বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
০৩:৪৪ পি.এম
নরসিংদী রায়পুরায় সেলিম মিয়া (৪৫) নামে হত্যা মামলাসহ এক ডজন মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা।
বুধবার (১ জুলাই) বিকেলে রায়পুরা উপজেলার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
আসামি সেলিম মিয়া রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের বাসিন্দা।
এদিকে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, হত্যাসহ ৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সেলিমকে গ্রেপ্তার করতে গেলে ফেরিঘাটে স্থানীয় লোকজন জড়ো হওয়ার কারণে সৃষ্ট ভিড়ের মধ্যে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, একাধিক হত্যা, বাড়ি পোড়ানো, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ নানা অভিযোগে সেলিম মিয়ার বিরুদ্ধে এক ডজন মামলা ছিল। বিকেলে শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ সেলিম মিয়াকে নিয়ে গাড়িতে করে থানার উদ্দেশে রওনা দেয়। পুলিশের গাড়িটি সায়দাবাদ ফেরিঘাটে পৌঁছালে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের কাছ থেকে আসামি সেলিমকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয়দের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন নুসরাত জাহান নিপা বলেন, বিকেলে আব্দুল আলিম নামে একজন পুলিশ সদস্য আহত হয়ে আমাদের এখানে চিকিৎসা নিতে আসেন। তিনি আসামি ধরতে গিয়ে আহত হন। আসামি ওনাকে ইট দিয়ে ডান হাতের শোল্ডার জয়েন্টের একটু নিচে আঘাত করে আহত করেছে বলে জানান। আমরা এক্স-রে করতে দিয়েছি, পরে বিস্তারিত বলা যাবে।
তবে এ ঘটনায় কোনো পুলিশ আহত হননি বলে দাবি করেন ওসি মো. মজিবুর রহমান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘর দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী ঘটনার সত্যতা নিশ্চিত করে। এর আগে বুধবার (১ জুলাই) উপজেলা ইউএনওর নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘরদুটি উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রুটি গ্রামের বাসিন্দা ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ দীর্ঘদিন ধরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘর অবৈধভাবে দখল করে রেখেছিলেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শেষে উপজেলা প্রশাসন ঘরদুটি দখলমুক্ত করে।
ইউএনও তাপসী রাবেয়া বলেন, সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রকৃত উপকারভোগীদের জন্য। কোনো ব্যক্তি অবৈধভাবে এসব ঘর দখল করে রাখলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাগুরা শহরের ভায়নার মোড়ে অবস্থিত আবালপুর ড্রাগ হাউজ নামে পরিচিত একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, পেশেন্ট স্যাম্পল এবং প্রতিষ্ঠানটিতে কোনো ফার্মাসিস্ট না থাকায় এই জরিমানা করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। তিনি জানান, সতর্কতামূলকভাবে প্রাথমিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে একই অপরাধ পুনরায় ঘটলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বরিশালের উজিরপুরে শিশু ধর্ষণ মামলায় আলমগীর সিকদার (৫২) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলমগীর সিকদার বরিশাল জেলার উজিরপুর উপজেলার পূর্ব কেসবকাঠি গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম শামসুল হক জানিয়েছেন, ভুক্তভোগী শিশুটি আসামি আলমগীরের বাড়িতে আসা-যাওয়া করতো। ২০২৩ সালের ৩ মার্চ নবম শ্রেণির ওই মাদরাসাছাত্রী আলমগীরের বাসায় যায়। বাসায় কেউ না থাকায় শিশুটিকে ধর্ষণ করেন আলমগীর। পরে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় জন্ম নেওয়া শিশুর বর্তমান বয়স তিন বছর।
এ ঘটনায় ২০২৩ সালের ২১ মে শিশুটির বাবা উজিরপুর থানায় মামলা করেন। ২০২৪ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আলমগীরকে একমাত্র আসামি করে চার্জশিট দেন।
বৃহস্পতিবার ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় দেন। একই সঙ্গে ভুক্তভোগী ও তার গর্ভে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়া হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুড়িগ্রামে এই প্রথমবারের মতো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অতি উচ্চমাত্রার মাদক ক্রিস্টাল মেথ আইস (মেথঅ্যামফেটামিন) উদ্ধার করেছে। এ সময় মো. শাহিন খান (২৮) নামে একজনকে মাদক সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফিরদৌস বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার (১ জুলাই) বিকেলের দিকে জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শাহিন খান কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের বাসিন্দা।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শাহিন খানের নিজ বসতবাড়ির শয়নকক্ষের খাটের পাশের টেবিলের ড্রয়ারে রাখা একটি সাদা প্লাস্টিকের কৌটা থেকে এসব মাদক জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ আইস অত্যন্ত উচ্চমাত্রার ও ভয়ংকর মাদক। দেশে সীমিত পরিসরে এ মাদক উদ্ধার হলেও কুড়িগ্রাম জেলায় এটি প্রথমবারের মতো উদ্ধার হয়েছে।
এসআই জান্নাতুল ফিরদৌস বিষয়টি সম্পর্কে আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। তিনি জানান, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ