মোঃ আব্দুল মোছাব্বির মধ্যনগর প্রতিনিধি
০২:০১ পি.এম
জুলাই শহীদ দিবস উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগরে ১১ দলের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) সকাল ১১ ঘটিকার সময় শহীদ আয়াতুল্লাহ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে মধ্যনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু তাহের, সেক্রেটারি মোঃ আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সম্রাট আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আব্দুল মোছাব্বিরসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু তাহের এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আব্দুল মোছাব্বির। বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করার আহ্বান জানান। একই সঙ্গে গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণহত্যার বিচার এবং একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির ‘অদম্য জুলাই’ নামে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। ‘গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার’-এর দাবিতে মিছিলটি সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয় এবং প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পৌনে ১০টার দিকে, মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি মহাসড়কে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে বহিরাগতদের প্রবেশের বিষয়ে অভিযোগ তুলে বাধা দেন। সেখান থেকে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে তুমুল বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সেই বাগ্বিতণ্ডা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পাওয়া মাত্র বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে আহতদের উদ্ধার করে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়ে যায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের পক্ষে মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আশিক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফি শিকদার। অন্যদিকে ছাত্রশিবিরের পক্ষে নেতৃত্বে ছিলেন শাখা সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকারিয়া বাবু এবং সাবেক সভাপতি আমিনুল ইসলাম।
সংঘর্ষ চলাকালে বহিরাগত সন্দেহে একজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
তবে ঘটনার বিস্তারিত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গ্যাস সংকট নিয়ে ফ্যাসিবাদী আচরণ করছে সরকার।
তিনি যোগ করেন, যেখানেই জনগণের অধিকার হরণ হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে ১১ দল।
বুধবার (০৫ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের সমাবেশে তিনি এসব কথা বলেন।
অভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সফলতায় অর্জিত হয়নি- এই কথা জানিয়ে ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকারের কারণে অভ্যুত্থানের অর্জন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, বিএনপি প্রতারক-ধোঁকাবাজ হিসেবে জনগণের কাছে নিজেদের নাম রেজিস্ট্রি করে নিয়েছে। বাংলার জমিনে নতুন কোনো ফ্যাসিবাদকে মেনে নেব না বলেও জানান তিনি।
তিনি বলেন, তারা (বিএনপি) যদি ৭০ ভাগ মানুষের রায় উপেক্ষা করে, তবে বাঁচার পথ খুঁজে পাবে না, জীবন দিয়ে হলেও গণভোটের রায়কে রক্ষা করবো।
শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদের আগমন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফিলিপিন্সের দক্ষিণ উপকূলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার, ৫ আগস্ট, দুপুর ১২টা ১৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানাচ্ছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারাঙ্গানি দ্বীপের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩২ কিলোমিটার দূরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানাতে পেরেছে যে, ভূমিকম্পটির কেন্দ্রটি ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬২ কিলোমিটার গভীরে। এই ঘটনার পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ছাড়া, তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সারাঙ্গানি দ্বীপের উদ্ধারকর্মী হার্লি সাউরো জানান, ভূমিকম্পের সময় সরকারি আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ কম্পন শুরু হলে অনেকেই আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করেন।
তিনি বলেন, কম্পনটি ছিল বেশ শক্তিশালী। মানুষ চিৎকার করতে করতে নিরাপদ স্থানে ছুটে যায়। তবে, সবাই নিরাপদে আছে। প্রাথমিক মূল্যায়নে বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে না।
এর আগে গত ৮ জুন ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে ৭৬ জনের প্রাণহানি হয়েছিল। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থানের কারণে ফিলিপিন্সে প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও বীর আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশে সংঘটিত প্রতিটি গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম থামবে না।
বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী এ সময় বলেন, ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় নতুন প্রজন্ম সর্বদা রাজপথে সচেষ্ট রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের চেতনা ২০২৪ সালের জুলাই-অগাস্টে ছাত্রজনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরুজ্জীবিত হয়েছে। অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে তাজা বুলেটের সামনে দাঁড়িয়ে বীর ছাত্রজনতা যে ত্যাগ স্বীকার করেছে, তা কখনো ব্যর্থ হতে দেওয়া হবে না।’
সাম্প্রতিক রাজনৈতিক ও দেশের ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচার ও দেশের অর্থ লুটপাটকারীরা নতুন করে দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। বিদেশে পাচার করা হাজার হাজার কোটি টাকা পুনরায় বাংলাদেশে বিনিয়োগ করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত আমরা সফল হতে দেব না। যারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে, তাদের সঙ্গে পতিত স্বৈরাচারের কোনো যোগাযোগ রয়েছে কি না—তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার।’
হুঁশিয়ারি উচ্চারণ করে ইশরাক হোসেন বলেন, ‘ফ্যাসিবাদী গোষ্ঠী যদি কোনোভাবে দেশে ফেরার চেষ্টা করে, তবে গণহত্যার দায়ে তাদের ফাঁসির রায় কার্যকর করার মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদের রাজনীতির চূড়ান্ত ইতি টানা হবে, ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ