০১:৩৬ পি.এম
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যখন দেশজুড়ে আন্দোলন চলছে। ঠিক তখনই, প্রায় তিন দশক আগে তোলা একটি ছবি নতুন করে আলোচনায় এসেছে। ছবিতে দেখা যাচ্ছে, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন বর্তমান এই শিক্ষামন্ত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ২০২১ সালের একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৯৭ সালে ওডিশার একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদের আন্দোলনে যোগ দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান।
সেই সময় তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জাতীয় সম্পাদক ছিলেন। ছাত্রনেতা হিসেবে, তিনি প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনে অংশগ্রহণ করেন। তখন তিনি সরকারের কোনো দায়িত্বে ছিলেন না।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ওই আন্দোলনের অন্যতম কর্মসূচি ছিল ভুবনেশ্বরে ওডিশা সচিবালয়ের সামনে বিক্ষোভ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেখানে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেন। পরে পুলিশ লাঠিচার্জ করার পর ধর্মেন্দ্র প্রধানও আহত হয়ে পড়েন। এমনকি তার একটি হাড় ভেঙে যাওয়া ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
প্রায় ২৯ বছর আগে ঐ আন্দোলনের ছবিগুলি এখন আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কারণ এই মুহূর্তে ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা নিয়ে সমালোচনা চলছে।
২০২৬ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। ঘটনার তদন্ত, গ্রেপ্তার এবং পুনরায় পরীক্ষা নেওয়ার পাশাপাশি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জোরালো হয়েছে।
বিশেষ করে ককরোচ জনতা পার্টির নেতৃত্বাধীন চলমান আন্দোলনে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অন্যতম প্রধান দাবি হিসেবে উঠে এসেছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
এমন পরিস্থিতিতে ১৯৯৭ সালের সেই আন্দোলনের ছবি আবারও আলোচনায় এসেছে। অনেকেই বলছেন, যে ধর্মেন্দ্র প্রধান একসময় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছিলেন, এখন একই ধরনের ঘটনায় তাকে কঠোর সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন