ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

টানা ১৩তম রাতের মার্কিন হামলায় ইরানে নিহত বেড়ে অন্তত ৪


টানা ১৩তম রাতের মার্কিন হামলায় ইরানে নিহত বেড়ে অন্তত ৪

ইরানে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে মার্কিন সামরিক বাহিনী টানা ১৩তম রাতের মতো বিমান হামলা পরিচালনা করেছে। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য উল্লেখ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে আরো জোরেশোরে হামলা চালানোর হুমকি দেয়ার পর নতুন এই হামলার ঘটনা ঘটেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানাচ্ছে, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের কাছে অন্তত চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক অভিযানের পর পাল্টা হামলা শুরু করেছে ইরান। জর্ডান, বাহরাইন ও কুয়েত জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের সেনাবাহিনী বলছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই আক্রমণ ঠেকাতে কার্যকরী চেষ্টা করছে। ইরাক সীমান্তবর্তী আল-আব্দালি সীমান্ত ক্রসিং এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। এ হামলার নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ-জিসিসি ও জর্ডান।

এদিকে, ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের বিরুদ্ধে আগের যেকোনো হামলার চেয়ে বড় হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। ট্রাম্প দাবি করেছেন, মাসের পর মাস চলমান যুদ্ধের পরও ইরান যথেষ্ট চাপ অনুভব করছে না। তবে সামরিক অভিযান নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।

ট্রাম্পের বক্তব্যের পরে পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী পদক্ষেপ শেষে এসে ট্রাম্পের জন্য বড় ক্ষতির কারণ হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে চাপ দিতে গিয়ে নিজেই এক ধরনের জ্বালানি সংকট সৃষ্টি করেছে।

সংঘাতের প্রভাব দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধের প্রস্তাব সিনেটে বাতিল হয়েছে। নতুন এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকদের মধ্যেও এখন যুদ্ধের পক্ষে সমর্থন আগের তুলনায় কমেছে। একই সময়ে, ইরানের হামলায় রাশিয়া সহায়তা করেছে কি না, তা তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং অঞ্চলটি বড় ধরনের সংঘাতের দিকে এগোচ্ছে। তিনি হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব দিয়ে নৌ চলাচল পুনরায় স্বাভাবিক করার পাশাপাশি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা, হাত-পা বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


নড়াইলে ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা, হাত-পা বিচ্ছিন্ন

নড়াইলের কালিয়া উপজেলায় মো. মনি মিয়া শেখ (৪২) নামের একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের সময় ধারালো অস্ত্রের কোপে তার হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের পানিপাড়া এলাকায় সাবেক ইউপি সদস্য কামরুল ঠাকুরের বাড়ির সামনে এ হামলার ঘটনাটি ঘটে।

নিহত মনি মিয়া শেখ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তার বাড়ি একই ইউনিয়নের চর-জয়নগর গ্রামে, যেখানে মৃত সোনা মিয়া শেখের ছেলে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম সময় সংবাদকে ইউপি সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আনুমানিক ১০টার দিকে ইউপি সদস্য মনি মিয়া পুঠিমারি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পানিপাড়া এলাকায় পৌঁছালে, আগে থেকেই ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত আক্রমণ চালায়। ধারালো অস্ত্রের কোপে তার হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ২০২৪ সালের ১২ মার্চ একই এলাকায় হেকমত শেখ ও আনসার জমাদ্দার গ্রুপের মধ্যে বিরোধের কারণে প্রতিপক্ষরা সৌদি প্রবাসী আকরাম শেখকে কুপিয়ে হত্যা করে। ইউপি সদস্য মনি মিয়া শেখ ওই হত্যা মামলার পরিচালনায় নেতৃত্ব দেন। আকরাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আনসার জমাদ্দারের সমর্থকরা চলতি বছরের মার্চে জামিনে মুক্তি পায়। নিহতের স্বজনদের অভিযোগ, হত্যা মামলা পরিচালনা করায় জামিনে বের হয়ে প্রতিশোধ নিতেই ইউপি সদস্য মনি মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম সময় সংবাদকে বলেন, ‘দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য মনি মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবি রুখে দিল ৮ জনের পুশইন চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:২১ পি.এম


বিজিবি রুখে দিল ৮ জনের পুশইন চেষ্টা

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের একটি অপচেষ্টাকে বিজিবি সফলভাবে রুখে দিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের দৃঢ় অবস্থানের কারণে পুশইনের শিকার ব্যক্তিরা পুনরায় ভারতে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ পুশইনের ঘটনা ঘটে।

ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতনামা আটজনকে (২ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন ট্রান্সজেন্ডার) নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছিল। ওই সময় বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

বিজিবির কড়া অবস্থানের কারণে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। ফলে বিএসএফের অবৈধ পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং আইন লঙ্ঘনের প্রচেষ্টাকে প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ কম, সবজি ও মাছে ক্রেতারা হাঁসফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ কম, সবজি ও মাছে ক্রেতারা হাঁসফাঁস

টানা বৃষ্টি এবং দেশের বিভিন্ন অঞ্চলের সম্প্রতিক বন্যার কারণে রাজধানীর কাঁচাবাজারে ব্যাপক প্রভাব পড়েছে। ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ার জন্য সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম বেড়ে গেছে। একই সময় ঊর্ধ্বমুখী ব্রয়লার মুরগি ও মাছের বাজারও প্রতিফলিত হচ্ছে। ফলে সাধারণ মানুষকে সপ্তাহের বাজার করতে এসে বাড়তি খরচ ভোগ করতে হচ্ছে।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

একটানা অতিবৃষ্টি এবং সাম্প্রতিক বন্যায় বিভিন্ন জেলার সবজি ক্ষেতগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। বহু এলাকা থেকে নিয়মিত সবজি রাজধানীতে আসতে পারছে না। এমন পরিস্থিতিতে বাজারে সরবরাহ কমে গিয়ে প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। বর্তমান বেশিরভাগ সবজি ১০০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে, কিছুর দাম সেই সীমাও ছাড়িয়ে গেছে।

বাজারে ঘুরে দেখা যায়, এখন কাঁচামরিচের দাম কেজিপ্রতি ২০০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও ২৬০ টাকারও বেশি দাম পাওয়া যাচ্ছে। শসার দাম ১২০ টাকা, বরবটির দাম ১০০ থেকে ১২০ টাকা, পটলের দাম ৮০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, বেগুন ১২০ থেকে ১৫০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা এবং কাঁকরোল ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আনিস মিয়া বলেন, বন্যার কারণে অনেকে এলাকার সবজি নষ্ট হয়ে গেছে। আবার যেসব এলাকা থেকে সবজি আসছে, সেখান থেকেও সরবরাহ কম। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও দাম বাড়াতে হচ্ছে।

আরেক বিক্রেতা মো. শাহাবুদ্দিন বলেছেন, বৃষ্টির কারণে পরিবহনে সমস্যা হচ্ছে। ট্রাকগুলি নির্ধারিত সময়ে পৌঁছাতে পারছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা খুব কম।

সবজির বিদ্যমান বাড়তি দামে হতাশ ক্রেতারা। বাজার করতে আসা মো. তাহের মন্তব্য করেন, প্রতি সপ্তাহেই নতুন দামের মুখোমুখি হতে হচ্ছে তাকে। আগে ১ হাজার টাকায় কয়েক দিনের বাজার হয়ে যেত, এখন শুধুমাত্র সবজি কিনতেই সেই টাকা শেষ হয়ে যায়।

গৃহিণী সাবিনা আক্তার বলেন, কাঁচামরিচ, শসা, বেগুন-সবকিছুর দাম অনেক বেশি। সংসারের খরচ বারবার পাল্টাতে হচ্ছে। প্রয়োজনের প্রত্যেকটি জিনিস আর কেনা যাচ্ছে না।

অন্যদিকে মুরগির বাজারেও দেখা গেছে ঊর্ধ্বগতি। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়িয়ে ব্রয়লার মুরগি এখন ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি ও লেয়ার মুরগির দাম বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। মুরগি বিক্রেতা রুবেল হোসেন জানিয়েছেন, খামার থেকেই মুরগির দাম বেশি। সরবরাহ চাহিদার তুলনায় কম থাকায় খুচরা বাজারেও দাম বেড়ে গেছে।

মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের বাজার স্থিতিশীল রয়েছে। লাল ডিম প্রতি ডজন ১৩৫ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ডিম বিক্রেতা সোলায়মান বলেন, ডিমের সরবরাহ এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে। তাই গত সপ্তাহের দামেই বিক্রি করছি।

তবে মাছের বাজারে কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বর্তমানে রুই মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৪০০ টাকা, চাষের পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, চাষের কৈ ২০০ টাকা এবং তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে মাছ আনা খুবই কঠিন হয়ে পড়েছে। পরিবহন ব্যয়ও বেড়েছে। এজন্য কয়েকটি প্রজাতির মাছের দাম কিছুটা বেড়ে গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকার দেশে ফিরলেন, সফর সংক্ষিপ্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


স্পিকার দেশে ফিরলেন, সফর সংক্ষিপ্ত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। তিনি নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে আসেন। ১৯ জুলাই তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। তার দেশে ফেরার নির্ধারিত তারিখ ছিল ২৬ জুলাই।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন- এমন খবর ছড়িয়ে পড়ার পর স্পিকারের দেশে ফেরার সময় এগিয়ে আনার ফলে রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা আরও জোরদার হলো।

সংবিধান অনুযায়ী, স্পিকারের কাছে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতি পদত্যাগ করলে, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন, তার বয়স ৭৬ বছর।

এর আগে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন, যদি রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে স্বাস্থ্যগত কারণে অথবা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সেটা একটি অপশন। তবে পদত্যাগের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

পদত্যাগের বিষয়ে সরকারের পদক্ষেপ কি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের এখানে কোনো পদক্ষেপ নেই। গণমাধ্যমে ‘পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে’ এই বিষয়ে লেখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%