১০:৫১ এম
ইরান বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি ও একটি বেসামরিক শিল্পকারখানায় হামলা চালিয়েছে। শনিবার (২১ নভেম্বর) শিল্পকারখানাটিতে হামলার পর আগুন লেগে যায়। তবে বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে যে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে, তারা মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, একটি বেসামরিক শিল্পকারখানায় হামলার পর আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা কাজ করেন। তবে হামলার শিকার কারখানাটির অবস্থান বা উৎপাদন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের ওপর ধোঁয়া উঠতে দেখেছেন। সিত্রা দ্বীপে বেশ কিছু শিল্পকারখানা রয়েছে, যার মধ্যে রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকোর পরিচালিত একটি তেল শোধনাগারও রয়েছে। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেনি যে হামলার শিকার কারখানাটি সিত্রা দ্বীপে অবস্থিত কি না।
আরও পড়ুন: নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর আবের কাওয়াস নির্বাচিত
এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছিল। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক বলে ঘোষণা করা হয়, তবে আবারও সতর্কবার্তা জারি করা হয়।
এদিকে, বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করেছে। এসব হামলার সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী আরও জানায়, তেহরান দেশটির বিরুদ্ধে ‘পরিকল্পিত শত্রুতামূলক আচরণ’ অব্যাহত রেখেছে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী বাহরাইনে অবস্থিত আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে। ইরানের দাবি, দেশটির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আগ্রাসন ও বারবার লঙ্ঘনের জবাবে এ হামলা করা হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৬ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত, যাত্রীরা ভোগান্তিতে
এদিকে, শনিবার ভোরে হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় ওমানের খাসাব উপকূলের কাছে দুটি তেলবাহী ট্যাংকারে পৃথক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানিয়েছে, একটি ট্যাংকারের পেছনের অংশে এবং অন্যটির ইঞ্জিনকক্ষে অজ্ঞাত বস্তু আঘাত হানে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুটি ঘটনার সঙ্গে একই জাহাজ জড়িত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘাত ছড়িয়ে পড়েছে। উপসাগরীয় আরব দেশগুলোও এ সংঘাতের প্রভাবের মধ্যে পড়েছে। বাহরাইনে সর্বশেষ হামলার ঘটনা আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন