ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও মালদ্বীপ


প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও মালদ্বীপ

বাংলাদেশ ও মালদ্বীপ প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতা আরও জোরদার করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি, সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, প্রশিক্ষণ এবং সামরিক সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেছে উভয় দেশ।

বুধবার (১১ নভেম্বর) মালদ্বীপের প্রতিরক্ষা সদর দপ্তরে দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

সাক্ষাতে দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি সামরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময়, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা গুরুত্ব পায়।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

এছাড়া, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং সামুদ্রিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তাঁরা। বিশেষভাবে, ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, দুই দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ এবং গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে হাইকমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: লিবারম্যান নেতানিয়াহুকে সংসদের অনুমোদন ছাড়া যুদ্ধের সিদ্ধান্ত না নিতে সতর্ক করলেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদক কর্তৃক সুবাস্তু ডেভেলপমেন্টের ৩ কর্মকর্তাকে তলব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


দুদক কর্তৃক সুবাস্তু ডেভেলপমেন্টের ৩ কর্মকর্তাকে তলব

দুর্নীতি দমন কমিশন (দুদক) গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সুবাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমানসহ তিনজনকে তলব করেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদক এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির সহকারী পরিচালক সাজিদ উর রোমান আগামী ২৪ নভেম্বর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন।

দুদক জানায়, গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সুবাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমানসহ তিনজনকে তলব করা হয়েছে।

অন্য দুই জন হলেন- সুবাস্তুর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খান এবং পরিচালক রেজাউল হক সিরাজী।

দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, তারা শত শত নিরীহ গ্রাহকের কষ্টার্জিত সম্পদ আত্মসাৎ ও অর্থ পাচার করেছেন। গ্রাহকের কাছ থেকে অর্থ নিয়ে ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়াসহ নানা অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে।

এর আগে গত অক্টোবর মাসে সুবাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জের জলসিঁড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


রূপগঞ্জের জলসিঁড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাবাহিনী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্প কর্তৃপক্ষের উদ্যোগে অসচ্ছল ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে সাত শতাধিক মানুষ, শিশু, নারী, পুরুষ ও বয়স্কদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে জলসিঁড়ি আবাসন প্রকল্পের ৪ নম্বর সেক্টরে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ, মাইলাবো, হরিনা, ইছাখালী, মাঝিনা ও আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ চিকিৎসাসেবা নিতে এখানে আসেন।

ক্যাম্পে সার্জারি বিশেষজ্ঞ মেজর জাকিয়া, চর্মরোগ বিশেষজ্ঞ মেজর নিবরাস, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রাফাতুজ্জামানসহ মোট পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। রোগীদের শারীরিক বিভিন্ন সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের মতে, সাধারণ অসুস্থতার কারণে অনেক সময় অর্থাভাবে চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। বিশেষ করে নিম্নআয়ের ও বয়স্ক মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া বেশ ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে নিজ এলাকায় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। এ ধরনের উদ্যোগ শুধু চিকিৎসাসেবা নিশ্চিত করে না, বরং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

চিকিৎসাসংশ্লিষ্টরা মনে করেন, সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার গ্রহণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা জরুরি। অসুস্থতা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ সেবন না করার বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।

জলসিঁড়ি কর্তৃপক্ষ জানায়, এর আগে গত ১১ আগস্ট ও ৩০ সেপ্টেম্বর স্থানীয় বাসিন্দাদের জন্য একই ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষের প্রয়োজন ও আগ্রহের কথা বিবেচনায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আবাসন প্রকল্পের উন্নয়নের পাশাপাশি আশপাশের এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও সামাজিক কল্যাণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, স্থানীয় মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও একটি প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ।

স্থানীয়দের মতে, জলসিঁড়ি কর্তৃপক্ষের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করা হলে এলাকার অসহায়, দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষ আরও বেশি উপকৃত হবেন। একই সঙ্গে সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের এ উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোল বন্দরে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


বেনাপোল বন্দরে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

যশোরের বেনাপোল বন্দরে একটি ট্রাক আটক করা হয়েছে, যার মধ্যে ২৫ টন কেমিক্যাল ছিল। এই ট্রাকটি মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করার অভিযোগে কাস্টমস কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে।

বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যবাহী ট্রাকটি বের করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেটি জব্দ করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠানটি হল অনিন্দিতা ইন্টারন্যাশনাল। পণ্য খালাস ও সরানোর দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যের ঘোষণা ছিল ট্যালকম পাউডার। কিন্তু চালানটি বন্দরে প্রবেশের পর প্রয়োজনীয় এন্ট্রি ও রাজস্ব পরিশোধ না করেই গোপনে বাংলাদেশি ট্রাকে খালাসের চেষ্টা চলছিল।

কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয় এবং তারা অভিযান চালান। এ সময় আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হলে চালানটি জব্দ করা হয়।

কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য কোনো মূল্যবান কেমিক্যাল আমদানি করার মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, আটক পণ্যবাহী ট্রাকটি বন্দরের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন্দরের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাধারণ ব্যবসায়ীরা মন্তব্য করেছেন, শুল্ক ফাঁকির প্রবণতা বাড়তে থাকায় সরকার রাজস্ব হারাচ্ছে। এই ধরনের অনিয়ম বন্ধ করতে আরও কঠোর নজরদারি প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোসাইরহাটে সেবা নিতে গিয়ে দুর্ব্যবহারের শিকার গ্রাহক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


গোসাইরহাটে সেবা নিতে গিয়ে দুর্ব্যবহারের শিকার গ্রাহক

শরীয়তপুরের গোসাইরহাট নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে সেবা নিতে গিয়ে এক সেবা প্রত্যাশী ভূমি কর্মকর্তা আহসানুল হকের দ্বারা দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ করেছেন। জমিসংক্রান্ত তথ্য জানতে গিয়ে ওই সেবা প্রত্যাশীকে তথ্য না দিয়ে বরং তাকে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগী জানিয়েছেন, এ বিষয়ে বক্তব্য জানতে গেলে সাংবাদিকদের প্রশ্নের মুখে উল্টো ক্যামেরা চালু করে ওই কর্মকর্তা পাল্টা প্রশ্ন করেন, "আপনি আমাকে প্রশ্ন করার কে?" একপর্যায়ে তিনি কোনো মন্তব্য করবেন না বলেও জানান।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে নাগেরপাড়া ইউনিয়নের বড়কালি নগর এলাকার বাসিন্দা মাসুদ আলম তার বাবার সম্পত্তিসংক্রান্ত কিছু তথ্য জানার জন্য ইউনিয়ন ভূমি কার্যালয়ে যান। তার অভিযোগ, ভূমি কর্মকর্তা আহসানুল হক প্রয়োজনীয় তথ্য না দিয়ে তাকে উপজেলার রেকর্ড রুমে যাওয়ার পরামর্শ দেন। একপর্যায়ে তার উপর চড়াও হয়ে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন সেবা প্রত্যাশী মাসুদ আলম। এ ঘটনার পর সাংবাদিকরা ভূমি কর্মকর্তার কাছে ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে জানতে গেলে তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন, "আপনি আমাকে প্রশ্ন করার কে?" এ সময় তিনি সাংবাদিকদের ক্যামেরার বিপরীতে নিজের ক্যামেরাও চালু করেন। পরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ভূমি কর্মকর্তা আহসানুল হক একই কর্মস্থলে অন্তত সাড়ে চার বছর ধরে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন এবং স্থানীয় বাসিন্দা হওয়ার কারণে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, তিনি কার্যালয়ের বিভিন্ন কাজে বহিরাগত নিকটাত্মীয় ব্যক্তিদের ব্যবহার করেন।

ভুক্তভোগী মাসুদ আলম বলেন, "আমি আমার বাবার একটি সম্পত্তির বিষয়ে কিছু তথ্য জানতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে কোনো তথ্য না দিয়ে উপজেলার রেকর্ড রুমে যেতে বলেন। একপর্যায়ে আমাকে তার কক্ষ থেকে বের করে দেন। তিনি চাইলে বিষয়টি বুঝিয়ে বলতে পারতেন, ভালো ব্যবহার করতে পারতেন। একজন সেবা প্রত্যাশীর সঙ্গে এমন আচরণ সত্যিই দুঃখজনক। এর আগেও আরেকটি জমির বিষয়ে তথ্য জানতে গেলে তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন।"

স্থানীয় বাসিন্দা আব্দুর রব বলেন, "ভূমি অফিসে মানুষ আসে নিজেদের জমিজমার প্রয়োজনীয় তথ্য ও সেবা নিতে। সেখানে কোনো কর্মকর্তা যদি সেবা প্রত্যাশীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সরকারি কর্মকর্তাদের দায়িত্ব মানুষের ভোগান্তি কমানো, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা নয়। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।"

বিষয়টি নিয়ে জানতে চাইলে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, "আপনাদের কাছ থেকেই নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের বিষয়ে জানতে পেরেছি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%