বেশি মানুষের জমায়েতের ওপর ১৪৪ ধারার অধীনে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই ধরনের জমায়েত, র‍্যালি, প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল এবং সমাবেশ আয়োজন, সংঘটিত বা তাতে সহায়তা করা হলে নানাবিধ সংকট তৈরি হতে পারে। তাই যেকোনও সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে, জনশান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে, নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষা করতে, জননিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং সাধারণ জনগণ ও জরুরি সেবাসমূহের বাধাহীন চলাচল সহজ করতে একটি নির্দিষ্ট সময়ের জন্য এই প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করা ‘প্রয়োজনীয়’ বলে বিবেচিত হয়েছে।

এই পরিস্থিতিতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত যেকোনো স্থানে ৫ জনের বেশি লোকের জনসমাগমের পাশাপাশি কোনো প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান ধর্মঘট, সমাবেশ, মিছিল বা অন্যান্য জনসমাবেশ আয়োজন, পরিচালনা, আহ্বান এবং এতে প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন?

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায় ঘোষণার পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের পূর্বে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য পুনরুদ্ধার করেন তারা।

২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে একটি স্বাধীন কমিশন রায় প্রদান করে। তবে ক্লাবটি সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে এবং নিজেদের অবস্থানের পক্ষে অকাট্য প্রমাণ রয়েছে বলেও দাবি করেছে সিটি।

রায়ের পর প্রিমিয়ার লিগে এটি ছিল সিটির প্রথম ম্যাচ। প্রতিদ্বন্দ্বী লিভারপুলের সমর্থকদের কাছ থেকে ম্যাচজুড়ে সিটির খেলোয়াড়রা দুয়ো ও ব্যঙ্গের মুখে পড়েন। অন্যদিকে, নিজেদের খেলোয়াড়দের প্রতি সমর্থন জানাতে হাততালি দেন সিটির সমর্থকরা। পাশাপাশি আকাশে উড়ানো হয় শত শত বাতাসভরা কলা।

ম্যানচেস্টার সিটির সমর্থকদের কলা উড়ানোর পেছনে রয়েছে কয়েক দশকের পুরোনো ইতিহাস। ১৯৮৭-৮৮ মৌসুমে দ্বিতীয় বিভাগে অবনমনের পর বাতাসভরা কলা ক্লাবটির সমর্থকদের কাছে এক ধরনের প্রতীকে পরিণত হয়।

এই ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে সাবেক স্ট্রাইকার ইমরে ভারাদির নাম। সমর্থকদের কাছে তিনি ‘ইমরে বানানা’ নামে পরিচিত ছিলেন। প্রচলিত বর্ণনা অনুযায়ী, ফ্রাঙ্ক নিউটন নামের এক সমর্থক পরবর্তী সময়ে মাঠে বাতাসভরা কলা নিয়ে আসেন। এরপর ধীরে ধীরে সিটির ম্যাচে কলা নিয়ে আসার রীতি ছড়িয়ে পড়ে।

লিভারপুল ম্যাচের আগে সমর্থকদের কাছে কলা বিক্রি করা দান্তে ফ্রেন্ড জানান, ভারাদিকে ‘ইমরে বানানা’ নামে ডাকতেন একজন সমর্থক। পরবর্তী ম্যাচে ফ্রাঙ্ক নিউটন বাতাসভরা কলা নিয়ে আসেন এবং এরপর অন্য সমর্থকরাও এই রীতিতে যোগ দেন।

আশির দশকের শেষ দিকে ইংলিশ ফুটবলে গ্যালারিকেন্দ্রিক সহিংসতা ও উত্তেজনার মধ্যে এই আয়োজন সমর্থকদের জন্য হাস্যরসের উপলক্ষ হয়ে উঠেছিল। দান্তে ফ্রেন্ডের ভাষ্য, সমর্থকদের বড় একটি অংশ মারামারির বদলে আনন্দ-উৎসবেই অংশ নিতেন।

সমর্থকদের সংগঠন ‘১৮৯৪’ এই আয়োজনের প্রচারে ভূমিকা রাখে। তাদের উদ্দেশ্য ছিল, আর্থিক অনিয়মের অভিযোগ ও সমালোচনার মধ্যে খেলায় আনন্দ ফিরিয়ে আনা এবং নিজেদের ক্লাবের প্রতি সমর্থন প্রকাশ করা।

অন্যদিকে, অ্যানফিল্ডে সিটির প্রতি ক্ষোভ প্রকাশ করেন লিভারপুলের সমর্থকরা। ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে সিটির খেলোয়াড়দের ছবি ব্যবহার করে ‘দোষী’ ও ‘প্রতারক’ লেখা পতাকা এবং স্কার্ফ বিক্রি করা হয়। খেলা শুরুর আগে লিভারপুলের টিম বাসকে স্বাগত জানাতে রাস্তার দুই পাশে ভিড় করেন সমর্থকরা।

ম্যাচ চলাকালে সিটির খেলোয়াড়রা বল স্পর্শ করলেই দুয়ো দেন স্বাগতিক সমর্থকরা। মাঠের এক কোণে প্রদর্শিত একটি ব্যানারে লেখা ছিল, ‘সমর্থকদের একটি প্রজন্মকে প্রতারিত করা হয়েছে।’

এদিকে, সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে স্টেডিয়ামের আশপাশে নিরাপত্তা জোরদার করে মার্সিসাইড পুলিশ। লিভারপুলের টিম বাস বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতিতে স্টেডিয়ামে পৌঁছালেও সিটির দুটি বাস বিকল্প ও তুলনামূলক শান্ত পথ ব্যবহার করে মাঠে প্রবেশ করে।

সব মিলিয়ে, অ্যানফিল্ডে বাতাসভরা কলা উড়ানোর ঘটনা শুধুমাত্র একটি ব্যতিক্রমী আয়োজন নয়; বরং এটি ম্যানচেস্টার সিটির সমর্থকদের কাছে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি বিতর্কের মধ্যেও প্রিয় ক্লাবের পাশে থাকার প্রতীক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%