০৯:৫৯ পি.এম
কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় বিসিআইসির মাধ্যমে নয়জন সার ডিলার নিয়োগ পেয়েছেন। অভিযোগ উঠেছে যে, নিয়োগপ্রাপ্ত সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের মধ্যে রয়েছে দলের কেন্দ্রীয় নেতা, জেলা বিএনপির এক নেতার স্ত্রী ও মেয়ে। বাকিরা উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতা।
সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলায় সার ডিলার হওয়ার জন্য ১৪৫ জন আবেদন করেছেন এবং রাজিবপুরে ৫৫ জন আবেদন করেছেন। এই দুই উপজেলার নয়টি ইউনিয়নে নয়জনকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ডিলার নিয়োগের প্রক্রিয়ায় সরকারি নীতিমালা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। তালিকায় এক ইউনিয়নে আবেদন করলেও নিয়োগ দেওয়া হয়েছে অন্য ইউনিয়নে। দু-একজন ছাড়া কারও নির্দিষ্ট গোডাউন নেই। ডিলার নিয়োগে এ ধরনের অনিয়ম ও চরম দলীয়করণের অভিযোগে এলাকায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকার উদ্যোগ, আসছে রোবটিক সার্জারি ব্যবস্থা
নিয়োগপ্রাপ্ত ডিলারদের মধ্যে মমতাজ হোসেনের প্রতিষ্ঠানের নাম মেসার্স মমতাজ এন্টারপ্রাইজ। তিনি কেন্দ্রীয় মহিলা দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তাকে রৌমারী সদর ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার ঠিকানা দক্ষিণ টাপুরচর উল্লেখ করা হয়েছে, যা বন্দবেড় ইউনিয়নের আওতাধীন।
মো. আলমগীর হোসেনের প্রতিষ্ঠানের নাম মেসার্স আরাফ এন্টারপ্রাইজ। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেমের ভাগিনা। তার নির্দিষ্ট কোনো গোডাউন নেই। নৌবন্দর আবাসিক হোটেল নামের একটি প্রতিষ্ঠানকে গোডাউন হিসেবে দেখানো হয়েছে। তাকে বন্দবেড় ইউনিয়নে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
হাসনা হেনার প্রতিষ্ঠানের নাম জমজম ট্রেডার্স। তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য এবং কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত আজিজুর রহমানের স্ত্রী। তাকে যাদুরচর ইউনিয়নে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. স্বাধীন হোসেনকে দাঁতভাঙ্গা ইউনিয়নে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রৌমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। মেসার্স নাইম ট্রেডার্সের স্বত্বাধিকারী নাজমুল হুদাকে শৌলমারী ইউনিয়নের ডিলারের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি শৌলমারী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব।
আরও পড়ুন: লালমনিরহাটে বেশি দামে গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
মেসার্স সম্রাট অ্যালুমিনিয়াম স্টোরের স্বত্বাধিকারী আহমেদ নুরে আলম ফেরদৌস পেয়েছেন চরশৌলমারী ইউনিয়নের সার ডিলারের দায়িত্ব। তিনি চরশৌলমারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
অন্যদিকে, মেসার্স রিতা ট্রেডার্সের মালিক মোছা. রেজিনা তাসরিন রাজিবপুর ইউনিয়নের ডিলার হয়েছেন। তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য এবং রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়কের স্ত্রী। মেসার্স সোহান ট্রেডার্সের মালিক মো. সোহানুর রহমান কোদালকাটি ইউনিয়নের সার ডিলার। তিনি ওই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। মেসার্স মণ্ডল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহাজালাল তারেক মোহনগঞ্জ ইউনিয়নের ডিলার। তিনি ওই ইউনিয়নের ছাত্রদল নেতা।
সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ সম্পর্কে কেন্দ্রীয় মহিলা দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন মন্তব্য করেন, "বিএনপি নেতাদেরই তো দেওয়ার নিয়ম। তারা না পেলে কারা পাবে?" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকারিভাবে নির্দেশনা রয়েছে বিএনপি নেতাদের ডিলারশিপ দেওয়ার।"
জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বলেন, "দু-একজনকে দলের বাইরে থেকে দিলে ভালো হতো। সরকারি শর্ত সাপেক্ষেই আমার স্ত্রীর নামে ডিলার নিয়োগ হয়েছে।"
আরও পড়ুন: মাদক addiction উন্নয়নের প্রধান অন্তরায়: ডা. জাহিদ
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, "নীতিমালা অনুযায়ী প্রতি ইউনিয়ন থেকে যাচাই-বাছাই শেষে তিনজনের নামের তালিকা পাঠিয়েছি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন