১২:১৪ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, অর্থের অভাবে কোনো ব্যক্তি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না।
শনিবার (১৫ আগস্ট) সকালে নিউরোসায়েন্স হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, অক্টোবর মাসে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি আরও বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না। আমরা এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়তে চাই যাতে রোগীদের বিদেশে যেতে না হয়।
এর আগে, সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজারে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
এর আগে, ২০১২ সালে ১০ তলা ভবনে প্রথম ৩০০ বেডের হাসপাতাল চালু করা হয়েছিল। রোগীদের ব্যাপক আগমন ঘটায় সুচিকিৎসা নিশ্চিত করতে পরবর্তীতে আরও ২০০ বেড বাড়ানো হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনে নতুন ৫০০ বেড যুক্ত করা হলো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন