০৫:৫১ পি.এম
নগরীর কর্মজীবী নারীদের নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার উদ্দেশ্যে পিংক কালারের ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এই বিশেষ গোলাপি রঙের বাসে নারীরা চালক এবং কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে সেবাটি উদ্বোধন করেন সড়ক, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারকে বাস্তবায়নের অংশ হিসেবে মহিলা চালক এবং মহিলা কন্ডাক্টর দ্বারা পরিচালিত এই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, নারীদের জন্য নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন।
সভায় সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা। বিআরটিসি সূত্রে জানা যায়, কর্মজীবী নারী এবং নারী যাত্রীদের নিরাপদ যাতায়াতের কথা বিবেচনা করে পিংক বাস সার্ভিস পরিচালনা করা হবে। নতুন বাসগুলোর চালক এবং কন্ডাক্টর হিসেবে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে।
রাজধানীতে নারীদের জন্য পূর্বে পৃথক বাস সার্ভিস চালু হলেও বিভিন্ন কারণে তা নিয়মিতভাবে পরিচালিত হয়নি। নতুনভাবে পিংক বাস চালুর মাধ্যমে নগরীর নারী যাত্রীদের নিরাপদ গণপরিবহন সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস।
আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৪৮৪ জন গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন