বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
০১:৪৮ পি.এম
হরমুজ প্রণালীতে জাহাজে হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করে বুধবার ইরানে নতুন করে হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নতুন দফা হামলার ঘোষণা দেওয়ার পর ইরানের দক্ষিণ উপকূলজুড়ে একাধিক স্থানে বিস্ফোরণ ঘটেছে|
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে|
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, কিশ দ্বীপের আকাশে যুদ্ধবিমানের শব্দ শোনা যায়| বন্দর আব্বাস, কোনারাক ও চাবাহার বন্দরনগরী বিস্ফোরণে কেঁপে ওঠে| এর মধ্যে চাবাহারের একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়|
ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ‘গতকাল ইরানের জাহাজে বোমা হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে|’ তিনি বলেন, ‘এ ধরণের ঘটনা আবার ঘটলে তার পরিণতি হবে আরও ভয়াবহ|’
তেহরানের বিরুদ্ধে পাল্টা হামলার নির্দেশ দিলেও বুধবারের দিনের শুরুতে ট্রাম্প বলেন, সর্বশেষ সামরিক উত্তেজনা দ্রুত শেষ হবে বলে তিনি আশা করছেন| একই সঙ্গে তিনি আরও আলোচনার পথও খোলা রাখেন|
সেন্টকম জানায়, হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টি করার সক্ষমতা দুর্বল করতেই এই হামলা চালানো হয়েছে| বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ সাধারণত এই প্রণালী দিয়ে যায়|
এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, ‘বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে সাম্প্রতিক অযৌক্তিক হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করছে|’
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি এক্সে লেখেন, ‘আগ্রাসী শত্রু ও তাদের সহযোগীদের কঠোর শাস্তি দেওয়া হবে|’
নতুন হামলার নির্দেশ দেওয়ার আগে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে| এরপরই মধ্যস্থতাকারী পাকিস্তান, কাতার এবং জাতিসংঘ উত্তেজনা প্রশমনের আহ্বান জানায়|
বুধবার গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে "কিছুক্ষণ আগে’ ফোন করা হয়েছে| তারা ‘খুবই মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়|’
তবে কে ফোন করেছিলেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি| একই সঙ্গে সম্ভাব্য চুক্তির কার্যকারিতা নিয়েও সন্দেহ প্রকাশ করে তিনি ইরানিদের ‘কিছুটা পাগলাটে’ বলে মন্তব্য করেন|
বৃহস্পতিবার ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফনের ঠিক আগে এই নতুন হামলা চালানো হলো| গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময় তিনি নিহত হন|
হামলার পর থেকে তেহরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার ওপর জোর দিয়ে আসছে| তারা জানায়, প্রণালী ব্যবহারকারী জাহাজের কাছ থেকে ফি নেওয়া হবে| অনুমোদিত পথ ছেড়ে চলাচলকারী জাহাজে হামলারও হুমকি দিয়েছে|
সাম্প্রতিক কয়েক দিনে ইরানের সামরিক বাহিনী অন্তত তিনটি জাহাজে হামলা চালায়| এর জবাবে মঙ্গলবার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র| পরে ইরান উপসাগরীয় কয়েকটি দেশে পাল্টা হামলা চালায়|
আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমরা তাদের ওপর জোরালো হামলা চালাব| তারা প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করছে|’
তবে পরে তিনি বলেন, ‘যাই ঘটুক না কেন, খুব দ্রুতই এর সমাপ্তি হবে|’
যুদ্ধবিরতি ‘শেষ’ বলে ট্রাম্পের মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আট শতাংশ বেড়ে যায়|
সর্বোচ্চ সংযমের আহ্বান-
এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন| যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী পাকিস্তানও একই আহ্বান জানায়|
ইরান জানায়, বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও কাতারের প্রধানমন্ত্রী ফোনে কথা বলেন| তারা আঞ্চলিক সমস্যা সমাধানে কূটনৈতিক উপায় ব্যবহারের গুরুত্বের ওপর জোর দেন|
যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় দেশই জানিয়েছে, প্রাথমিক দফার হামলায় তারা কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে| ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, এতে দেশটির আটজন সামরিক সদস্য নিহত হয়েছেন|
সেন্টকম জানায়, মঙ্গলবার তাদের বাহিনী ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে| এর মধ্যে ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার কেন্দ্র এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ৬০টি ছোট নৌযান|
আইআরজিসি দাবি করেছে, তারা কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে|
কুয়েত জানায়, তারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৩টি ড্রোন ভূপাতিত করেছে| অন্যদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীতেও হামলা চালিয়েছে|
এক মার্কিন সামরিক কর্মকর্তা বুধবার জানান, ইরানের সর্বশেষ হামলায় কোনো মার্কিন নাগরিক হতাহত হয়নি এবং কোন স্থাপনার বড় ধরণের ক্ষতিও হয়নি|
তিনি এএফপিকে বলেন, ‘ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হয় প্রতিহত করা হয়েছে, নয়তো বড় ধরনের ক্ষতি করতে ব্যর্থ হয়েছে|’
বাহরাইনের সরকারি কর্মকর্তা নাওয়াল সাদ বলেন, ‘যুদ্ধের ছায়া আবারও ঘনিয়ে আসছে|’ তিনি বলেন, ‘ভয় ও উদ্বেগের সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি আর যেতে চাই না|’
সমুদ্রে আটকা নাবিকরা-
বাহরাইন ও কুয়েতে হামলার পাশাপাশি জাহাজে হামলার নিন্দা জানিয়েছে হরমুজ প্রণালীর অপর পারে অবস্থিত ওমান| তবে তারা এ জন্য ইরানকে দায়ী করেনি|
সাবেক এই মধ্যস্থতাকারী পুরো যুদ্ধজুড়েই হামলার ঘটনায় ইরানকে দায়ী করা থেকে বিরত থেকেছে| হরমুজের প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে তেহরানের সঙ্গে আলোচনায় নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেই তারা এ অবস্থান নিয়েছে|
ওয়াশিংটন হরমুজে জাহাজের অবাধ চলাচল চায়| কিন্তু ইরান চলাচলের জন্য ফি আরোপে অনড় রয়েছে| একই সঙ্গে ওমানের জলসীমা ব্যবহার করেও জাহাজ চলাচলের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে|
সম্প্রতি হামলার শিকার হওয়া তিনটি জাহাজই ওমান উপকূলের কাছ দিয়ে চলাচল করছিল| ওমান তাদের উপকূল ঘেঁষে অস্থায়ী একটি নৌপথ চালুর প্রস্তাব দিয়েছিল|
গত মাসে যুদ্ধ বন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তি হওয়ার পর সমুদ্রপথে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল|
তবে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বুধবার জানিয়েছেন, এখনো প্রায় ছয় হাজার নাবিক ওই এলাকায় আটকা পড়ে আছেন|
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ৯০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলার জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের তিন দেশ—কুয়েত, কাতার ও বাহরাইনে একযোগে নজিরবিহীন আত্মঘাতী (কামিকাজে) ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সামরিক বাহিনী ও দেশটির প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যৌথ বিবৃতিতে এই পাল্টা হামলার কথা নিশ্চিত করেছে।
ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিপুল সংখ্যক বিভিন্ন মডেলের দূরপাল্লার কামিকাজে ড্রোন ব্যবহার করে কুয়েতের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, কাতারের আর্লি ওয়ার্নিং (আগাম সতর্কবার্তা) সিস্টেম ও বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ফুয়েল ট্যাংক বা জ্বালানি ডিপো লক্ষ্য করে এই সফল হামলা চালিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, হামলার পরপরই বাহরাইনজুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। এ সময় দেশটিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বাহরাইন কর্তৃপক্ষ দেশটির নাগরিক ও বাসিন্দাদের ‘শান্ত থাকার এবং দ্রুত নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার’ নির্দেশ দিয়েছে।
এর কিছুক্ষণ পরই কুয়েতজুড়েও উচ্চশব্দে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। কুয়েতি সেনাবাহিনী এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনী এই মুহূর্তে দেশের আকাশসীমায় শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে কাতারেও বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির সতর্কতা জারি করে নাগরিকদের মোবাইল ফোনে জরুরি বার্তা (অ্যালার্ট) পাঠানো হয়েছে।
আইআরজিসি পৃথক এক বিবৃতিতে দাবি করেছে, কুয়েত ও বাহরাইনে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে তাদের ড্রোনগুলো নিখুঁতভাবে আঘাত হেনেছে। একই সাথে তারা ওয়াশিংটন এবং আঞ্চলিক দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের মূল ভূখণ্ডে আবারও কোনো হামলার ধৃষ্টতা দেখায়, তবে এই অঞ্চলের অন্যান্য দেশের ওপরও হামলার পরিধি আরও ব্যাপকভাবে বিস্তার করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন এলাকায় টানা বর্ষণ ও জলাবদ্ধতায় শত শত মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এমন একটি পরিস্থিতিতে আট মাস বয়সী একজন শিশুকে বড় একটি পাতিলে বসিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে, যা ২১ সেকেন্ডের, দেখা যায় একটি গলাসমান পানির মধ্যে টানানো একটি রশি ধরে এগিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের একজন সদস্য। তার এক হাতে রশি, অন্য হাতে শিশুকে বসানো একটি বড় পাতিল রয়েছে। পাশের আরো একজন সদস্য শিশুটির গায়ে বৃষ্টির পানি না লাগানোর জন্য পাতিলের ওপর ছাতা ধরে হাঁটছেন। এই ব্যতিক্রমী উদ্ধার অভিযানটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার পেয়েছে।
জানা গেছে, বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চেচুরিয়া ব্রিজসংলগ্ন এলাকায় কয়েকজন মানুষ পানিবন্দি হয়ে পড়ার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর আট সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালাতে যায়।
এই উদ্ধার অভিযানে আট মাস বয়সী শিশুসহ মোট পাঁচ শিশু ও আট নারীকে নিরাপদে উদ্ধার করে স্থানীয় একটি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। কারণ, পানির তীব্র স্রোত ও গভীরতার কারণে শিশুটিকে নিরাপদে বহনের জন্য বড় একটি পাতিল ব্যবহার করা হয়েছিল।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, “পানিবন্দি থাকার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।” পানির গভীরতা ও স্রোতের কথা বিবেচনা করে শিশুটিকে বড় পাতিলে বসিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। পরে অন্যদেরও উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দীর্ঘ ১৭ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকে অভিযোগ উঠেছে এক কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে প্রায় অর্ধকোটি টাকা সরকারি বেতন-ভাতা তোলার। বিদ্যালয়ে পাঠদান তো দূরের কথা, এক দিনের জন্যও তিনি সেখানে পা রাখেননি। তবুও নিয়মিতভাবে তার ব্যাংক হিসাবে সরকারি টাকা (এমপিও) ঢুকে যাচ্ছে। এই ঘটনার প্রেক্ষাপট অত্যন্ত চাঞ্চল্যকর, যা একটি মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে।
নড়াইলের কালিয়া উপজেলার দত্ত মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত শিক্ষকের নাম পীযুষ কান্তি ঘোষ। তার দাবি, তিনি ২০০৯ সালেই চাকরি ছেড়ে দিয়েছেন, কিন্তু কীভাবে তার ব্যাংক হিসাবে টাকা ঢুকছে তা তিনি জানেন না। বিদ্যালয়টির প্রধান শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাদের কারসাজিতে দীর্ঘদিন ধরে সরকারি টাকা আত্মসাৎ করা হচ্ছে। তবে প্রধান শিক্ষকরা একে অপরের দিকে পাল্টাপাল্টি অভিযোগ করছেন। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও এলাকাবাসী শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিতে অনিয়ম ও দুর্নীতি বন্ধের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রশাসন ও শিক্ষা দফতর দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছে।
দত্ত মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবটি বর্তমানে তালাবদ্ধ। সেই বিষয়ে পাঠদানে কোনো শিক্ষক নেই। তথ্যপ্রযুক্তির যুগে বিদ্যালয়টির শত শত শিক্ষার্থী কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ ওই শিক্ষক ১৭ বছর ধরে বিদ্যালয়ে না থেকেও বেতনসহ সরকারি সব সুবিধা পাচ্ছেন।
বিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০০৬ সালে দত্ত মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষকের শূন্য পদে পীযুষ কান্তি ঘোষ যোগদান করেন। তিনি তিন বছর চাকরি করলেও এমপিওভুক্ত না হওয়ায় ২০০৯ সালে ঢাকায় গিয়ে অন্য পেশায় যুক্ত হন। বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও অদৃশ্য কোনো এক ক্ষমতার কারণে এমপিওভুক্ত হন শিক্ষক পীযুষ। সেই থেকে তিনি একবারও বিদ্যালয়ে আসেননি; অথচ ১৭ বছর ধরে সরকারি বেতন-ভাতার সুবিধা ভোগ করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক পদে কর্মরত আছেন।
শিক্ষক পীযুষ কান্তি ঘোষের ব্যাংক হিসাবের (স্টেটমেন্ট) সূত্র ধরে অনুসন্ধানে নামে সময় সংবাদ। জানা যায়, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নীরঞ্জন কুমার বসু (১৯৮৪-২০১২), এরপর অনন্ত কুমার বিশ্বাস (২০১২-২০১৪), তুষার কান্তি ঘোষ (২০১৪-২০২২), গোলক চন্দ্র বিশ্বাস (২০২২-২০২৫) এবং সবশেষ তুষার কান্তি ঘোষ (২০২৫ সালের ডিসেম্বর থেকে অদ্যাবধি) দায়িত্ব পালন করেছেন। পীযুষ কান্তির বেতন উত্তোলনের ঘটনায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের সম্পৃক্ততার অভিযোগ উত্থাপন হয়েছে। চলতি বছরের জুনেও শিক্ষক পীযুষ কান্তির ব্যাংক হিসাবে টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত দুই প্রধান শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বর্তমান প্রধান শিক্ষক একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
সহকারী প্রধান শিক্ষক গোলক চন্দ্র বিশ্বাস বলেন, 'আড়াই বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করেছি। তখন কম্পিউটার শিক্ষক পীযুষের বেতন বন্ধ রাখি। প্রধান শিক্ষক পুনর্বহাল হয়ে আবারও তার বেতন চালু করেন।' ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী তার দায়িত্বকালীন সময়ে পীযুষের অ্যাকাউন্টে বেতন ঢুকেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি কোনো আবেদন করিনি, তবে কীভাবে ঢুকছে আমার জানা নাই।'
বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ অনুপস্থিত শিক্ষকের বেতন ব্যাংক অ্যাকাউন্টে জমা ও উত্তোলনের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, 'বিভিন্ন সময়ে পীযুষকে নোটিশ করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হাইকোর্টের এক রায় অনুযায়ী বরখাস্ত করলেও তার প্রাপ্য টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে চক্রান্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সেই আড়াই বছরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলক পীযুষের বেতন চালু রেখেছিল। আমি যোগদান করে তার দেখানো পথে পীযুষের বেতন তিন মাস চালু রাখি, পরে আবার বন্ধ করে দিই।'
তিনি আরও দাবি করেন, শিক্ষকদের বেতন চালুর বিষয়ে কমিটির সিদ্ধান্তের বাইরে প্রধান শিক্ষকের সিদ্ধান্ত নেয়ার সুযোগ থাকে না। তৎকালীন কমিটির সিদ্ধান্তে তিনি বেতন চালু রাখতে বাধ্য হন।
এসব অভিযোগের বিষয়ে পীযুষ কান্তি ঘোষ জানিয়েছেন, '২০০৯ সালে স্কুলের চাকরি ছেড়ে এসেছি। বিদ্যালয়ে আর কখনো যাইনি। তবে এসব বেতন উত্তোলন ও এমপিওর বিষয়টি সম্প্রতি বিভিন্ন মারফতে জানতে পেরেছি। তবে এসব টাকার বিষয়ে আমার কিছু জানা নাই।'
তিনি পাল্টা অভিযোগ করেন, 'দীর্ঘ এত বছরে ব্যাংকে আমি কখনো যাইনি। কীভাবে আমার অ্যাকাউন্টে লেনদেন হচ্ছে, কখনো ব্যাংক থেকেও আমার সাথে যোগাযোগ করা হয়নি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।'
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বলেছেন, 'একটি অভিযোগ পেয়েছি। দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।'
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জালাল উদ্দিন বলেন, 'দত্ত মাধ্যমিক বিদ্যালয়ে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত অনুপস্থিত থেকেও শিক্ষক পীযুষ সরকারি বেতন-ভাতা গ্রহণ করছেন, যেটি গর্হিত অপরাধ। আর একজন শিক্ষকের একার পক্ষে এ কার্যক্রম চালানো সম্ভব নয়। আমি সম্প্রতি জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেছি। তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দ্রুত তদন্ত করে ঊর্ধ্বতন সব দফতরে বিষয়টি জানাব। আশা করছি, এই চক্রের সকলের মুখোশ উন্মোচন করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।'
এছাড়া উল্লেখযোগ্য যে, নড়াইলের কালিয়া উপজেলার দত্ত মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়ে পরের বছর এমপিওভুক্ত হয়েছে। বিদ্যালয়টিতে বর্তমানে ৪০১ জন শিক্ষার্থী অধ্যয়নরত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টানা ভারী বর্ষণের কারণে ও উজানের পাহাড়ি ঢলের ফলে মৌলভীবাজারের মনু, ধলাই, জুড়ী এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টায় মনু নদী কুলাউড়া মনু রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৫৫ সেন্টিমিটার বিপৎসীমার ওপরে এবং জেলা শহরের চাঁদনীঘাট পয়েন্টে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে, কমলগঞ্জের ধলাই নদী ধলাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৩৩ সেন্টিমিটার বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ জানান, উজানে বৃষ্টিপাত কমে আসায় সন্ধ্যার দিকে জেলার সকল নদীর পানি দ্রুত কমতে শুরু করবে।
আবহাওয়া অফিস জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণের কারণে হাওড়ের নিম্নাঞ্চলে পানি জমে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ