০৫:৫৪ পি.এম
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করা হয়েছে। গোলাপি রঙের এই বাসে দায়িত্ব পালন করছেন নারী কর্মীরা, যারা চালক, কন্ডাক্টর ও হেলপার হিসেবে কাজ করবেন। বাসের যাত্রীদের মধ্যে সবাই নারী হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার সময় বগুড়া বিআরটিসি ডিপো প্রাঙ্গণে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
প্রাথমিকভাবে বগুড়ায় দুটি বাস এই সেবায় যুক্ত হয়েছে। এর মধ্যে একটি বাস শেরপুর-মাটিডালি রুটে চলাচল করবে। এছাড়া বগুড়ার অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও পর্যায়ক্রমে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা করেছে বিআরটিসি।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বিআরটিসি সূত্রে জানানো হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন রুটে নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস চালু করা হচ্ছে। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে প্রথমে ১০টি বাস চালু হয়েছে। ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামে দুটি করে বাসসহ আরও চারটি বাস এই সেবায় যুক্ত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা মন্তব্য করেন, দেশের তিনটি জেলায় নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হচ্ছে, যার মধ্যে বগুড়াও আছে। তিনি উল্লেখ করেন যে, বগুড়ায় শেরপুর থেকে মাটিডালি এবং মোকামতলা থেকে বনানী রুটে এই সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই বাসে চালক, কন্ডাক্টর ও হেলপার সবাই নারী থাকবেন এবং যাত্রীরাও নারী হবে। নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করবে। দেশের অর্ধেক জনগণ নারী, তাই তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি আশা করেন, পর্যায়ক্রমে দেশজুড়ে এই সেবা চালু হবে।
অনুষ্ঠানে বগুড়া মহিলা দলের নেত্রী নাজমা আক্তার জানান, কর্মজীবী নারীদের প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করতে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। গণপরিবহনে নারীদের নানা বিড়ম্বনাও সহ্য করতে হয়। আলাদা নারীদের জন্য এই বাস সার্ভিস চালু হওয়ায় এসব ভোগান্তি অনেকটাই কমবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
বিআরটিসির ট্রেনিং সুপারভাইজার ফেরদৌসী আক্তার দোলন জানান, মহিলাদের জন্য এই বাস সার্ভিস চালু হওয়ার ফলে তারা আরও স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে যাতায়াত করতে পারবেন, যা নারীদের জন্য সম্মানের বিষয়।
বগুড়া বিআরটিসির নারী প্রশিক্ষক সুবর্ণা খাতুন বলেন, সরকারের এই উদ্যোগ খুবই ভালো। বিশেষভাবে স্কুল ও কলেজের শিক্ষার্থী ও কর্মজীবী নারীরা নিরাপদ যাতায়াতের সুযোগ পাবেন। তবে, বগুড়ায় বাসের সংখ্যা আরও বাড়ানো হলে নারীরা এর সুবিধা আরও বেশি পাবেন।
তিনি আরও জানান, নারী চালক তৈরির জন্য বিআরটিসির প্রশিক্ষণ কার্যক্রম চলছে। দক্ষ নারী চালক ও প্রশিক্ষিত কর্মী বাড়ানোর মাধ্যমে ভবিষ্যতে এ সেবা আরও সম্প্রসারিত করা সম্ভব হবে।
বিআরটিসি সূত্রে জানানো হয়েছে, দেশে নারীদের জন্য আলাদা বাস চালুর উদ্যোগ প্রথম গ্রহণ করা হয় ১৯৯৮ সালে পরীক্ষামূলকভাবে। পরে ২০০১ সালে ঢাকা ও আশপাশের এলাকায় এ সেবা সম্প্রসারিত হয়। বিভিন্ন সময়ে সেবাটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলেও ২০২২ সালের অক্টোবরে নারীদের জন্য বিশেষ এই পরিবহনসেবা বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার
নতুন করে চালু হওয়া এই সেবা বগুড়ার কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন