০৮:১৭ পি.এম
ঢাকার আশুলিয়ায় শিল্প কারখানার বৈদ্যুতিক মিটার চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার (২ অক্টোবর) রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জানান, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে আশুলিয়ায় বিভিন্ন শিল্পকারখানায় বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিলেন। তারা চুরির পর ঘটনাস্থলে মোবাইল নাম্বার রেখে যেতেন এবং পরে ফেরত দেওয়ার কথা বলে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন। টাকা না দিলে তারা পরবর্তীতে বিভিন্ন স্থানে চুরি করা মিটার বিক্রি করে দিতেন। এছাড়া, বিভিন্ন শিল্পকারখানায় মিটার চুরির পর তারা মোটা অঙ্কের টাকা আদায় করতেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তথ্য ও প্রযুক্তির মাধ্যমে চোরদের শনাক্ত করার কাজ করে। পরে অভিযান চালিয়ে চক্রের দুই সদস্য সবুজ মিয়া ওরফে মিটার সবুজ এবং মারুফ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, সবুজ মিয়ার নামে বিভিন্ন জেলায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে এবং মারুফ মোল্লার নামে ৬টি মামলা রয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া মিটার উদ্ধারের কাজ করছে পুলিশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন