প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় আটকে পড়া চার পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল রুবায়াত জামিল। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, গত ৪ জুলাই আমিয়াখুম পর্যটনকেন্দ্র ভ্রমণের উদ্দেশ্যে মো. মারুফ উদ্দিন, আবু হুরায়রা জাদিম, তামিম রায়হান সৌরভ ও মাহাদি আল মাহবুব থানচির থুইসাপাড়ায় যান। কিন্তু ৭ জুলাই থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে নদীপথে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা সেখানে আটকা পড়েন। পর্যটকদের আটকে পড়ার খবর পেয়ে, গত শনিবার, বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের জিন্নাপাড়া ক্যাম্প থেকে একটি উদ্ধারকারী দল থুইসাপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। কারণ নদীপথে চলাচল সম্ভব হয়নি, তাই বিজিবি সদস্যরা চার পর্যটককে নিয়ে বিকল্প পাহাড়ি পথ—থুইসাপাড়া, জিন্নাপাড়া, হালিরামপাড়া ও নিকোলাসপাড়া হয়ে অংসাউপাড়ায় পৌঁছান। সেখানে বিজিবি ক্যাম্পে পর্যটকদের নিরাপদে রাতযাপনের ব্যবস্থা করা হয়। পরদিন রবিবার সকালে, বিজিবির আরেকটি দল তাঁদের নিয়ে প্রায় চার ঘণ্টা দুর্গম পাহাড়ি পথ ও ঝিরিপথ অতিক্রম করে সীমান্ত সড়কসংলগ্ন নেপিউপাড়া বিওপিতে পৌঁছায়। পরে, বিজিবির গাড়িতে করে তাঁদের নিরাপদে থানচিতে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে, মো. মারুফ উদ্দিন, আবু হুরায়রা জাদিম ও তামিম রায়হান সৌরভ ঢাকার সূত্রাপুর এলাকার বাসিন্দা। অপর পর্যটক মাহাদি আল মাহবুব ঢাকার শ্যামপুর এলাকার বাসিন্দা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন