প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আজ সকাল থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে।
রাজধানীর রমনায় আইইবির সদর দপ্তরে সকাল থেকেই প্রকৌশলীরা ভোট দিতে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। এই সময় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সদর দপ্তরসহ সারাদেশে আইইবির ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রের ভোটাররা নির্ধারিত ভোটকেন্দ্রে ভোট প্রদান করছেন।
আইইবির মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ১৩১ জন। এর মধ্যে ঢাকাতেই ভোটার সংখ্যা প্রায় ২২ হাজার। ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য ঢাকায় ৬ শতাধিক বুথ স্থাপন করা হয়েছে। ভোটাররা ওএমআর শিটের মাধ্যমে ভোট দিচ্ছেন। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে তারা আনন্দিত।
আইইবির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, আনসার এবং নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রোভার স্কাউটরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।
কেন্দ্রীয় নির্বাচন কমিটির চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, প্রেসিডেন্টসহ ১০টি কেন্দ্রীয় নির্বাহী পদের জন্য ২৯টি মনোনয়ন চূড়ান্ত হয়েছে। কেন্দ্রীয় কাউন্সিল সদস্যের ৪০টি পদের জন্য মনোনয়ন ২৪৯টি। সাতটি প্রকৌশল বিভাগ এবং উইমেন ও ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের ১৩২টি পদের জন্য মনোনয়ন ৩৮০টি। সব মিলিয়ে কেন্দ্রীয় পর্যায়ের ১৮২টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়ন জমা পড়েছে। কিছু প্রার্থী একাধিক পদে লড়ছেন।
প্রেসিডেন্ট পদে তিনজন প্রার্থী লড়ছেন। কেন্দ্রীয় কাউন্সিলে ঢাকা কেন্দ্রের ২৭টি পদের জন্য মনোনয়ন ২১৬টি। এছাড়া ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন কেন্দ্র ও উপকেন্দ্রের স্থানীয় কমিটির নির্বাচনেও একই সঙ্গে ভোটগ্রহণ চলছে। ঢাকা ও চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের নির্বাহী কমিটির ভোটও আজ অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান আগামী ১৯ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফলাফল সাধারণ সম্পাদকের কাছে পাঠাবেন।
উল্লেখ্য, ‘উন্নত জগৎ গঠন করুন’ স্লোগান নিয়ে ১৯৪৮ সালের ৭ মে দেশের প্রকৌশলীদের পেশাজীবী প্রতিষ্ঠান আইইবি প্রতিষ্ঠা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন