প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শরীয়তপুরের গোসাইরহাট নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে সেবা নিতে গিয়ে এক সেবা প্রত্যাশী ভূমি কর্মকর্তা আহসানুল হকের দ্বারা দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ করেছেন। জমিসংক্রান্ত তথ্য জানতে গিয়ে ওই সেবা প্রত্যাশীকে তথ্য না দিয়ে বরং তাকে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগী জানিয়েছেন, এ বিষয়ে বক্তব্য জানতে গেলে সাংবাদিকদের প্রশ্নের মুখে উল্টো ক্যামেরা চালু করে ওই কর্মকর্তা পাল্টা প্রশ্ন করেন, "আপনি আমাকে প্রশ্ন করার কে?" একপর্যায়ে তিনি কোনো মন্তব্য করবেন না বলেও জানান।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে নাগেরপাড়া ইউনিয়নের বড়কালি নগর এলাকার বাসিন্দা মাসুদ আলম তার বাবার সম্পত্তিসংক্রান্ত কিছু তথ্য জানার জন্য ইউনিয়ন ভূমি কার্যালয়ে যান। তার অভিযোগ, ভূমি কর্মকর্তা আহসানুল হক প্রয়োজনীয় তথ্য না দিয়ে তাকে উপজেলার রেকর্ড রুমে যাওয়ার পরামর্শ দেন। একপর্যায়ে তার উপর চড়াও হয়ে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন সেবা প্রত্যাশী মাসুদ আলম। এ ঘটনার পর সাংবাদিকরা ভূমি কর্মকর্তার কাছে ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে জানতে গেলে তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন, "আপনি আমাকে প্রশ্ন করার কে?" এ সময় তিনি সাংবাদিকদের ক্যামেরার বিপরীতে নিজের ক্যামেরাও চালু করেন। পরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ভূমি কর্মকর্তা আহসানুল হক একই কর্মস্থলে অন্তত সাড়ে চার বছর ধরে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন এবং স্থানীয় বাসিন্দা হওয়ার কারণে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, তিনি কার্যালয়ের বিভিন্ন কাজে বহিরাগত নিকটাত্মীয় ব্যক্তিদের ব্যবহার করেন।
ভুক্তভোগী মাসুদ আলম বলেন, "আমি আমার বাবার একটি সম্পত্তির বিষয়ে কিছু তথ্য জানতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে কোনো তথ্য না দিয়ে উপজেলার রেকর্ড রুমে যেতে বলেন। একপর্যায়ে আমাকে তার কক্ষ থেকে বের করে দেন। তিনি চাইলে বিষয়টি বুঝিয়ে বলতে পারতেন, ভালো ব্যবহার করতে পারতেন। একজন সেবা প্রত্যাশীর সঙ্গে এমন আচরণ সত্যিই দুঃখজনক। এর আগেও আরেকটি জমির বিষয়ে তথ্য জানতে গেলে তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন।"
স্থানীয় বাসিন্দা আব্দুর রব বলেন, "ভূমি অফিসে মানুষ আসে নিজেদের জমিজমার প্রয়োজনীয় তথ্য ও সেবা নিতে। সেখানে কোনো কর্মকর্তা যদি সেবা প্রত্যাশীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সরকারি কর্মকর্তাদের দায়িত্ব মানুষের ভোগান্তি কমানো, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা নয়। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।"
বিষয়টি নিয়ে জানতে চাইলে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, "আপনাদের কাছ থেকেই নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের বিষয়ে জানতে পেরেছি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন