ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আখাউড়ায় নবগঠিত বরিশল ইউনিয়নের অস্থায়ী কার্যালয় উদ্বোধন


আখাউড়ায় নবগঠিত বরিশল ইউনিয়নের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাথে সদ্য যুক্ত নতুন ‘বরিশল’ ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে আনুষ্ঠানিকভাবে নতুন এই ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন মো. ফজলুর রহমান ভূঁইয়া।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বরিশল গ্রামে মো. ফজলুর রহমান ভূঁইয়ার নিজ বাড়িতে পরিচালিত এই অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে নতুন এই ‘বরিশল’ ইউনিয়ন গঠন করে সরকার গেজেট প্রকাশ করে। এর ফলে আখাউড়া উপজেলায় ইউনিয়নের সংখ্যা পাঁচ থেকে বেড়ে ছয়টিতে উন্নীত হলো।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

অস্থায়ী কার্যালয় উদ্বোধন এবং নবগঠিত ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আক্তার খাঁনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

দায়িত্ব গ্রহণের পরে নবগঠিত বরিশল ইউনিয়নের প্রশাসক মো. ফজলুর রহমান ভূঁইয়া মন্তব্য করেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে বরিশলকে আমি সর্বশ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। আমি নিজেও কখনো দুর্নীতি করিনি, কাউকে করতেও দেব না। সরকারের সকল বরাদ্দ সবাইকে নিয়ে পরামর্শ করে বণ্টন করব এবং নিজে তদারকি করব।’

এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, ‘আজকে নতুন বরিশল ইউনিয়নের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এখন থেকে প্রশাসক তার পরিষদ নিয়ে এখান থেকেই যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন।’

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষা নিয়ে বার্তা দিলেন মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


এইচএসসি পরীক্ষা নিয়ে বার্তা দিলেন মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদের ভবিষ্যৎ, স্বপ্ন ও মানসিক অবস্থার গুরুত্ব সরকার গভীরভাবে উপলব্ধি করে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসে তিনি এই কথাগুলো বলেন।

পোস্টে মাহদী আমিন উল্লেখ করেছেন, ‘দেশজুড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ চলমান রয়েছে। বিরূপ আবহাওয়ার মধ্যে কেন এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এ নিয়ে স্বাভাবিকভাবেই শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের উদ্বেগ ও প্রশ্ন রয়েছে। এ বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ও যথেষ্ট ভেবেছে। পারিপার্শ্বিক সব পরিস্থিতি বিবেচনায়, দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অন্যান্য অংশীজনের মতামতের ভিত্তিতে বর্তমানে এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারী বর্ষণের কারণে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। তবে জানা গেছে যে, দেশজুড়ে পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদের ভবিষ্যৎ, স্বপ্ন ও মানসিক অবস্থার গুরুত্ব সরকার গভীরভাবে উপলব্ধি করে। জনগণের নির্বাচিত সরকার হিসেবে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করা সরকারের একটি দায়বদ্ধতা। পরীক্ষার্থীদের যেন কোনো দুর্ভোগ না হয় সেটি যেমন সরকারের লক্ষ্য, ঠিক তেমনি তাদের দীর্ঘদিনের পাঠ্যক্রম ও মানসিক প্রস্তুতিকে মূল্যায়ন করে যথাসময়ে এবং সুষ্ঠুভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন করাও সরকারের দায়িত্ব। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাই আমাদের অগ্রাধিকার। এ কারণে শিক্ষা মন্ত্রণালয় বিগত কয়েকদিন ধরেই আবহাওয়া অধিদপ্তর এবং প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। আজ সকালে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করা হয়েছে। সর্বসম্মত মতামত এসেছে যে, চট্টগ্রাম বোর্ড ব্যতীত দেশের সকল বোর্ডের আওতাধীন এলাকায় পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ বিদ্যমান। তবে একইসাথে সীমিতসংখ্যক শিক্ষার্থীর ভোগান্তি কাম্য নয় এবং সেক্ষেত্রে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা রয়েছে।’

ফেসবুক পোস্টে মাহদী আমিন আরো লিখেছেন, ‘চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২,৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি- এই পাঁচ জেলায় ইতোমধ্যে ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যান্য জেলায় পরীক্ষা আয়োজনের জন্য অনুকূল পরিবেশ থাকায়, বৃহত্তর স্বার্থ বিবেচনায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। সামনের দিনগুলোতেও বিরূপ আবহাওয়ার জন্য একদিকে দেশজুড়ে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে, অন্যদিকে শিক্ষার্থীবান্ধব যে কোনো পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে, কোথাও যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা হলে প্রয়োজন হলে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত, কিংবা পরীক্ষার সময় বৃদ্ধিসহ যে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত তারা নিতে পারবেন। যদি বিরূপ আবহাওয়ার কারণে দেশের কোথাও কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারে, তবে তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সঙ্গে একই দিনে অংশগ্রহণ করতে পারবে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ভুল পাওয়ার তথ্য এসেছে। উক্ত প্রশ্নের জন্য সবাইকে ফুল মার্কস দেওয়ার যে সিদ্ধান্ত, সেটি শিক্ষার্থীবান্ধব নীতিরই প্রতিফলন।’

তিনি বলেন, ‘গতকাল কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নৌকায় পরীক্ষার্থী পারাপারের ছবি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৯৩টি কেন্দ্রের মধ্যে আকস্মিক জলাবদ্ধতার কারণে মূলত এই একটি কেন্দ্রের ৯৮৭ জন পরীক্ষার্থী সাময়িক সমস্যায় পড়ে। পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন, পুলিশ সুপার, সিটি করপোরেশন এবং শিক্ষা বোর্ডের সমন্বিত সিদ্ধান্তে ওই কেন্দ্রের পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে এবং পরীক্ষার পূর্ণ সময় নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি যাতায়াতের জন্য আলোচিত সেই ছবির মতো বহুমুখী উদ্যোগের মাধ্যমে প্রশাসনিক পদক্ষেপে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। কেবল একটি কেন্দ্রের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক হলেও, কুমিল্লা বোর্ডের বাকি ১৯২টি কেন্দ্রের প্রায় সকল শিক্ষার্থীর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ‘সারা দেশে ২,৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে মুষ্টিমেয় কিছু কেন্দ্রের ছবি ও ভিডিও নিশ্চয়ই পুরো পরীক্ষা ব্যবস্থার প্রতিনিধিত্ব করে না। মিথ্যা-পুরোনো ছবি ও ভিডিও দিয়ে অপপ্রচার চালানো, কিংবা রাজনৈতিক ফায়দা হাসিল ও উসাকনি প্রদান গণআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে কোমলতি শিক্ষার্থীরা নিশ্চয়ই সজাগ রয়েছে।’

গণতান্ত্রিক যে মূল্যবোধ আমরা ধারণ করি, সেখানে গঠনমূলক ও ইতিবাচক সমালোচনা অবশ্যই থাকবে উল্লেখ করে ফেসবুক পোস্টে মাহদী আমিন লিখেছেন, ‘মতের পার্থক্যও থাকবে, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমাদের ঐকমত্য থাকতে হবে। আমরা বিশ্বাস করি, বৃহত্তর জাতীয় স্বার্থে শিক্ষার্থীবান্ধব প্রতিটি মানুষের ঐক্য প্রয়োজন। কারণ দেশটা আমাদের সবার। এই শিক্ষা ব্যবস্থা আমাদের সবার। এই শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের সহযোগিতা করা ও প্রেরণা যোগানো আমাদের সবার সমন্বিত দায়িত্ব।’

‘শিক্ষার্থীদের প্রতি প্রবল দায়বদ্ধতা ও অবারিত দায়িত্বশীলতার মাধ্যমে দেশ পরিচালনায় বর্তমান সরকার ব্রত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বিপুলসংখ্যক জনগণের আকাঙ্ক্ষা ও চাহিদার প্রতি শ্রদ্ধাশীল। প্রাকৃতিক দুর্যোগের মাঝে পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থীর কষ্ট হয়েছে, এটি যেমন সত্য; তেমনি বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পেরেছে, এটিও সত্য। কিছু পরীক্ষা কেন্দ্রে ভোগান্তির সৃষ্টি হয়েছে, এটি যেমন সত্য; দেশের বিরাট অংশের শিক্ষার্থীরা কোনো ধরনের বন্যা, জলাবদ্ধতার বা দুর্ভোগে পড়েনি, এটিও সত্য।’

মাহদী আমিন বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থীরাই আগামীর দেশ বিনির্মাণের কারিগর। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগাতে দায়বদ্ধ। তাই সব ধরনের দ্বিধা ও অস্থিরতা পেছনে ফেলে, নিজের মেধা ও যোগ্যতার ওপর পূর্ণ আস্থা রেখে, দেশের সকল পরীক্ষার্থীদের মূল মনোযোগ হওয়া উচিত পড়ালেখায় মনোনিবেশ করে সর্বোচ্চ ফলাফল অর্জন করা। এই পরীক্ষা শুধু একটি সার্টিফিকেট পাওয়ার লড়াই নয়, বরং পরিশ্রমের ফলস্বরূপ নিজের লক্ষ্যে পৌঁছানো এবং দেশকে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ ধাপ।’

ফেসবুক পোস্টের শেষ অংশে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন লিখেছেন, ‘আমাদের সবার সম্মিলিত দায়িত্ব, এমন পরিবেশ অটুট রাখা, যেন শিক্ষার্থীরা আতঙ্কিত না হয় বা তাদের আত্মবিশ্বাস কোনভাবেই ক্ষুণ্ন না হয়। আগামী দিনের পরীক্ষাগুলোতে শিক্ষার্থীরা সুন্দর ও সুষ্ঠুভাবে অংশগ্রহণ করবে, নিজেদের সাফল্যে নিশ্চিত করবে বাংলাদেশের সমৃদ্ধি, ইনশাআল্লাহ’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ফের রাজপথে নামবে জনগণ: হাসনাত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ফের রাজপথে নামবে জনগণ: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, শুধু সরকার বা ‘চালক’ পরিবর্তন করলেই হবে না, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারও জরুরি। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনগণ আবারও রাজপথে নামবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে জুলাই পদযাত্রার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বাসের ব্রেক ও চাকা পরিবর্তনের সঙ্গে রাষ্ট্রকাঠামো সংস্কারের তুলনা করে তিনি বলেন, জনগণের বড় অংশ এ ধরনের সংস্কারের পক্ষে মত দিয়েছে।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, নির্বাচনের পর সরকার সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। অতীতের নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে তিনি বলেন, এবারও জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে। তিনি এনসিপির দাবি তুলে ধরেছেন, যা শুধু সরকার পরিবর্তন নয়, বরং পুরো রাষ্ট্রব্যবস্থার সংস্কার প্রয়োজন।

পুলিশকে নির্দলীয় ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে স্বাধীন গণমাধ্যম কমিশন ও সংবিধান সংস্কারের বিষয়েও সরকারের সমালোচনা করেছেন এই নেতা।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে এই সংসদ সদস্য বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। তিনি থানায় হামলা ও আসামি ছিনিয়ে নেয়ার ঘটনাকে সরকারের ব্যর্থতার উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি হয়নি বলে তিনি দাবি করেন। কর্মসংস্থানের পরিবর্তে দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে। পরিস্থিতির উন্নতি না হলে আবারও জনগণ আন্দোলনে নামবে বলেও তিনি সতর্ক করেছেন।

আওয়ামী লীগের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দলটির শীর্ষ নেতৃত্ব দেশের মানুষের স্বার্থ রক্ষায় আন্তরিক নয়। তিনি সিরাজদিখানে জমি দখলের অভিযোগ তুলে বলেন, বৃহস্পতিবার (৫ আগস্ট) এর পর হাতবদলের ঘটনাগুলোর জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা কার্যকর ব্যবস্থা নেননি।

সবশেষে তিনি বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেয়ার আহ্বান জানান। তিনি এ কথা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের স্বার্থ রক্ষায় এনসিপি আন্দোলন চালিয়ে যাবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, আবু বকর মজুমদার, মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম উপস্থিত ছিলেন। এছাড়া দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

মঙ্গলবার (১৪ জুলাই) পরিচালিত এ অভিযানে মর্ডান সার্জিক্যাল ক্লিনিককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন ও সঠিকভাবে ব্যবস্থাপনা না করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারকে যথাযথ প্রক্রিয়ায় রিএজেন্ট সংরক্ষণ না করা এবং অব্যবস্থাপনার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।

অভিযান চলাকালে ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাসির রহমান উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন।

কালিজগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, জনস্বার্থে পরিবেশ দূষণ রোধ, নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন দফা দাবিতে রাতেও অব্যাহত আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


তিন দফা দাবিতে রাতেও অব্যাহত আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তারা জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে আহতের অভিযোগও পাওয়া যায়।

অন্যদিকে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় ব্যক্তিগত মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করলেও আন্দোলনের গতি থামাতে পারেননি। শিক্ষার্থীরা রাতভর রাজধানীতে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে, রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সমাবেশ করে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। সেখান থেকে তারা একটি মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের দিকে রওনা দেন। পরে সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে মানিক মিয়া অ্যাভিনিউয়ের যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করা হয়। কিন্তু শিক্ষার্থীরা অবস্থান চালিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, এ সময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

পুলিশ পরবর্তীতে সংসদ ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা আসাদগেটের আড়ং মোড় এলাকায় অবস্থান নেন। উত্তেজিত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশও তাদের ধাওয়া দেয় এবং মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরিয়ে দেয়।

এরপরেও আন্দোলন থেমে থাকেনি। রাতের মধ্যে শিক্ষার্থীরা রাজধানীতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন এবং বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা দাবি জানান দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

এদিকে, মঙ্গলবার জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ওপর সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন যেসব পরীক্ষা স্থগিত ছিল, সেগুলো নতুন প্রশ্নপত্রে আবার নেওয়া হবে। তিনি জানান, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলমান পরীক্ষার সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হবে।

বক্তব্যের এক পর্যায়ে শিক্ষামন্ত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত একটি মন্তব্য নিয়েও কথা বলেন। তিনি জানান, ‘আমার ব্যক্তিগত মন্তব্যের কারণে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলিনি। যদি কেউ আহত হয়ে থাকেন, তাহলে আমি দুঃখ প্রকাশ করছি।’

প্রসঙ্গত, সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফোনালাপ ছড়িয়ে পরে যেখানে শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করেছেন—এমন অভিযোগ ওঠে। এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে, শিক্ষার্থীরা পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%