১০:১৫ পি.এম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে এম রশিদুজ্জামান মিল্লাত আফরোজা খানম রিতার স্থলাভিষিক্ত হয়েছেন। অন্যদিকে, আফরোজা খানম রিতাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর। সরকারের ৬ মাস যেতেই মন্ত্রী পরিবর্তনের এই সিদ্ধান্তের বিষয়ে নতুন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের কাছে প্রশ্ন করেছেন সাংবাদিকরা।
শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের উত্থাপিত প্রশ্নের জবাবে নতুন বিমানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ বিমান, সিভিল অ্যাভিয়েশন ও পর্যটন করপোরেশনকে নতুনভাবে সাজাতে চান। তার এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই হয়তো মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়েছে।
তিনি জানান, সরকারে যিনি (আফরোজা খানম রিতা) ছিলেন, তিনিও খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। প্রধানমন্ত্রী চান আমরা ডায়নামিক ওয়েতে কাজগুলো সম্পন্ন করতে পারি এবং পর্যটনের বিস্তার ঘটাতে পারি বলে জানান এম রশিদুজ্জামান মিল্লাত।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
প্রধানমন্ত্রীর পরিকল্পনার বিষয়েও নতুন দায়িত্ব পাওয়া এই মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রীর নিশ্চয়ই একটি পরিকল্পনা আছে যা বাংলাদেশের ও জনগণের উন্নতির জন্য। তিনি মনে করেন, কীভাবে, কাকে দিয়ে এবং কোথায় কাজ করালে ভালো হবে, তার ভিত্তিতে পদায়ন করা হয়েছে।
মন্ত্রীর দায়িত্ব পাওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তিনি আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
এরপর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সামনে থাকা চ্যালেঞ্জের বিষয়ে বলার সময়, তিনি বলেন, চ্যালেঞ্জ তো অনেক রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য যেটি প্রয়োজন, সেটি করার চেষ্টা আমরা করব।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এবং নতুন দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন