বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৮:৩৪ পি.এম
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি শেষে গত আড়াই মাসে ১৭টি রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের নির্মম ঘটনার পর অগ্রাধিকার ভিত্তিতে শুধু নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং আপিল শুনানির জন্য গত ১০ জুন একটি বিশেষ হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা’র সমন্বয়ে গঠিত এই বিশেষ হাইকোর্ট বেঞ্চে গত আড়াই মাসে অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির পর স্ত্রী হত্যার কয়েকটি মামলা, শরীয়তপুরের স্কুলছাত্রী রিমা ধর্ষণ ও হত্যা মামলা, পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলা ও ফেনীর নুসরাত হত্যা মামলাসহ মোট ১৭টি মামলার রায় ঘোষণা করা হয়েছে।
সর্বশেষ ঘোষিত নুসরাত হত্যা মামলার রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর ১০ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। অন্যদিকে এই মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের বিচারককে অবিলম্বে ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এদিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা’র সমন্বয়ে গঠিত এই হাইকোর্ট বেঞ্চেই মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি শেষে রায়ের জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য রয়েছে।
এছাড়া, রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স গত ১৬ জুন হাইকোর্টের এই বিশেষ বেঞ্চের কার্যতালিকায় এলে আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স ল’ইয়ার) নিয়োগের নির্দেশ দেন। এই মামলাটি এখন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা’র সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নিয়ে একটি টিম গঠন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
এই টিমের সদস্য ও বিশেষ বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক বাংলাদেশ সংবাদ সংস্থা -কে বলেন, গত ১৪ জুন এই বেঞ্চে প্রথম কর্মদিবস শুরুর পর থেকে গত প্রায় আড়াই মাসে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে ১৭ টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এছাড়া ঘোষিত একটি রায় রিকল করা হয়েছে। এতো অল্প সময়ে এতগুলো ডেথ রেফারেন্স মামলার রায় ঘোষণা অবশ্যই দৃষ্টান্ত।
তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের নির্দেশনা অনুযায়ী এই মামলাগুলোর শুনানিতে আমরা রাষ্ট্রপক্ষ থেকে কোনো সময় আবেদন বা মুলতবি আবেদন করিনি। সেই সাথে আদালত এই মামলাগুলো নিষ্পত্তিতে সচেষ্ট ছিলেন বলেই এত দ্রুত এসব মামলার রায় ঘোষণা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী সেই মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন লাগে। এই অনুমোদন শুনানির জন্য বিচারিক আদালতের রায়সহ মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। এই ডেথ রেফারেন্সের সঙ্গে দণ্ডিত আসামির আপিল বা জেল আপিল
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৫৬০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
এই তথ্যটি আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪৫ জন, লালবাগ বিভাগ থেকে ৩০ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৪ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৯২ জন, মিরপুর বিভাগ থেকে ১৪৬ জন, গুলশান বিভাগ থেকে ৫২ জন, উত্তরা বিভাগ থেকে ৭৪ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৪ জন গ্রেফতার হয়েছে।
এ অভিযানের সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়েছে, এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : রাজধানীর মিরপুর মডেল থানার এলাকা বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৫৫ জনকে গ্রেফতার করেছে, যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানার অপরাধ প্রবণ স্থানগুলোতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. মেহেদী হাসান জনি (২০), মো. আবির হোসেন (২৪), সোহেল রানা (৩৫), মো. মাসুম (৩০), মো. হৃদয় গাজী (২১), মো. আজিজুল ইসলাম হাওলাদার (৩৩), মো. শরিফ মোল্লা, রাকিব হাসান, মো. আশিক (৩১), মো. জিয়াউল হক (২৯), মো. রাব্বী (২১), মিজানুর রহমান (২৪), সাইফ উদ্দিন (২৮), এনামুল (২৬), ইমন (২৩), ফুয়াদ বিন খলিল (১৯), মো. ইমন সরকার (২৮), মো. জিহাদ শিকদার (২০), মো. রিহাদ হাসান (১৯), মো. সিয়াম আহমেদ মিশা (২০), মো. বাহাদুর শিকদার (২৭), মো. ইমতিয়াজ তুহিন (২৮), মো. মিজান উদ্দিন (৩১), মো. মাসুদ (৪২), মো. পারভেজ (২৬), মো. নাসির (৫২)।
অন্যদিকে, গ্রেফতারকৃতদের মধ্যে আরো রয়েছেন মো. আমীর (২৬), মো. রুবেল (২৬), মো. আব্দুল মতিন (৫০), নাসির (৩২), মো. রফিক (৩৩), সোলাইমান (২৬), শুভ চন্দ্র (২৬), মোস্তাকিম (২৪), রিপন (৩০), মনির (৩০), মো. রাজু (৩০), হাবিবুল্লাহ বাহার আরিফ (৩৬), হাসান চকিদার (৩১), মো. সাইদুল হক (৪৮), শরীফ আহম্মেদ নাহিদ (২৪), কামরুজ্জামান কনক (২৪), জান্নাতুল নাঈম (২৪), মো. রাতুল (২৩), আবু সাঈদ (২৬), শাহিন (২১), মো. মোশারফ (৩০), মো. রাসেল (২৫), মোছা. সাথী (২০), পারভেজ (২৮), মো. ইমরান পারভেজ (২২) এবং আইনগত সংঘাতে জড়িত ৪ জন শিশু।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নাটোর, ২৭ আগস্ট, ২০২৬ : নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে একটি সমন্বয় কমিটির সভা আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
সভায় জেলা প্রশাসক উল্লেখ করেন, "জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে সরকার।" তিনি বলেন, নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করা হয়েছে এই উদ্দেশ্যে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সারাদেশে কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও জানান, ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে প্রচলিত খাদ্যের রাসায়নিক পরীক্ষা ও অভিযান পরিচালনা করা হচ্ছে জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য।
জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নেয়ামুল হাসান নীপের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন এবং সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
২৭ আগস্ট, ২০২৬ : যুক্তরাষ্ট্র বুধবার যুক্তরাজ্যভিত্তিক প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ব্রিটিশ সরকারও সংগঠনটিকে নিষিদ্ধ করেছে। ট্রাম্প প্রশাসন বামপন্থী আন্দোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করার অংশ হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করেছে।
২০২০ সালে প্রতিষ্ঠিত প্যালেস্টাইন অ্যাকশন বর্তমানে যুক্তরাজ্য সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করছে। এই নিষেধাজ্ঞার ফলে কয়েক হাজার মানুষের গ্রেফতার হয়েছে। অধিকার সংগঠনগুলো নিষেধাজ্ঞার নিন্দা করে বলেছে, এটি ভিন্নমতকে অপরাধ হিসেবে গণ্য করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
প্যালেস্টাইন অ্যাকশনের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, সংগঠনটির উদ্দেশ্য হলো ‘ইসরাইলের গণহত্যামূলক ও বর্ণবাদী শাসনে বৈশ্বিক অংশগ্রহণ’ বন্ধ করা।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর ইসরাইল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যার ফলে সংগঠনটি ব্যাপক পরিচিতি লাভ করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর ‘কট্টর বামপন্থী’ হিসেবে অভিহিত সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশ দেন।
বুধবারের মার্কিন পদক্ষেপের অংশ হিসেবে ইতালিভিত্তিক এ/আই কালেকটিভ নামেও পরিচিত অটিস্টিসি/ইনভেনতাতি এবং ফিলিস্তিনপন্থী সংগঠন মাসার বাদিলকেও ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট প্যালেস্টাইন অ্যাকশনসহ তিনটি সংগঠনকে ‘সহিংস চরম বামপন্থী সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অটিস্টিসি/ইনভেনতাতিকে ‘একটি বড় চরম বামপন্থী প্রযুক্তি সংগঠন’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন স্থানে সক্রিয় ও সহিংস অ্যান্টিফা গোষ্ঠীগুলো এ সংগঠনের সেবা গ্রহণ করে।
রুবিও এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমাদের সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ চালানো এবং আইনশৃঙ্খলা দুর্বল করার ষড়যন্ত্র, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা কিংবা কর্তৃপক্ষের কাছ থেকে নিজেদের অপরাধ গোপনের ষড়যন্ত্র করা সহিংস উগ্রপন্থীদের জন্য কোনো আশ্রয় থাকবে না।’
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, চরম বামপন্থী সংগঠনগুলোর বিরুদ্ধে ওয়াশিংটন ‘আমাদের অর্থনৈতিক হাতিয়ারগুলোর পূর্ণ শক্তি প্রয়োগ করবে’ এবং যতক্ষণ না তারা নির্মূল হবে ‘তাদের আর্থিক উৎসগুলো কেটে দেওয়া হবে।’
প্যালেস্টাইন অ্যাকশনের সহপ্রতিষ্ঠাতা হুদা আম্মোরি বলেন, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত ‘মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, তাদের সবার জন্য সতর্কবার্তা হওয়া উচিত।’
আম্মোরি বলেন, ‘জীবন রক্ষার লক্ষ্যে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে প্যালেস্টাইন অ্যাকশনের কর্মকাণ্ড সবসময় ইসরাইলের যুদ্ধযন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য বজায় ছিল। গাজায় যুক্তরাষ্ট্র সরকারের সমর্থনে ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে এসব কর্মকাণ্ড নেওয়া হয়।’
তবে ইসরাইল এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে বলেছে, ‘সন্ত্রাসী সংগঠনগুলো পশ্চিমা সমাজে ধারাবাহিক ভাবে সুযোগ নিয়েছে। তারা সহিংস কর্মকাণ্ড আড়াল করতে রাজনৈতিক ও মানবিক উদ্দেশ্যের কথা বলেছে, তরুণদের উগ্রপন্থায় উদ্বুদ্ধ করেছে এবং অবৈধ অর্থায়নের পথ তৈরি করেছে।’
এপ্রিল মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল, ভিন্নমতের বিরুদ্ধে দমন-পীড়নের মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও রাশিয়ার নেতারা একটি নতুন ‘শোষণমূলক’ বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ