ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতলেন সিনার


টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতলেন সিনার

উইম্বলডনের ঘাসের কোর্টে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার।

রোববার (১২ জুলাই) ফাইনালে জার্মান তারকা আলেক্সান্দার জভেরেভকে ৬-৭ (৭), ৭-৬ (২), ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি।

ম্যাচের শুরুতে দারুণ লড়াই উপহার দেন জভেরেভ। তবে তৃতীয় সেটে ঘাসের কোর্টে পিছলে গিয়ে হাঁটুতে আঘাত পাওয়ার পর আর আগের ছন্দে ফিরতে পারেননি তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন সিনার এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে প্রথম টুর্নামেন্টেই দারুণভাবে ঘুরে দাঁড়ালেন ইতালিয়ান এই তারকা। লন্ডনের তীব্র গরমের মধ্যেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অল ইংল্যান্ড ক্লাবে নিজের পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে নেন তিনি।

শিরোপা জয়ের পর সিনার বলেন, "এই জয়টা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্যারিসের পর আবারও কঠিন এক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি নিজের এবং আমার দলের জন্য গর্বিত। তারা সবসময় আমাকে সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।"

এই জয়ের মাধ্যমে জভেরেভের বিপক্ষে টানা দশম ম্যাচেও জয় তুলে নিলেন সিনার। উইম্বলডনে এর আগে জভেরেভের সেরা সাফল্য ছিল তিনবার চতুর্থ রাউন্ডে ওঠা। আর এবারও শিরোপার স্বপ্ন অধরাই থেকে গেল জার্মান এই টেনিস তারকার।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, সেবার মান উন্নয়নে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৩ এম


টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, সেবার মান উন্নয়নে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই। দেশের টেলিযোগাযোগ বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে টেলিটককে সরকারি মালিকানাতেই রাখা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য সানজিদা ইয়াসমিনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মন্ত্রী জানান, বর্তমানে দেশে টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক; এই চারটি মোবাইল অপারেটর সেবা দিচ্ছে। টেলিটকের নেটওয়ার্ক কভারেজ ও সেবার মান উন্নত করতে আরো বেশি মোবাইল টাওয়ার প্রয়োজন, যার জন্য উল্লেখযোগ্য বিনিয়োগ দরকার।

এ লক্ষ্যে সরকারি ও বিদেশি অর্থায়নে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সেবার মানোন্নয়নের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, 'টেলিটককে বাজারে রাখতেই হবে। এটি সরকারি মালিকানাতেই থাকতে হবে। রাষ্ট্রীয় অপারেটর না থাকলে বেসরকারি মোবাইল কোম্পানিগুলো ইচ্ছেমতো সেবার মূল্য বাড়িয়ে দিতে পারে।'

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৭ দিন বা ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজের অব্যবহৃত ডেটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল অপারেটরদের সঙ্গে একাধিক দফা বৈঠক করেছে। তবে অপারেটররা তাদের বিদ্যমান ব্যবসায়িক নীতির পক্ষে যুক্তি উপস্থাপন করেছে। কলড্রপ সমস্যা নিয়েও মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনা হয়েছে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় অপারেটরদের ওপর চাপ অব্যাহত থাকবে।

যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিটাল কানেক্টিভিটি স্থাপন প্রকল্পের আওতায় সারা দেশে ১ লাখ ৯ হাজার ৪টি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপনের কাজ চলছে। এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ভূমি অফিস ও জেলা আদালতসহ ৫৭ হাজার প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড সংযোগ দেয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সেবা সহজ করতে এবং রেমিট্যান্স পাঠানো আরও সহজ করার লক্ষ্যে ডিজিটাল সেন্টারগুলোতে ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালুর পরিকল্পনা রয়েছে।

শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব এলাকায় এখনো মোবাইল নেটওয়ার্ক নেই, সেসব স্থানের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে টেলিটকসহ অন্যান্য অপারেটরের সঙ্গে সমন্বয় করে নেটওয়ার্ক সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ৯ হাজারের বেশি ডাকঘর রয়েছে এবং এর অধিকাংশই জরাজীর্ণ অবস্থায় আছে। একসঙ্গে সব ডাকঘর সংস্কার করা সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্রিল্যান্সিং ও অন্যান্য ইন্টারনেটভিত্তিক পেশায় সম্পৃক্ত করতে সরকার কাজ করছে, যাতে তারা ক্ষতিকর অনলাইন কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারে। তরুণদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে তুলতে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে কয়েকটি উপজেলায় প্রশিক্ষণ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সব উপজেলায় তা সম্প্রসারণ করা হবে।

নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশব্যাপী ৫জি সেবা সম্প্রসারণে মোবাইল অপারেটরদের প্রযুক্তিনিরপেক্ষ (টেকনোলজি-নিউট্রাল) লাইসেন্স দেওয়া হয়েছে। ৫জি চালুর জন্য ২.৩ গিগাহার্জ ও ২.৬ গিগাহার্জ ব্যান্ডের স্পেকট্রাম ইতোমধ্যে বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ২০২৭ সালে ৩.৫ গিগাহার্জ ব্যান্ডের নতুন স্পেকট্রাম উন্মুক্ত করা হবে।

চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য আবদুল হান্নানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারা দেশে ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পাঁচ বছর মেয়াদি একটি কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় ২ লাখ ফ্রিল্যান্সারকে পরিচয়পত্রও প্রদান করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ জয়ে কার সম্ভাবনা বেশি, জানাল অপ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৬ এম


বিশ্বকাপ জয়ে কার সম্ভাবনা বেশি, জানাল অপ্টা

বিশ্বকাপের ১০০টি ম্যাচ শেষ হয়ে গেছে, এবং এখন বাকি শুধুই দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল। শেষ চারে জায়গা করে নেয়া আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন এবং ফ্রান্সকে নিয়ে এখন শিরোপার লড়াই শুরু হচ্ছে। টুর্নামেন্টের শুরুতে অপ্টার সুপারকম্পিউটার এই চার দলকে সেমিফাইনালে দেখার পূর্বাভাস দিয়েছিল। এখন অপ্টার মডেল জানিয়েছে সম্ভাব্য চ্যাম্পিয়নের নামও।

অপ্টার হিসাবে ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে ফ্রান্স এগিয়ে রয়েছে। দিদিয়ের দেশমের দলের শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের দুর্দান্ত ফর্ম ফরাসিদের আত্মবিশ্বাসকে আরও বৃদ্ধি করেছে।

তবে স্পেনকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। লুইস দে লা ফুয়েন্তের দল মার্চ ২০২৪ এর পর থেকে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রয়েছে। অপ্টার হিসাবে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ২৩.৪ শতাংশ।

অন্যদিকে, সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হবে। এই লড়াইয়ে দুই দলের সম্ভাবনা প্রায় সমান। অপ্টার সিমুলেশনে ইংল্যান্ড ফাইনালে উঠেছে ৫০.৯ শতাংশ ক্ষেত্রে, আর আর্জেন্টিনা ৪৯.১ শতাংশ ক্ষেত্রে। শিরোপা জয়ের সম্ভাবনায় ইংল্যান্ডের হার ২১.৯ শতাংশ, আর্জেন্টিনার হার ২০.৬ শতাংশ।

ইংল্যান্ডের জুড বেলিংহাম টানা দুই নকআউট ম্যাচে জোড়া গোল করে ডিয়েগো ম্যারাডোনার পর প্রথম ফুটবলার হিসেবে অনন্য কীর্তি গড়েছেন। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের ম্যাচে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে এবং শেষ চারে পৌঁছেছে।

পরিসংখ্যান ফ্রান্সকে এগিয়ে রাখলেও, শেষ চারের লড়াইয়ে ব্যবধান এতটাই কম যে একটি মুহূর্ত, একটি গোল কিংবা একটি ভুল সবকিছুকে বদলে দিতে পারে পুরো বিশ্বকাপের ভাগ্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টির মধ্যে ঢাকার বায়ুমানে দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৯ এম


বৃষ্টির মধ্যে ঢাকার বায়ুমানে দুঃসংবাদ

বিশ্বের অনেক শহরের মত, রাজধানী ঢাকা দীর্ঘকাল ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জে জর্জরিত হয়ে রয়েছে। সাধারণত বৃষ্টিপাতের কারণে বাতাসের মানের উন্নতি ঘটে। কিন্তু, এবার কয়েকদিনের বর্ষণের পরও সেই প্রত্যাশিত স্বস্তি মেলেনি। বরং, বৃষ্টির মধ্যে ঢাকাও আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষ পাঁচে স্থান করে নিয়েছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) সকালে ঢাকার স্কোর ছিল ১৫৬। এই স্কোর অনুযায়ী, শহরের বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এই সময়, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম।

একই সময়ে, দূষিত শহরের তালিকায় ১৯৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। তার পরে রয়েছে ১৮৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে উগান্ডার রাজধানী কাম্পালা, তৃতীয় স্থানে ১৭৪ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর শহরের স্কোর ১৫৮।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের প্রধান উৎস হলো যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমন।

তাদের মতে, এসব উৎস থেকে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর এবং টেকসই পদক্ষেপ নিলে বায়ুর মানে স্থায়ী উন্নতি আনা সম্ভব নয়।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মধ্যম হিসেবে গণ্য করা হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই অবস্থায়, শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যান্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে পরামর্শ দেয়া হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেওয়ার কারণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:১০ এম


ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেওয়ার কারণ

ফুটবল ম্যাচ চলাকালীন প্রায়ই দেখা যায় যে, কোনো খেলোয়াড় বোতল থেকে এক চুমুক পানি অথবা স্পোর্টস ড্রিংক মুখে নিয়ে কয়েক সেকেন্ড কুলি করার পর, তা গিলে না ফেলে মাঠেই ফেলে দেন। যদিও অনেকেই বিষয়টিকে পানি অপচয় বলছেন, কিন্তু বাস্তবে এর পেছনে রয়েছে ক্রীড়াবিজ্ঞানে স্বীকৃত একটি বিশেষ কৌশল।

এই কৌশলের নাম 'কার্বোহাইড্রেট মাউথ রিন্স'। এই পদ্ধতিতে কার্বোহাইড্রেটযুক্ত পানীয় কয়েক সেকেন্ড মুখে রেখে পরে তা ফেলে দেওয়া হয়। শুধু ফুটবলাররাই নয়, সাইক্লিস্ট, ম্যারাথন দৌড়বিদসহ দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার পরিশ্রম করা অনেক ক্রীড়াবিদ এই কৌশলটি ব্যবহার করেন।

গবেষণায় দেখা গেছে, মানুষের মুখের ভিতরে কিছু রিসেপ্টর রয়েছে যা কার্বোহাইড্রেটের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম। যখন মুখে কার্বোহাইড্রেটযুক্ত পানীয় রাখা হয়, তখন সেই সংকেত দ্রুত মস্তিষ্কে পৌঁছে যায়। এর ফলে মস্তিষ্ক সাময়িকভাবে এমন একটি ধারণা করে যে শরীরে নতুন শক্তির জোগান আসছে।

এই প্রক্রিয়ার ফলে খেলোয়াড়ের মনোযোগ, সতর্কতা এবং কর্মক্ষমতায় ইতিবাচক প্রভাব পড়তে পারে, যদিও পানীয়টি শরীরে প্রবেশ করে না।

ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের বিরতির সময় খুবই সীমিত। এই সময় বেশি পানি কিংবা স্পোর্টস ড্রিংক পান করলে পেট ভারী লাগে বা দৌড়ানোর সময় অস্বস্তি অনুভূত হতে পারে। অন্যদিকে, পানীয়টি গিলে ফেললে তা হজম হতে এবং শরীরের কাজে আসতে কিছুটা সময় লাগে।

কিন্তু মুখে কয়েক সেকেন্ড কুলি করলেই মস্তিষ্কে প্রয়োজনীয় সংকেত দ্রুত পৌঁছে যায়। তাই অনেক খেলোয়াড় এই পদ্ধতিটিকে বেশি কার্যকর মনে করেন।

যদিও এই কৌশল বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে, ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের সময় এটি ব্যাপক আলোচনায় আসে। সেই সময় ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন এবং পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোসহ বেশ কয়েকজন ফুটবলারকে ম্যাচ চলাকালে এই পদ্ধতি ব্যবহার করতে দেখা যায়।

বিশেষজ্ঞরা বলেন, এটি একেবারেই নয়। কার্বোহাইড্রেট মাউথ রিন্স শরীরের পানিশূন্যতা দূর করতে সক্ষম নয়। ঘামের মাধ্যমে হারানো পানি ও ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণে নিয়মিত পানি বা ইলেকট্রোলাইটসমৃদ্ধ পানীয় পান করতে হয়।

সাধারণত ম্যাচ শুরুর আগে, বিরতির সময়, ম্যাচ শেষে এবং গরম আবহাওয়ায় নির্ধারিত হাইড্রেশন ব্রেকের সময় ফুটবলাররা পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন।

বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতি মূলত দীর্ঘ সময়ের উচ্চমাত্রার ব্যায়াম অথবা প্রতিযোগিতামূলক খেলাধুলার জন্য কার্যকর। সাধারণ মানুষের দৈনন্দিন কাজ বা হালকা ব্যায়ামের ক্ষেত্রে এর কোনো প্রয়োজন নেই।

অতএব, মাঠে ফুটবলারদের মুখে পানি বা স্পোর্টস ড্রিংক নিয়ে কুলি করে ফেলে দিতে দেখলে, অবাক হওয়ার কিছু নেই। এটি পানি অপচয় নয়, বরং পারফরম্যান্স বাড়ানোর জন্য ব্যবহৃত ক্রীড়াবিজ্ঞানে স্বীকৃত একটি কার্যকর কৌশল।

সূত্র: সেইস ডটকম

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%