ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আ.লীগ নেতার বাগান থেকে ২৪ লাখ টাকার গাছ উধাও


আ.লীগ নেতার বাগান থেকে ২৪ লাখ টাকার গাছ উধাও

রাঙ্গামাটির লংগদু উপজেলা বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার সেগুন বাগান থেকে গাছ কেটে বিক্রির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় যেই ভিডিওটি ভাইরাল হয়েছে, তা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য রাজ্জাককে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের যৌথ স্বাক্ষরে এই নোটিশটি জারি করা হয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে উপজেলা বিএনপির সদস্য রাজ্জাক মন্তব্য করেছেন যে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা ফয়েজুল আজীম ফয়েজের একটি সেগুন বাগান থেকে প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যের গাছ কেটে উপজেলা বিএনপি বিক্রি করেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এই অভিযোগকে সম্পূর্ণভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে বলেন, এটি দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি পরিকল্পিত অপপ্রচার।

ইস্যু করা নোটিশের মাধ্যমে অভিযুক্ত রাজ্জাককে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার বক্তব্যের সপক্ষে আগে উল্লিখিত তথ্য-প্রমাণ সহ লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

উপজেলা সভাপতি আরও জানিয়েছেন যে, অভিযুক্ত সদস্য যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক প্রমাণ দিতে ব্যর্থ হন, তবে জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত বিএনপি নেতা রাজ্জাকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলস্বরূপ, এই বিষয়ে তার কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের,

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৬ এম


চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের,

যুক্তরাষ্ট্রের নির্বাচনী তথ্য চুরির গুরুতর অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে। একদিকে এই অভিযোগ, অন্যদিকে একই সময়ে দুই মাস পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় সফরের প্রস্তুতি অব্যাহত রেখেছে হোয়াইট হাউস। এতে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ইস্ট রুমে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, "চীন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী তথ্যভাণ্ডারে অনুপ্রবেশ ঘটিয়েছে।" তিনি বলেন, "চীন ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনী তথ্যের নিরাপত্তা ভঙ্গ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। চীনা সরকার চেয়েছিল, আমি যেন ২০২০ সালের নির্বাচনে পরাজিত হই।" ট্রাম্পের ভাষ্য, চীন তাকে হারাতে চেয়েছিল কারণ তিনি বেইজিংয়ের নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। "তারা জানতো, আমি তাদের ব্যাপারে সচেতন ছিলাম। আমি তাদের ওপর শত শত বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করেছি এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছি," বলেন তিনি। তবে এত গুরুতর অভিযোগ তুললেও ট্রাম্পের বক্তব্যে চীনের বিরুদ্ধে কোনও নতুন নিষেধাজ্ঞা, কূটনৈতিক পদক্ষেপ বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা ছিল না। ভাষনের পরদিন হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, আগামী দুই মাসের মধ্যে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন সফরের প্রস্তুতি আগের পরিকল্পনা অনুযায়ী চলছে। চীনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পর বেইজিংয়ের বিরুদ্ধে কোনও ধরনের প্রতিক্রিয়া বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না- এমন প্রশ্নেরও স্পষ্ট উত্তর দেয়নি হোয়াইট হাউস। এদিকে নিউইয়র্কে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প আরও বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র যদি আবার বিশ্বকাপ আয়োজন করে, তাহলে বর্তমান উত্তর আমেরিকান সহ-আয়োজকদের পরিবর্তে চীনের সঙ্গে যৌথভাবে আয়োজনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তিনি বলেন, "যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে আয়োজন করলে ম্যাচগুলোর মধ্যে যাতায়াতের সময় কম লাগবে। খেলোয়াড়রাও এটি পছন্দ করবে।" ট্রাম্প জানান, এই ধারণাটি তাকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, ওই অনুষ্ঠানে তিনি নির্বাচনী তথ্য চুরির অভিযোগের কোনও উল্লেখ করেননি। চীনের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা না নিলেও ট্রাম্প যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি অভিযোগ করেন, তার প্রথম মেয়াদে দায়িত্বে থাকা গোয়েন্দা কর্মকর্তারা চীনের এই তথ্য তার কাছ থেকে গোপন রেখেছিলেন। এ ঘটনায় চারটি ফেডারেল সংস্থাকে তদন্তের নির্দেশ দিয়ে তিনি বলেন, যারা তথ্য গোপনের সঙ্গে জড়িত ছিল তাদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করতে হবে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ আরেকবার প্রমাণ করে যে, ট্রাম্প এখনও ২০২০ সালের নির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে আগ্রহী। সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পের বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি তুলনামূলক ইতিবাচক মনোভাব দেখা গেছে। গত সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে তিনি বলেন, "আমি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বড় ভক্ত।" তিনি ইরান যুদ্ধের সময় চীনের তুলনামূলক সংযত অবস্থানেরও প্রশংসা করেন। যুদ্ধ শুরুর দিকে আশঙ্কা ছিল, বেইজিং তেহরানকে সামরিক সহায়তা দিতে পারে। তবে শেষ পর্যন্ত চীন সরাসরি সেই পথে যায়নি বলে ট্রাম্প মন্তব্য করেন। ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, "এই অভিযোগের কোনও বাস্তব ভিত্তি নেই।" তিনি বলেন, "চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করার কোনও আগ্রহ আমাদের নেই এবং আমরা কখনও তা করিনি।" একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে চীনির বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার বন্ধ করার আহ্বান জানান এবং বলেন, এমন আচরণ দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। এক বছরেরও বেশি সময় ধরে শুল্কযুদ্ধ ও বাণিজ্যিক উত্তেজনার পর ওয়াশিংটন ও বেইজিং সাম্প্রতিক সময়ে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা করছে। গত মে মাসে ট্রাম্প বেইজিং সফরে গেলে শি জিনপিং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানান। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ওয়াশিংটনে আবার দুই নেতার বৈঠকের পরিকল্পনা রয়েছে। এছাড়া নভেম্বরে চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে ট্রাম্পের অংশ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। একই সময়ে মিয়ামিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনেও শি জিনপিং অংশ নিতে পারেন। ট্রাম্প প্রশাসন যে গোপন নথিগুলো প্রকাশ করেছে, সেখানে ব্যাপক নির্বাচনী জালিয়াতি বা ভোট পরিবর্তনের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে নথিগুলোতে বলা হয়েছে, চীনের গোয়েন্দা সংস্থাগুলো বিপুল পরিমাণ মার্কিন নাগরিকের তথ্য সংগ্রহ করেছে এবং ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের প্রচার শিবিরের কর্মকর্তাদের ই-মেইল নজরদারির চেষ্টা চালিয়েছিল। একটি অবমুক্ত গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, চীনের একটি হ্যাকার গ্রুপ বাইডেন প্রচার শিবিরের ই-মেইল অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করছিল, যাতে ভবিষ্যতে আরও গোয়েন্দা তৎপরতা চালানো সম্ভব হয়। আরও কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনা সরকারি সংশ্লিষ্ট হ্যাকাররা বিভিন্ন অঙ্গরাজ্যের ভোটার নিবন্ধনসংক্রান্ত তথ্য ডাউনলোড করেছিল। তবে এসব তথ্যের অনেকটাই আগে থেকেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রকাশিত নথিতে এমন কোনও প্রমাণ নেই যে, চীন ভোট পরিবর্তন করতে পেরেছিল অথবা ভোটিং ব্যবস্থায় এমনভাবে প্রবেশ করেছিল, যাতে নির্বাচনের ফলাফল বদলে দেওয়া সম্ভব হতো। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বহু বছর ধরেই অভিযোগ করে আসছেন, চীন ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং বেসরকারি কোম্পানিগুলোর তথ্য চুরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টে বড় ধরনের সাইবার হামলার পর থেকে ওয়াশিংটনের দাবি, চীনা গোয়েন্দারা কোটি কোটি মার্কিন নাগরিকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে। ২০২৪ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও বলেছিলেন, আসন্ন মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য চীনের প্রচেষ্টার প্রমাণ যুক্তরাষ্ট্র পেয়েছে, যদিও শি জিনপিং এর আগে এমন কর্মকাণ্ড না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অতীতে যুক্তরাষ্ট্র চীনা রাষ্ট্র-সমর্থিত হ্যাকারদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা ও ফৌজদারি অভিযোগ দায়ের করেছিল। তবে এবার ট্রাম্প দাবি করেছেন, চীন ২২ কোটি মার্কিন ভোটারের তথ্য সংগ্রহ করেছে এবং এটি যুক্তরাষ্ট্রের নির্বাচনী নিরাপত্তার জন্য নজিরবিহীন হুমকি তৈরি করেছে। তারপরও রিপোর্ট লেখা পর্যন্ত বেইজিংয়ের বিরুদ্ধে নতুন কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রে ফ তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:০০ পি.এম


নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রে ফ তার

নোয়াখালী সদরের আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের সঙ্গে ছিল দুটি চোরাই মোটরসাইকেল।

শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পুল এলাকা থেকে আটক করা হয় এ দুজনকে।

গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম হল, দক্ষিণ হাতিয়ার সিরাজুল ইসলামের ছেলে ফয়সাল (৩৫) এবং সুবর্ণাচর উপজেলার পশ্চিম চরলিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, গত ১২ জুলাই রাত ১০টার দিকে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একজন সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়ে যায়। ঘটনাটি প্রত্যক্ষ করে একজন প্রত্যক্ষদর্শী পরের দিন থানায় লিখিত অভিযোগ দেন। এই চোরচক্রের সদস্যরা দুটি মাস আগে সোনাপুরে চুরি করে জয়দেব নামে একজন যুবকের মোটরসাইকেল।

শুক্রবার, ফয়সাল জয়দেবের কাছ থেকে মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার কথা বলে মোটরসাইকেল ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু টাকা পাওয়ার পরও ফয়সাল মোটরসাইকেল ফেরত দিতে গড়িমসি করছিল। আমরা যখন বিষয়টি জানলাম, জয়দেব ও তার বন্ধুদের সঙ্গে কৌশল অপন করার মাধ্যমে ফয়সাল ও জাহাঙ্গীরকে ডেকে নিয়ে পুলিশের কাছে খবর দেওয়া হয়। তখন সুধারাম মডেল থানার এসআই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাদের দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোটরসাইকেলটি। পরবর্তীতে রাতের সময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ জয়দেবের মোটরসাইকেলটিও উদ্ধার করে।

ওসি নজরুল ইসলাম জানান, ফয়সাল ও জাহাঙ্গীর আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।

মোটরসাইকেল চুরির ঘটনায় দুইটি মামলা করা হয়েছে এবং গ্রেফতার হওয়া দুজনকে শনিবার দুপুরে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা বৃদ্ধি, রফতানি বৃদ্ধি পেয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


বিশ্ববাজারে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা বৃদ্ধি, রফতানি বৃদ্ধি পেয়েছে

বিশ্ববাজারে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা বাড়ছে। সেই চাহিদা মেটাতে দেশটি রফতানিও বাড়িয়েছে। বিশেষভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্ক কমানোর পর আর্জেন্টিনার মাংসের প্রতি ক্রেতাদের আগ্রহ বেড়েছে। চলতি বছরে দেশটি প্রায় ৩৫ কোটি ডলারের মূল্যে ৪১ হাজার ৭৭০ টন গরুর মাংস রফতানি করেছে।

আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণে খামারগুলোতে গরুকে দ্রুত ওজন বাড়ানোর জন্য ভুট্টা ও সয়াবিনভিত্তিক উচ্চ পুষ্টির খাদ্য খাওয়ানো হচ্ছে। এভাবে তাদের সুফল পেতে শুরু করেছে আর্জেন্টিনা। বৈশ্বিক বাজারে বাড়তি চাহিদা ও নতুন বাণিজ্য চুক্তির সুযোগ কাজে লাগিয়ে দেশটি এখন শুধু অভ্যন্তরীণ বাজার নয়, আন্তর্জাতিক বাজারেও গরুর মাংস রফতানিতে বেশি গুরুত্ব দিচ্ছে।

আগে ৩০০ কেজি ওজন হলেই গরু রফতানির জন্য প্রস্তুত করা হতো। বর্তমানে একই গরুকে আরও কয়েক মাস খামারে রেখে ওজন বাড়িয়ে ৫৫০ কেজি পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। কারণ, গরুর ওজন যত বাড়ে, ততই রফতানি আয়ের পরিমাণ বাড়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নতুন বাণিজ্য চুক্তি। ফলে কম শুল্কে আরও বেশি গরুর মাংস রফতানির সুযোগ পেয়েছে আর্জেন্টিনা।

চলতি বছরের প্রথম পাঁচ মাসেই যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার গরুর মাংস রফতানি আগের সালের একই সময়ের তুলনায় ১৫৮ শতাংশ বেড়েছে। এ সময় দেশটি ৪১ হাজার ৭৭০ টন গরুর মাংস রফতানি করেছে, যার মূল্য প্রায় ৩৪ কোটি ৮০ লাখ ডলার।

বর্তমানে আর্জেন্টিনায় উৎপাদিত গরুর মাংসের প্রায় ৩০ শতাংশ বিদেশে রফতানি হয়। বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েক বছরের মধ্যে এই হার বেড়ে ৪০ শতাংশে পৌঁছাতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানি বাড়ায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


পানি বাড়ায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দিয়েছে রাঙ্গামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।

শনিবার (১৮ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে গেটগুলো খুলে দেওয়া হয়।

এই কারণে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জলকপাট খুলে দেওয়া হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল নয়টায় কাপ্তাই হ্রদে পানির স্তর ছিল ১০৪ দশমিক ০৮ এমএসএল (মিনস সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় বিপৎসীমা পৌঁছানোর পূর্বেই কাপ্তাই বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, হ্রদের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ (ইনফ্লো) এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তনের ওপর ভিত্তি করে স্পিলওয়ে ৬ ইঞ্চি পরিমাণ খুলে দেওয়া হয়েছে। একই সাথে ইনফ্লো আরও বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে গেট আরও বেশি খুলে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানো হবে।

তিনি আরও জানান, বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।

এদিকে স্পিলওয়ে খোলার সম্ভাব্য ঘোষণায় কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিউবো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%