০৯:২৩ পি.এম
সাবেক স্পিকার, বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গায়েবানা জানাজাটি অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে।
জানাজার শেষে, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও পঞ্চগড়ের কৃতী সন্তানকে হারানোর গভীর শোক প্রকাশ করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
জানাজার পূর্ব আলোচনায় বক্তৃতা করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, এবং পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ।
বক্তারা বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শুধু বিএনপিরই নন, বরং পুরো পঞ্চগড়বাসীর অভিভাবক ছিলেন। তার রাজনৈতিক প্রজ্ঞা, সততা, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং জনসেবামূলক কর্মকাণ্ড চিরস্মরণীয় হয়ে থাকবে মানুষের কাছে।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাজনৈতিক জীবনের সঙ্গে পঞ্চগড়ের সম্পর্ক ছিল খুব গভীর। তিনি জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে থাকলেও নিজ জেলা পঞ্চগড়ের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছিলেন। স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং জেলার উন্নয়নে তার অবদান পঞ্চগড়বাসী এখনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
জমির উদ্দীন সরকার বিভিন্ন সময়ে পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এই অঞ্চলের অবকাঠামো, শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
এছাড়া, তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি এবং বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে দেশের রাজনীতিতে অনন্য অবদান রাখেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতান্ত্রিক মূল্যবোধ, সংসদীয় চর্চা ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকার ব্যাপকভাবে প্রশংসা হয়েছে।
এর আগে, রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বয়সে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন