বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং
০৯:২৫ পি.এম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবস্থিত আল কাওছার মেরিট মাদরাসার ১১ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পেয়েছে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে। গতকাল বিকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় সংবর্ধনার অনুষ্ঠানটি। বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এবং উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক ও ইবতেদায়ী মিলিয়ে মোট ২৪৩ জন শিক্ষার্থী ট্যালেন্ট এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়ে সংবর্ধনা লাভ করেছেন। এর মধ্যে আল-কাওছার মেরিট মাদরাসার ১১ জন কৃতি শিক্ষার্থী ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট এবং সাধারণ গ্রেডে তিনটি ক্রেস্ট গ্রহণ করেছেন।
উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল মান্নান। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এইচ এম খোদাদাদ হোসেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ৪৮ বছর বয়সী অজিত পাত্র নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত বুধবার রাতের ঘটনাটি ঘটে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগান এলাকায়, যেখানে তার নিজ বসতঘরে অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে অভিযানে গিয়ে অজিত পাত্রের বসতঘরের দক্ষিণ কক্ষ থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানিয়েছেন যে, পুলিশের সিডিএমএস যাচাইয়ের সময় গ্রেফতারকৃত অজিত পাত্রের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলার তথ্যও প্রমাণিত হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সিলেট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী শনিবার (২৫ জুলাই) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এই লিফলেট বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আইনজীবীদের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবী নেতৃবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির বিপুলসংখ্যক সদস্য অংশ নেন। আদালত প্রাঙ্গণের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তারা আইনজীবীদের হাতে লিফলেট তুলে দেন। এছাড়া আগামী শনিবারের সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
লিফলেট বিতরণকালে এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, অ্যাডভোকেট আনোয়ারুল ওয়াদুদ টিপু, অ্যাডভোকেট মো. আজীম উদ্দীন, অ্যাডভোকেট মো. আব্দুল খালিক, অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম, অ্যাডভোকেট মো. সোলেমান আলী, অ্যাডভোকেট জুনেদ আহমদ, অ্যাডভোকেট নাজমুল হুদা, অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদার, অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, অ্যাডভোকেট মইনুল ইসলাম, অ্যাডভোকেট কাজী আতিকুল ইসলাম, ব্যারিস্টার আবুল ফজল চৌধুরী, অ্যাডভোকেট মোজাম্মেল আলী, অ্যাডভোকেট সালেহ আহমদ এবং অ্যাডভোকেট আব্দুল গফ্ফার প্রমুখ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ২৫ জুলাইয়ের সিলেট বিভাগীয় সমাবেশকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনসমাগমপূর্ণ করার মাধ্যমে জনগণের প্রত্যাশা ও ঐক্যের বার্তা তুলতে আইনজীবীসহ সিলেটবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
এসময় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণআন্দোলনের চেতনা ও গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের ঐক্যবদ্ধ অবস্থান আরও সুসংহত করা প্রয়োজন। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে গণভোটের রায় বাস্তবায়ন ও ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করার দাবি করা হচ্ছে। এই লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সিলেটে বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। আইনজীবীসহ সর্বস্তরের মানুষকে সমাবেশে অংশ নিয়ে গণরায়ের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানান তারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিহারের পশ্চিম চম্পারণ জেলার ১০ ফুট লম্বা একটি বিষধর শঙ্খচূড় বা কিং কোবরা উদ্ধার হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে পরিচিত প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী জানকী দেবী, যিনি ‘স্নেক লেডি’ নামে পরিচিত, সাপটিকে নিরাপদে উদ্ধার করার পর গলায় মাফলারের মতো জড়িয়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পশ্চিম চম্পারণের বাল্মিকীনগরে মুন্নি লাল নামে এক বাসিন্দার বাড়িতে প্রায় ১০ ফুট লম্বা একটি শঙ্খচূড় ঢুকে পড়ে। সাপটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে প্রতিবেশীদের সতর্ক করেন। খবর ছড়িয়ে পড়ার পর এলাকার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং বাড়ির সামনে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জানকী দেবী। দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিষধর সাপটিকে উদ্ধার করেন। উদ্ধার করার পরে সাপটিকে নিকটবর্তী একটি জঙ্গলে নিরাপদে অবমুক্ত করা হয়। জঙ্গলে নিয়ে যাওয়ার সময় সাপটিকে গলার চারপাশে জড়িয়ে হাঁটার দৃশ্যই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ভিডিওটি ‘গাঁওয়ালা’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছে। তবে ভিডিওটির সত্যতা ও এটি ঠিক কবে ধারণ করা হয়েছে, এ বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
স্থানীয় বন কর্মকর্তা সত্যম কুমার জানান, বর্ষাকাল এবং আবহাওয়ার পরিবর্তনের সময় সাপ প্রায়ই শুকনো ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে চলে আসে। বিশেষ করে বাল্মিকী ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের আশপাশের এলাকায় এ ধরনের ঘটনা তুলনামূলক বেশি ঘটে। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আতঙ্কিত না হয়ে সাপ ধরার চেষ্টা থেকে বিরত থাকার এবং প্রয়োজনে প্রশিক্ষিত উদ্ধারকারীদের খবর দেওয়ার আহ্বান জানান।
স্থানীয়দের কাছে জানকী দেবী একজন সুপরিচিত বন্যপ্রাণী উদ্ধারকর্মী হিসেবে পরিচিত। বন বিভাগের তথ্যমতে, গত কয়েক বছরে তার মাধ্যমে হাজার হাজার বিষধর সাপ নিরাপদে উদ্ধার করা হয়েছে। মাত্র ১২ বছর বয়সে সাপ উদ্ধারের কাজ শুরু করা জানকী উদ্ধার অভিযানের সময় একাধিকবার সাপের কামড়েও শিকার হয়েছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের আটক করতে আসা পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে সহপাঠীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা এক তরুণীর দৃশ্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। প্রায় দুই বছর পর ভারতের মুম্বাইয়ে একই ধরনের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সেই স্মৃতি ফিরিয়ে এনেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (২২ জুলাই) মুম্বাইয়ের দাদারের শিবাজী পার্ক এলাকায় রিয়া আহির নামের এক তরুণী চলন্ত একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে সেটির গতিরোধ করেন। যদিও পুলিশ সদস্যরা তাঁকে সরে যেতে বললেও তিনি আন্দোলনের জায়গা পরিবর্তন করেননি।
ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যে হুডি ও ক্যাপ পরা রিয়া দুই হাত সামনে রেখে পুলিশ ভ্যানের অগ্রযাত্রা থামানোর চেষ্টা করছেন।
তার এই পদক্ষেপে আশপাশে থাকা আন্দোলনকারী ও সাধারণ মানুষ করতালি এবং স্লোগানের মাধ্যমে সমর্থন জানান। স্থানীয় কয়েকটি প্রতিবেদনের দাবী, পরে ওই পুলিশ ভ্যান থেকে আটক কয়েকজন আন্দোলনকারীকে ছেড়ে দেওয়া হয়।
ইনস্টাগ্রাম প্রোফাইল অনুযায়ী, রিয়া আহির একজন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় এক লাখ। তিনি বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। সম্প্রতি প্রকাশিত তার একটি মিউজিক ভিডিওর নাম 'দিলবারা'।
অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন রিয়া। হস্তশিল্প ও পোশাক নিয়ে তার ব্যবসা রয়েছে এবং 'রিয়াসত' নামে একটি নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড পরিচালনা করেন তিনি।
রিয়ার পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদের এই দৃশ্য ইতোমধ্যে ভারতজুড়ে চলমান ছাত্র আন্দোলনের অন্যতম আলোচিত প্রতীক হয়ে উঠেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী ঘটনাটিকে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের স্মরণীয় মুহূর্তের সঙ্গে তুলনা করছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ