ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে তিন ঘণ্টায় ১০৯ মিমি বৃষ্টিপাত, নিচু এলাকায় জলাবদ্ধতা


চট্টগ্রামে তিন ঘণ্টায় ১০৯ মিমি বৃষ্টিপাত, নিচু এলাকায় জলাবদ্ধতা

চট্টগ্রাম, ১৭ আগস্ট, ২০২৬ : চট্টগ্রামে টানা ভারী বর্ষণে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে, শেষ তিন ঘণ্টাতেই ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বৃষ্টির কারণে নগরের মুরাদপুর, শুলকবহর, জামালখান, আগ্রাবাদ ও কাতালগঞ্জসহ বেশ কিছু নিচু এলাকার সড়কে পানি জমে যায়। এতে সকাল বেলা কর্মস্থল ও নিজ নিজ গন্তব্যে বের হওয়ার সময় মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

বৃষ্টি বেশি থাকায় নগরের বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়। এই কারণে বেশি জায়গায় ধীরগতির ফলে যানজটের সৃষ্টি হতে থাকে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া জানিয়ে দেন, সাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে তা কমে আসার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, উদ্ভূত পরিস্থিতিতে বর্তমানে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত ও নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনুশার সেঞ্চুরির পর ১৭৮ রানে পিছিয়ে শ্রীলংকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


দিনুশার সেঞ্চুরির পর ১৭৮ রানে পিছিয়ে শ্রীলংকা

ঢাকা, ১৭ আগস্ট ২০২৬ : ব্যাটিং অলরাউন্ডার সোনাল দিনুশার লড়াকু সেঞ্চুরির পরও ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিক শ্রীলংকা ১৭৮ রানে পিছিয়ে রয়েছে। প্রথম ইনিংসে ভারতের ৪৬২ রানের জবাবে শ্রীলংকা ২৮৪ রানে অলআউট হয়ে যায়। চয় নম্বরে ব্যাট হাতে নেমে দিনুশা ১০০ রানের ইনিংস খেলেন।

গল টেস্টের প্রথম ইনিংসে ভারত ৪৬২ রানে গুটিয়ে যায়। দলের হয়ে দেবদূত পাড্ডিকাল করেন ১৬৭, লোকেশ রাহুল করেন ৮২ ও ধ্রুব জুরেল ৫১ রান। এরপর শ্রীলংকা নিজেদের প্রথম ইনিংসে প্রবল চাপের মধ্যে পড়ে এবং ভারতীয় বোলারদের তোপে ৯০ রানে ৫ উইকেট হারায়। চাপে পড়া লংকানদের প্রতিরোধে ফেরান দিনুশা এবং উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা। তারা ষষ্ঠ উইকেটে ২১৭ বলে ১৪৬ রানের এক বড় জুটি গড়ে দলটির রান ২৩৬ এ নিয়ে যান।

ডিকবেলাকে ৭টি চারে ৮০ রান করার পর ফেরানোর জন্য ব্রেক-থ্রু এনে দেন ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। তবে অন্যপ্রান্তে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে দিনুশা প্রথম সেঞ্চুরি তুলে নেন। সেঞ্চুরির পর তিনি কোন রান যোগ করতে পারেননি। ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজার বলের দাপটে তিনি লেগ বিফোর আউট হন। দিনুশা ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬৮ বলে ১০০ রান করেন।

এরপর, লোয়ার অর্ডারের অন্যান্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় শ্রীলংকা ২৮৪ রানে অলআউট হয়ে যায়। ভারতের দুই স্পিনার মানাব সুথা ৪টি এবং জাদেজা ৩ উইকেট নেন।

এবার জাদেজা টেস্টে ৩৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের পঞ্চম বোলার হিসেবে। তিনি বিশ্বের তৃতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে এই কীর্তি গড়েন। এর আগে শ্রীলংকার রঙ্গনা হেরাথ (৪৩৩ উইকেট) এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেটোরি (৩৬২ উইকেট) এই কীর্তি স্থাপন করেছেন।

এছাড়া, যিনি টেস্টে চার হাজার বা এর বেশি রান ও ৩৫০ বা এর বেশি উইকেটে ভারতের দ্বিতীয় এবং বিশ্বের চতুর্থ ক্রিকেটার হলেন জাদেজা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার গুরুত্বের সঙ্গে দেখছে আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি: প্রবাসীকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


সরকার গুরুত্বের সঙ্গে দেখছে আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি: প্রবাসীকল্যাণমন্ত্রী

সরকার আমিরাতে (ইউএই) উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আরো বলেন, ভিসা বাতিলের বিশেষ কারণ এখনো জানা যায়নি। কারণ অনুসন্ধান চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার (১৭ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাইয়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করে ভিসা বাতিল হওয়া প্রবাসীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি বাতিল হওয়া ভিসাধারীদের একটি সমন্বিত ডেটাবেজ তৈরির কাজ চলছে। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পর ভিসা বাতিলের কারণ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে ইউএইতে পরিবারিক, শিক্ষার্থী, পর্যটক ও কর্মসংস্থানের ভিসা এবং এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা স্থানান্তরের ক্ষেত্রে কড়াকড়ি ও স্থবিরতার বিষয়েও সরকার অবগত রয়েছে।

আরিফুল হক চৌধুরী আরো বলেন, যৌথ কূটনৈতিক উদ্যোগ এবং সর্বোচ্চ সরকারি পর্যায়ের হস্তক্ষেপের মাধ্যমে ভিসা-সংকট দ্রুত সমাধানে মন্ত্রণালয় কাজ করছে। এ ক্ষেত্রে দুবাই সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সিআইপি ব্যবসায়ীদের সুসম্পর্ককে কাজে লাগিয়ে ভিসা জটিলতা নিরসনে সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়ে বলেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য জমি, প্লট বা অবকাঠামো বরাদ্দে বিশেষ কোটা এবং করছাড়ের সুবিধা প্রদান করা হবে। বিনিয়োগের প্রক্রিয়ায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারি দফতরে ফাইলিং ও প্রশাসনিক জটিলতা কমাতে ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে ‘ডিজিটাল ও দ্রুত সেবা’ নিশ্চিত করা হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখতে সিআইপি প্রবাসী, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মন্ত্রী সাধারণ প্রবাসীদের ইউএইর স্থানীয় আইন-কানুন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, সংবেদনশীল বিষয়ে ছবি বা ভিডিও ধারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার করে নেতিবাচক প্রচার চালানো থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা অপরাধমূলক আচরণে না জড়ানোর বিষয়েও প্রবাসীদের সচেতন করতে কনস্যুলেট ও মিশনের সঙ্গে যৌথভাবে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

আরিফুল হক চৌধুরী রেমিট্যান্স প্রসঙ্গে উল্লেখ করেন, হুন্ডি প্রতিরোধ করে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ পাঠাতে সিআইপি ব্যবসায়ীদের তাদের অধীন কর্মীদের উৎসাহিত করতে হবে। তিনি জানান, খুব শিগগির সর্বজনীন ও স্বচ্ছ ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কার্ডের মাধ্যমে দেশে সরকারি-বেসরকারি হাসপাতালে সাশ্রয়ী ও অগ্রাধিকারভিত্তিক চিকিৎসার সুযোগ এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সুবিধা নিশ্চিত করা হবে।

মন্ত্রী জানান, প্রবাসীদের বিমানযাত্রার ব্যয় কমানোর উদ্যোগের কথা জানিয়ে বলেছেন, টিকিট সিন্ডিকেট ভেঙে যুক্তিসংগত বিমানভাড়া নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বিভিন্ন এয়ারলাইনসের সঙ্গে আলোচনা চলছে।

মতবিনিময় সভায় বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাইয়ের প্রতিনিধিরা ভিসা চালুর বিষয়ে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া, বিদেশগামী কর্মীদের দক্ষতা ও মান উন্নয়ন, প্রবাসী কার্ড চালু, সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনা, দেশের হাসপাতালে প্রবাসীদের সাশ্রয়ী মূল্যে চিকিৎসা, প্রবাসী সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সাশ্রয়ী বিমান টিকিটের ব্যবস্থা করার দাবি জানান।

এ ছাড়া ড্রাই ফুড প্রসেসিং প্ল্যান্ট স্থাপন এবং দেশে বিনিয়োগের মুনাফা বিদেশে প্রত্যাবাসনের সুযোগ দেওয়ার প্রস্তাবও তুলে ধরেন তারা।

সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের ইরানকে ফের আত্মসমর্পণের আহ্বান, ওমানকে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


ট্রাম্পের ইরানকে ফের আত্মসমর্পণের আহ্বান, ওমানকে বোমা হামলার হুমকি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) নির্ধারিত ৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার পরও যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি একই সঙ্গে জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় বাধা দিলে ওমানে হামলার হুমকিও তিনি দিয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে এখন ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ ওড়াতে হবে। ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে তিনি কোনো তাড়াহুড়ো করছেন না।

ট্রাম্পের কাছে রয়েছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সরাসরি যোগাযোগের পথ, যেখানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যুক্ত রয়েছে।

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার প্রসঙ্গেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি উল্লেখ করেন, ওমান যদি হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার পথে বাধা হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ওই দেশটির ওপর হামলা চালাবে।

ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ওমান যদি পথে আসে, আমরা তাদের ওপর ব্যাপক বোমা হামলা চালাব।'

ট্রাম্পের এই বক্তব্যটিকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, কারণ ওমান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। আপাতত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে তেহরান ও মাসকাটের মধ্যে আলোচনা চলছে।

অন্যদিকে, ইরান ও ওমান হরমুজ প্রণালির জাহাজ চলাচল নিয়ে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশ প্রণালির মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য আলাদা রুট ব্যবহারের বিষয়ে একটি যৌথ ব্যবস্থা চূড়ান্ত করার চেষ্টা করছে। প্রস্তাবিত ব্যবস্থায় অন্তর্বর্তী সময়ে জাহাজ চলাচলে কোনো ফি না নেওয়ার বিষয়ও রয়েছে।

যুক্তরাষ্ট্র অবশ্য ইরানের ওপর চাপ বাড়াতে দেশটির বন্দরগুলো ঘিরে নৌ অবরোধ বজায় রেখেছে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়াকে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছে। ফলে ইরান-ওমানের এই উদ্যোগ ওয়াশিংটনের সঙ্গে নতুন করে মতবিরোধ তৈরি করেছে।

গত ১৭ জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যে এমওইউ স্বাক্ষরিত হয়েছিল, তার আওতায় দুই পক্ষের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য ৬০ দিনের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়ে আসছে। তবে সময়সীমা শেষ হওয়ার পর ইরান বলেছে, '৬০ দিনের ডেডলাইন' নিয়ে এখন আর কোনো প্রাসঙ্গিকতা নেই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার সাংবাদিকদের বলেন, এমওইউতে ৬০ দিনের কোনো নির্দিষ্ট 'ডেডলাইন' উল্লেখ ছিল না। বরং নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পারমাণবিক ইস্যুতে আলোচনার জন্য ৬০ দিনের একটি সময়কাল নির্ধারণ করা হয়েছিল, যা প্রয়োজন হলে বাড়ানোও সম্ভব ছিল।

বাঘাইয়ের দাবি, সমঝোতা স্বাক্ষরের কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত লঙ্ঘন করায় ওই সময়সীমার গুরুত্ব নষ্ট হয়ে গেছে। তার ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটনের 'ব্যাপক ও গুরুতর' চুক্তি লঙ্ঘনের কারণে দুই দেশের মধ্যে প্রকৃত আলোচনা আর শুরুই হয়নি। ফলে ৬০ দিনের সময়সীমা শেষ হয়েছে কি না, তা নিয়ে আলোচনা এখন অর্থহীন।

এদিকে আলোচনায় অচলাবস্থার পাশাপাশি সামরিক উত্তেজনাও বাড়ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না করলে কয়েক সপ্তাহের মধ্যে ইরান সামরিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে সতর্ক করেছে। ইরানি এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙতে 'সময়োপযোগী ও সুনির্দিষ্ট' সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

ফলে ৬০ দিনের সমঝোতার সময়সীমা শেষ হওয়ার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সমাধানের পথ আরও সংকুচিত হয়েছে। একদিকে ট্রাম্পের আত্মসমর্পণের দাবি ও ওমানকে হামলার হুমকি, অন্যদিকে ইরানের চুক্তি লঙ্ঘনের অভিযোগ এবং হরমুজ প্রণালি ঘিরে কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিশ্লেষকদের দৃষ্টিতে, এখন হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারকে ঘিরে একটি নতুন সমঝোতা না হলে যুদ্ধের অবসান আরও কঠিন হয়ে পড়তে পারে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি ও রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পায়রায় নিখোঁজের একদিন পরে জুঁইয়ের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


পায়রায় নিখোঁজের একদিন পরে জুঁইয়ের মরদেহ উদ্ধার

বরগুনার পায়রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী রাবেয়া আক্তার জুঁইয়ের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর সোমবার (১৭ আগস্ট) রাতে তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকায় পায়রা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

জানো গেছে, নিহত জুঁই ঢাকার মিরপুর এলাকার জনি চৌধুরীর মেয়ে। জুঁই বাবার সঙ্গে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা এলাকায় বেড়াতে গিয়েছিল।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এক স্বজনের সঙ্গে লতাকাটা খেয়াঘাটসংলগ্ন পায়রা নদীতে নামে জুঁই। তখন নদীতে তীব্র স্রোত থাকায় গোসলের একপর্যায়ে স্রোতের টানে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা নদীতে গিয়ে এবং জাল টেনে তাকে উদ্ধারের চেষ্টা করেন তবে কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনার খবর পেয়ে বরগুনা সদর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হয়। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকেও খবর দেওয়া হয়।

এরপর সোমবার সন্ধ্যার দিকে তালতলী উপজেলার নলবুনিয়া জয়ালভাঙা এলাকায় পায়রা নদীতে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে স্বজনরা মরদেহটি নিখোঁজ জুঁইয়ের বলে শনাক্ত করেন।

বরগুনা সদর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. ইমদাদুল হক জানান, নিখোঁজের পর থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ছিল।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, জুঁই নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তালতলীর জয়ালভাঙা এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%