১০:৪৬ পি.এম
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এবং উপজেলা কৃষি বিভাগের যৌথ অভিযানে ১৩০ বস্তা সার উদ্ধার করা হয়েছে।
এই অভিযানের কার্যক্রম সোমবার সন্ধ্যায় ৯ নম্বর ওয়ার্ডের বটতলী কবরস্থান মোড় এলাকায় লম্বা কালুর দোকানের পাশে পরিচালিত হয়েছে। ৬৪ বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্র জানাচ্ছে, অভিযানে কালাম উদ্দিনের ছেলে মুফিজ উদ্দিনের (৪৫) কাছ থেকে ৭২ বস্তা উদ্ধার করা হয়েছে, দুদু মিয়ার কাছে উদ্ধার হয়েছে ২১ বস্তা এবং মোহাম্মদ সোলেমানের পুত্র মোহাম্মদ ইউনুসের কাছ থেকে ৩৭ বস্তা সার উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
গোয়েন্দা তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত সারগুলো ছিল মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা। মিয়ানমারে সার চোরাচালানে জড়িত থাকার অভিযোগে দুদুমিয়ার পুত্র সাগর, আলী আকবরের পুত্র 'সোনা মিয়া', আবদুল জব্বারের পুত্র নুর মোহাম্মদ, আকবর আলীর পুত্র এবং নুরুল ইসলামের পুত্র বাদশা মিয়ার নাম আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট প্রশাসন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তৎপর রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীষ সরকার বলেছেন, কৃষি উপকরণ কৃষকের জন্য বরাদ্দ। এসব অবৈধভাবে মজুদ বা সীমান্ত দিয়ে পাচারের কোনো সুযোগ নেই। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রশাসন ও বিজিবির সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের মাহামুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ সার উদ্ধার করা হয়েছে। কৃষি উপকরণ অবৈধভাবে পাচার না হয়, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির সুবেদার তরিকুল ইসলাম জানিয়েছেন, সীমান্ত অঞ্চলে সারসহ কোনো ধরনের চোরাচালান যাতে না ঘটে, সে জন্য বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন