বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:০৬ পি.এম
বরিশালের আগৈলঝাড়ায় ক্রসফায়ারের মাধ্যমে দুজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ অপর তিন আসামির বিরুদ্ধে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ৭ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনাল-২-এর বিচারক প্যানেল, যার নেতৃত্বে ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ, এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা মো. মোকতাদির হোসেনকে জেরা করেন পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। জেরার পর আদালত ৭ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ করে। মামলায় ২৩ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা মোকতাদির। তার জেরার মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শেষ হলো।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদসহ অন্যান্যরা।
মামলার চার আসামির মধ্যে বর্তমানে কারাগারে রয়েছেন উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম এবং জসিম উদ্দিন। অপর দুই আসামি, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এহসান উল্লাহ, পলাতক রয়েছেন।
এ মামলার ভুক্তভোগী হলেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।
গত ২০ মে, ট্রাইব্যুনাল-২ আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। এ কারণে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদের হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা বাস্তবায়নের জন্য তৎকালীন পুলিশ সুপার এহসান উল্লাহকে নির্দেশ দেওয়া হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ওই পরিকল্পনার অংশ হিসেবে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি একটি মিথ্যা মামলায় টিপু ও কবিরকে গ্রেফতার করে উজিরপুর থানা পুলিশ। পরে তৎকালীন এএসআই মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিনের মাধ্যমে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে তাদের নিয়ে ক্রসফায়ারের নাটক সাজানো হয়। সেখানে গুলি করে দুজনকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আজ সকাল থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে।
রাজধানীর রমনায় আইইবির সদর দপ্তরে সকাল থেকেই প্রকৌশলীরা ভোট দিতে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। এই সময় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সদর দপ্তরসহ সারাদেশে আইইবির ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রের ভোটাররা নির্ধারিত ভোটকেন্দ্রে ভোট প্রদান করছেন।
আইইবির মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ১৩১ জন। এর মধ্যে ঢাকাতেই ভোটার সংখ্যা প্রায় ২২ হাজার। ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য ঢাকায় ৬ শতাধিক বুথ স্থাপন করা হয়েছে। ভোটাররা ওএমআর শিটের মাধ্যমে ভোট দিচ্ছেন। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে তারা আনন্দিত।
আইইবির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, আনসার এবং নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রোভার স্কাউটরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।
কেন্দ্রীয় নির্বাচন কমিটির চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, প্রেসিডেন্টসহ ১০টি কেন্দ্রীয় নির্বাহী পদের জন্য ২৯টি মনোনয়ন চূড়ান্ত হয়েছে। কেন্দ্রীয় কাউন্সিল সদস্যের ৪০টি পদের জন্য মনোনয়ন ২৪৯টি। সাতটি প্রকৌশল বিভাগ এবং উইমেন ও ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের ১৩২টি পদের জন্য মনোনয়ন ৩৮০টি। সব মিলিয়ে কেন্দ্রীয় পর্যায়ের ১৮২টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়ন জমা পড়েছে। কিছু প্রার্থী একাধিক পদে লড়ছেন।
প্রেসিডেন্ট পদে তিনজন প্রার্থী লড়ছেন। কেন্দ্রীয় কাউন্সিলে ঢাকা কেন্দ্রের ২৭টি পদের জন্য মনোনয়ন ২১৬টি। এছাড়া ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন কেন্দ্র ও উপকেন্দ্রের স্থানীয় কমিটির নির্বাচনেও একই সঙ্গে ভোটগ্রহণ চলছে। ঢাকা ও চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের নির্বাহী কমিটির ভোটও আজ অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান আগামী ১৯ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফলাফল সাধারণ সম্পাদকের কাছে পাঠাবেন।
উল্লেখ্য, ‘উন্নত জগৎ গঠন করুন’ স্লোগান নিয়ে ১৯৪৮ সালের ৭ মে দেশের প্রকৌশলীদের পেশাজীবী প্রতিষ্ঠান আইইবি প্রতিষ্ঠা করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের তাহিরপুরে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বছরের শুরুতে হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হলেও জুন মাস থেকে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। উপজেলায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু ঘটেছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। পরিস্থিতি মোকাবেলার জন্য ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় কিছু ইনজেকশন, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর অভাবে রোগীদের সেগুলো বাইরে থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, চলতি বছরে এ পর্যন্ত উপজেলায় হামের উপসর্গ নিয়ে ১০৫ জন রোগী শনাক্ত করা হয়েছে। চলতি মাসেই নতুন করে ১৮ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে। এর মধ্যে পরীক্ষায় সাতজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে তিন শিশু। তাদের মধ্যে ১১ মাস বয়সী রাকসান মিয়া, চার মাস বয়সী হুমায়রা এবং দুই বছর তিন মাস বয়সী ফারিয়া আক্তার অন্তর্ভুক্ত রয়েছে।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে প্রতিদিন শিশু ও বিভিন্ন বয়সী রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ১০ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছে। সেখানে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে রোগীর সংখ্যা বাড়তে থাকায় শয্যাসংকটও দেখা দিয়েছে।
এদিকে হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনদের অভিযোগ, চিকিৎসার জন্য প্রয়োজনীয় ইনজেকশন, ওষুধ, ক্যানোলা ও সিরিঞ্জসহ বিভিন্ন সামগ্রী বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সব ওষুধ ও ইনজেকশন না পাওয়ায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোকে বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর দাদি আলেয়া বেগম জানান, "আমার নাতিকে নিয়ে পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছি। এ পর্যন্ত সরকারি কোনো ইনজেকশন বা ওষুধ পাইনি। সবকিছুই বাইরের ফার্মেসি থেকে কিনে আনতে হচ্ছে। এতে আমাদের অনেক কষ্ট হচ্ছে।"
হামে আক্রান্ত ১০ বছর বয়সী এক কিশোরীর মা রবিজা বেগম বলেন, "আমার মেয়ের শরীরে হামের লক্ষণ দেখা দিলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। চিকিৎসক তাকে ভর্তি করেন। চিকিৎসক দেখতে এসে ইনজেকশন ও ওষুধের তালিকা লিখে দেন। সেগুলো বাইরে থেকে কিনে আনার পর হাসপাতালের কর্মীরা ইনজেকশন পুশ করে দেন।"
রকি মিয়া জানান, "আমার ভাই নয় দিন ধরে অসুস্থ। প্রথমে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাইয়েছি। তাতে কাজ না হওয়ায় আজ হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকেরা হাম হয়েছে বলে জানালে তাকে ভর্তি করি। কিন্তু হামের রোগী বেশি থাকায় এই ওয়ার্ডে কোনো শয্যা পাচ্ছি না। হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছে।"
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তুষার দাস বলেন, "প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচজন হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছেন। জুন মাস থেকে এ পর্যন্ত তুলনামূলকভাবে অনেক বেশি রোগী ভর্তি হয়েছেন। প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি থাকেন। আমরা তাঁদের পৃথক ওয়ার্ডে রেখে চিকিৎসা দিচ্ছি।"
চিকিৎসকরা জানিয়েছেন, হাম সাধারণত শিশুদের মধ্যে বেশি ছড়ালেও যেকোনো বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারেন। বিশেষ করে টিকা না নেওয়া শিশুদের সংক্রমণের ঝুঁকি বেশি।
হাম প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমদ বলেন, "এ বছর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেশি। তাদের অধিকাংশই শিশু। রোগীদের চিকিৎসার জন্য আমরা পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছি। যেসব রোগীর শারীরিক অবস্থা গুরুতর এবং আইসিইউ সাপোর্ট প্রয়োজন, তাদের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হচ্ছে।"
তিনি আরও বলেন, "শিশুদের হামের টিকা নিশ্চিত করা জরুরি। জ্বর, সর্দি কাশি ও শরীরে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল আগামী ২৩ থেকে ২৭ নভেম্বর তুরস্ক সফর করবে। সফরের উদ্দেশ্য হলো বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করা এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলোকে সম্প্রসারণ করা।
এ সফরের আয়োজন তুরস্কের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) এর সমন্বয়ে করা হয়েছে।
প্রতিনিধিদলটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীর নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবে, যা টিকা’র একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই পাঁচ দিনের সফরের প্রধান লক্ষ্য হলো দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা, প্রাতিষ্ঠানিক কার্যক্রমের ধারণা লাভ করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা।
সফরের সময় বাংলাদেশের কর্মকর্তারা তুরস্কের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে শিক্ষা, গবেষণা, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দেশটির অভিজ্ঞতা ও চর্চা সম্পর্কে জানার পাশাপাশি সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
এছাড়া, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, অভিন্ন উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের সম্ভাব্য ক্ষেত্রগুলো আলোচনায় গুরুত্ব পাবে।
এ সফরের মাধ্যমে জনপ্রশাসন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির কর্মসূচিতে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
টিকা জানায়, এই সফর বাংলাদেশের ও তুরস্কের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার বাস্তবসম্মত ক্ষেত্র চিহ্নিত করতে সহায়ক হবে।
উল্লেখ্য, তুরস্কের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা টিকা বিভিন্ন অংশীদার দেশের সঙ্গে কাজ করে টেকসই উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : কলম্বিয়ার বিশেষ শান্তি আদালত বুধবার সাবেক আট সামরিক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ গঠন করেছে। এই অভিযোগটি কয়েক দশক আগে বামপন্থী কর্মীদের হত্যার ঘটনায় করা হয়েছে।
১৯৮৫ থেকে ১৯৯৩ সালের মধ্যে ‘প্যাট্রিয়টিক ইউনিয়ন’ (ইউপি) নামের একটি রাজনৈতিক দলের ৫ হাজার ৭ শতাধিক সদস্যকে হত্যা করা হয়েছিল। আধাসামরিক গোষ্ঠীগুলো রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতায় পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞের কাজটি সম্পন্ন করেছিল।
বোগোটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানায়।
বিদ্রোহী সংগঠন ফার্কের সাবেক সদস্যরা ১৯৮৫ সালে ইউপি প্রতিষ্ঠা করেন, যখন রাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হয়ে যায়।
কলম্বিয়ার দীর্ঘকালীন সংঘাতের সময়, ইউপিকে গেরিলাদের রাজনৈতিক শাখা হিসেবে দেখা হতো, যা তাদের বিরোধীদের কাছে ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়।
বিশেষ শান্তি আদালত (জেইপি) জানায়, ইউপির সদস্যদের ওপর গোপনে নজরদারি চালানো হতো এবং তাদের হত্যা করা হতো অথবা গুম করা হতো, যাতে তাদের আর কোনো খোঁজ পাওয়া না যায়। দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে।
আদালতের প্রেসিডেন্ট দানিলো রোহাস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাতীয় সেনাবাহিনীর কৌশলগত গোয়েন্দা ইউনিটের ভেতরে একটি গোপন অপরাধী চক্র আগে থেকে চিহ্নিত ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করত।’
তিনি আরও বলেন, ‘তারা নজরদারি চালাত, হত্যার লক্ষ্যবস্তু নির্ধারণ করত এবং গোপন অভিযান সমন্বয় করত।’
একই সময়ে যুদ্ধের বাইরে থাকা গেরিলাদের নির্যাতন ও জোরপূর্বক গুমের অভিযোগেও জেইপি ওই আট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।
ফার্কের সঙ্গে ২০১৬ সালে ঐতিহাসিক শান্তিচুক্তির পর বিশেষ শান্তি আদালত প্রতিষ্ঠা করা হয়।
এই আদালত সংঘাতের সবচেয়ে গুরুতর অপরাধগুলোর বিচার করে। তবে অভিযুক্তদের জন্য কারাদণ্ডের পরিবর্তে বিকল্প সাজা দেওয়ার শর্তে সত্য প্রকাশ ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।
গত আগস্টে ক্ষমতায় আসা ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা আদালটিকে ঘোর বিরোধী হিসেবে চিহ্নিত করেছেন। তবে আদালতের বাজেট ইতোমধ্যেই অনুমোদিত হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ