ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জাতিসংঘ অধিবেশনে প্রথমবার বক্তব্য রাখবেন তারেক রহমান


জাতিসংঘ অধিবেশনে প্রথমবার বক্তব্য রাখবেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন। তিনি আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম নিউইয়র্ক সফর। প্রধানমন্ত্রী হিসেবে এবারের সফরে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন যা তার জন্য বিশেষ।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

সফরকালে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠক করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফর হবে সংক্ষিপ্ত। তিনি নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন। আগামী ২৫ বা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতির ধাক্কায় উল্টে গেল অটোরিকশা, মৃত্যু ১০ মাসের শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


হাতির ধাক্কায় উল্টে গেল অটোরিকশা, মৃত্যু ১০ মাসের শিশুর

ফরিদপুরে হাতির ধাক্কায় একটি অটোরিকশা উল্টে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে সদরপুর উপজেলার আটরশি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত শিশুর নাম আরিশা জান্নাত, সে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার কন্যা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ আরিশাকে নিয়ে তার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় রওনা হন। পথে, যখন তারা আটরশি এলাকায় পৌঁছান, তখন বিপরীত দিক থেকে একটি ব্যক্তিকে হাতি নিয়ে আসতে দেখা যায়। হাতিটি ওই ব্যক্তির নির্দেশে শুঁড় উঁচু করে বিভিন্ন ধরনের যানবাহন থেকে টাকা তুলছিল।

হঠাৎ, হাতিটি অটোরিকশার দিকে এগিয়ে আসে এবং ধাক্কা খায়। এর ফলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।

এ সময় শিশুটি, যে মায়ের সঙ্গে ছিল, অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় শিশুটি মারা যায়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনি দিয়ে আটক করে এবং হাতিটিকেও আটকে রাখে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক মাহুত বকুল মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামের আনিসউদ্দিনের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান বলেন, মাহুতকে আটক করা হয়েছে। তবে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। হাতিটিকে উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


পাবনায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ১

পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশ পরিচয়ে মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ আকবর খান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৭ জুলাই) ভোর ৪টার সময়ে সিরাজগঞ্জের শাহজাদপুর বাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা সদর উপজেলার সিংগা এলাকার শ্বশুরবাড়ি থেকে ছিনতাই করা ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আকবর খান পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মালিগাছা মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, গত ২৫ জুলাই দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকার ব্যবসায়ী ফরিদপুরের ভাঙ্গা থেকে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান ওই ব্যবসায়ী। পরে মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি এসে নিজেদের ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে 'ট্রাকে মাদক আছে' এমন কথা বলে তল্লাশি চালায়। তারপর ট্রাকে থাকা টাকার ব্যাগসহ স্থানীয় পুলিশ ফাঁড়িতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলযোগে রওনা হন। এক পর্যায়ে হারুখালি মাঠ এলাকায় কৌশলে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যান তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন মাসের ব্যবধানে বাবা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


তিন মাসের ব্যবধানে বাবা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেয়ের আত্মহত্যার তিন মাস পরে ভোলা সদর জজ আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন ফকির (৪২) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত শাহাবুদ্দিন ফকির বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের আদম আলী ফকিরের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার আদালতে দায়িত্ব পালনের কথা থাকলেও শাহাবুদ্দিন কর্মস্থলে যাননি। এরপর সহকর্মীরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন তাঁকে। যোগাযোগ না পেয়ে সহকর্মীরা বাসায় যান। সেখানে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ভোলা সদর মডেল থানায় খবর দিয়ে দরজাটি ভেঙে পুলিশের দল সামনের কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

শাহাবুদ্দিন ওই বাসায় একাই থাকতেন বলে জানা গেছে। তাঁর স্ত্রী ১০ দিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বর্তমানে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে, চলতি বছরের ৪ মে শাহাবুদ্দিনের একমাত্র মেয়ে তৈয়বা জাহান চৈতি (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মেয়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন কি না, এ বিষয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে এখন কিছু জানায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে যা জানাল বিএসটিআই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে যা জানাল বিএসটিআই

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এই বিষয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে। মুখের সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টুথপেস্ট গিলে না খাওয়ার জন্য সংস্থাটি পরামর্শ দিয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৈজ্ঞানিক ও আইনগত যাচাই-বাছাই শেষ হওয়ার আগে কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বা পণ্যকে সরাসরি অনিরাপদ বা নিম্নমানের বলে ঘোষণা করা সঠিক নয় বলে মনে করছে এই সরকারি সংস্থাটি।

এর আগে, একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ইএসডিও গবেষণা পরিচালনা করে। এই গবেষণায় বাজারে থাকা টুথপেস্টের ৩৪টি নমুনার পরীক্ষা করা হয়, যার মধ্যে ২৬টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য প্রকাশিত হয়েছে। জনস্বাস্থ্য এবং পরিবেশের সাথে সরাসরি সম্পর্কিত হওয়ায় বিএসটিআই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সহিত বিবেচনা করছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাইক্রোপ্লাস্টিক হলো পাঁচ মিলিমিটার বা তার চেয়ে ছোট আকারের প্লাস্টিক কণা। এই কণাগুলো সাধারনত খালি চোখে দেখা যায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এটি একটি উদীয়মান পরিবেশগত এবং স্বাস্থ্যগত উদ্বেগের বিষয়। তবে এখনও এর প্রকৃত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে নিশ্চিত বৈজ্ঞানিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। এ বিষয়ে আরো গবেষণার প্রয়োজন রয়েছে।

বিএসটিআই জানিয়েছে, দেশে টুথপেস্ট উৎপাদন এবং বাজারজাত করার জন্য নির্দিষ্ট মান অনুসরণ করে লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন ধরনের রাসায়নিক, অণুজীবসংক্রান্ত এবং নিরাপত্তামূলক পরীক্ষা সম্পন্ন করার পরেই কেবল লাইসেন্স প্রদান করা হয়।

বাংলাদেশে টুথপেস্ট তৈরির জন্য ব্যবহৃত অনুমোদিত উপাদানের তালিকা বিদ্যমান। সেখানে মাইক্রোপ্লাস্টিকের কোনো উল্লেখ বা অনুমোদন নেই। লাইসেন্স দেওয়ার সময় সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। এজন্য বিএসটিআই ধারণা করছে, ইচ্ছাকৃতভাবে মাইক্রোপ্লাস্টিক ব্যবহারের সুযোগ নেই।

সংস্থাটি বলছে, যে কোনো পরীক্ষায় প্লাস্টিকজাত কণা পাওয়া গেলেই তা উৎপাদনকারী প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছে এমন সিদ্ধান্তে পৌঁছানো বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। এর জন্য কণার প্রকৃত ধরন, উৎস, পরিমাণ এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে আরও বিস্তারিত বৈজ্ঞানিক বিশ্লেষণের প্রয়োজন।

এই লক্ষ্য সামনে রেখে বিএসটিআই ইতোমধ্যে গবেষণা প্রতিষ্ঠান ইএসডিওর কাছে চিঠি পাঠিয়েছে। গবেষণার পূর্ণাঙ্গ প্রতিবেদন, পরীক্ষাপদ্ধতি, কাঁচা তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছে। একইসাথে সংশ্লিষ্ট উৎপাদনকারী ও আমদানিকারকদের কাছ থেকেও কাঁচামাল, পণ্যের উপাদান এবং সিনথেটিক পলিমার ব্যবহারের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পাশাপাশি খোলা বাজার ও উৎপাদন কারখানা থেকে নতুন করে নমুনা সংগ্রহ করা হচ্ছে। দেশ বা বিদেশের স্বীকৃত পরীক্ষাগারে এসব নমুনা স্বাধীনভাবে পুনঃপরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তে যদি প্রমাণিত হয় যে কোনো প্রতিষ্ঠান দেশের মান অনুসরণ করেনি কিংবা অনুমোদনহীন উপাদান ব্যবহার করেছে, তবে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে টুথপেস্টের বিদ্যমান মান পর্যালোচনার কাজ শুরু করেছে বিএসটিআই। এই কাজের জন্য বিশেষজ্ঞ, গবেষণা প্রতিষ্ঠান, পরিবেশ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, দন্ত চিকিৎসক, শিল্পপ্রতিষ্ঠান এবং ভোক্তা প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় বৈজ্ঞানিক প্রমাণ পেলে টুথপেস্টে ইচ্ছাকৃতভাবে প্লাস্টিকের মাইক্রোবিড ব্যবহার নিয়ন্ত্রণ, উপাদান প্রকাশ বাধ্যতামূলক করা এবং পরীক্ষাপদ্ধতি সংযোজনসহ বিদ্যমান মান হালনাগাদ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%