ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রিজভীর গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা


সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রিজভীর গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা

সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জানান।

শোকবার্তায় রুহুল কবির রিজভী উল্লেখ করেন, ‘আলহাজ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। তার মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদের পৃথিবী থেকে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক।’

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি আরও বলেন, মরহুম আলহাজ সালাহউদ্দিন আহমেদ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি গভীরভাবে বিশ্বাসী ছিলেন। রাজনীতিবিদ হিসেবে তিনি ছিলেন জনসম্পৃক্ত এবং দলীয় নীতি ও আদর্শ থেকে কখনোই বিচ্যুত হননি। গণতন্ত্রের প্রতি তার ছিল অবিচল আস্থা।

বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলের চেয়ারপারসন ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করেছিলেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে অবদানের জন্য সালাহউদ্দিন আহমেদ এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

তিনি বলেন, বিনয়ী, সদালাপী ও মানবিক গুণাবলিসম্পন্ন মরহুম আলহাজ সালাহ উদ্দিন আহমেদ ছিলেন সবার কাছে একজন গ্রহণযোগ্য রাজনীতিবিদ।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা মহান রাব্বুল আলামিনের কাছে মরহুমের জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার প্রভাবশালী এ নেতা ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালে ৫ম, ১৯৯৬ সালে ফ্রেব্রুয়ারিতে ৬ষ্ঠ এবং ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি তিনি বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী

নওগাঁ জেলার দুবলহাটি এলাকায় রাতের বেলায় পাচারের সময় ১২০ বস্তা সার আটক করেছে বিক্ষুব্ধ স্থানীয় জনগণ। উপজেলা প্রশাসন পরে ঘটনাস্থলে এসে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে এবং সেগুলোকে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে জব্দকৃত সার বিক্রির আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার দুবলহাটি-হাপানিয়া সড়কে এই ঘটনা ঘটে। এলাকাবাসী অভিযোগ করেছেন যে, স্থানীয় ডিলার পয়েন্ট থেকে সারগুলো অন্য জেলায় পাচার করা হচ্ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার দুবলহাটিতে অবস্থিত সারের অনুমোদিত ডিলার পয়েন্ট 'মেসার্স মোল্লা ট্রেডার্স'। মঙ্গলবার রাতে ওই ডিলার পয়েন্টের মালিক ওয়াসেফ আলী মোল্লার গোডাউন থেকে দুটি নসিমন-ভটভটিতে ১২০ বস্তা ডিএপি সার বোঝাই করে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দা ও কৃষকরা দুবলহাটি-হাপানিয়া সড়কে গাড়ি দুটি থামায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নসিমনের চালকরা প্রথমে ইণ্টিতলা মোড়ে যাওয়ার কথা বললেও, পরবর্তীতে জেরার মুখে স্বীকার করেন যে সারগুলো রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছিল। কৃষকরা দীর্ঘদিন ধরে সার সংকটে ভুগছেন, কিন্তু স্থানীয় ডিলারের মাধ্যমে এভাবে অন্য জেলায় সার পাচারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে গাড়িদুটি আটকে রেখে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে খবর দেয়।

তথ্য পেয়ে মেসার্স মোল্লা ট্রেডার্সের ম্যানেজার মামুন ঘটনাস্থলে গেলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানের মালিক ওয়াসেফ আলী মোল্লার নির্দেশে দুবলহাটি ডিলার পয়েন্ট থেকে সারের ম্যামো কেটে তিনি নসিমনদুটি ছেড়ে দেন। তবে এসব সার কোথায় বিক্রি করা হয়েছে বা পাঠানো হচ্ছিল, সে বিষয়ে মালিক তাকে স্পষ্ট কিছু জানাননি। প্রশাসন আসার আগেই তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

ভোগান্তির কথা জানিয়ে স্থানীয় কৃষক শরিফুল ইসলাম ও জাহিদুল ইসলাম বলেন, জমিতে সার দেওয়ার উপযুক্ত সময় চললেও তারা সময়মতো সার পাচ্ছেন না। ডিলারের দ্বারে দ্বারে ঘুরে তিন দিন ধরে কোনো সার মেলেনি। অথচ তাদের ইউনিয়নের সার গোপনে অন্য জেলায় চালান করে দেওয়া হচ্ছে। এলাকাবাসী ও কৃষকদের সজাগ দৃষ্টির কারণেই আজ পাচার রোধ সম্ভব হয়েছে। তারা এসব সার দ্রুত স্থানীয় প্রকৃত কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রির জোর দাবি জানান।

খবর পেয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিন এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুনিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর ইউএনও মো. নূরুল আমিন জানান, সারের ডিলার পয়েন্ট থেকে শতাধিক বস্তা সার অন্য জেলায় পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ ও কৃষি কর্মকর্তাসহ তারা ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছে দেখা যায় ৬০ বস্তা করে দুটি গাড়িতে মোট ১২০ বস্তা ডিএপি সার স্থানীয় জনতা আটকে রেখেছেন।

তিনি আরও জানান, মোবাইল কোর্ট পরিচালনার সময় ডিলার বা তার কোনো দায়িত্বশীল প্রতিনিধিকে পাওয়া যায়নি। 'সার আইন ২০০৬' অনুযায়ী সার ভর্তি নসিমনদুটি জব্দ করে দুবলহাটি ইউনিয়ন পরিষদ ভবনে নিরাপদ সংরক্ষণে রাখা হয়েছে। কৃষি কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে জব্দকৃত ১২০ বস্তা সার সরকার নির্ধারিত মূল্যে দুবলহাটি ইউনিয়নের সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হবে।

সার বিক্রির মাধ্যমে প্রাপ্ত সব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

কৃষকদের দাবি, এই ঘটনার নেপথ্যে থাকা অসাধু ডিলারের বিরুদ্ধে যেন দ্রুত প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে ভবিষ্যতে কোনো ডিলার সার নিয়ে কৃত্রিম সংকট তৈরির সাহস না পায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ গ্রহণ

বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, গবেষণা ও প্রদর্শনী শিল্পের উন্নয়ন নিয়ে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) একাডেমি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার গুলশানে বিসিসিসিআই কার্যালয়ে সিসিপিআইটি একাডেমির প্রেসিডেন্ট ঝাও পিংয়ের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বিসিসিসিআই নেতৃবৃন্দের বৈঠকে এসব বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিসিসিসিআইয়ের মহাসচিব জামিলুর রহমান প্রতিনিধিদলকে স্বাগত জানান।

বৈঠকে ঝাও পিং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৃহৎ ভোক্তা বাজার, জনমিতিক সম্ভাবনা ও ব্যবসায়িক সুযোগের প্রশংসা করেন। তিনি দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক পরিবেশ নিয়ে গবেষণায় বিসিসিসিআইয়ের অংশগ্রহণের সম্ভাবনাকে স্বাগত জানান। ঝাও পিং চীনের নীতি ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে সিসিপিআইটি একাডেমির প্রশিক্ষণ কর্মসূচির বিষয়েও আলোচনা করেন।

বৈঠকে জ্বালানি, প্রদর্শনী শিল্প এবং গবেষণা ও জ্ঞান বিনিময়কে সহযোগিতার প্রধান ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়। জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজি সংরক্ষণাগার, ব্যাটারি প্রযুক্তি ও সৌরবিদ্যুৎ খাতে চীনা বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এছাড়া চট্টগ্রামের প্রদর্শনীকেন্দ্রের অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, বৈদ্যুতিক যানবাহন, সৌরশক্তি ও খাদ্যপণ্যের বিশেষায়িত প্রদর্শনী আয়োজন এবং বিভিন্ন খাতে যৌথ গবেষণার প্রস্তাব উঠে আসে।

বিসিসিসিআইয়ের নির্বাহী পরিচালক মো. আবু তাহের দুই প্রতিষ্ঠানের এক দশকের সম্পর্কের কথা তুলে ধরে চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে সিসিপিআইটির সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বিসিসিসিআইয়ের সহসভাপতি খন্দকার আতিকুর রহমান ও মাসুদ আলী খান, উপদেষ্টা মো. ফয়জুল আলম এবং পরিচালক ড. মো. রাকিবুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও প্রদর্শনী শিল্পের উন্নয়নের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনাহাট স্থলবন্দরে ৭ দিনের জন্য বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


সোনাহাট স্থলবন্দরে ৭ দিনের জন্য বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে টানা সাতদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এ কার্যক্রম আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সময়ে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম এবং কাস্টমসের কার্যক্রম নির্দিষ্ট তিনদিন, অর্থাৎ ১৭, ১৮ ও ১৯ অক্টোবর, স্বাভাবিকভাবে চলবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান জানিয়েছেন, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ২৪ অক্টোবর থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ উঠেছে

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি অভিবাসী মিগুয়েল পারা হার্নান্দেজকে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দিয়েছেন। স্থানীয় সরকারি অ্যাটর্নি শন টিয়ার এ ঘটনায় গুরুত্বপূর্ণ প্রমাণ মুছে ফেলার আশঙ্কা প্রকাশ করেছেন। আইসিই এই অভিযোগ অস্বীকার করে জানায়, তাদের কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তিকে গাড়িচাপা দেননি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারিস কাউন্টির জেলা সরকারি অ্যাটর্নি শন টিয়ার বলেন, স্থানীয় তদন্তকারীদের সংগ্রহ করা ভিডিওতে দেখা গেছে যে, গাড়িটি ইচ্ছাকৃতভাবে মিগুয়েলকে ধাক্কা দিয়ে চাপা দিয়েছে। টেক্সাসের আইন অনুযায়ী, এ ধরনের ঘটনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুরুতর হামলা হিসেবে বিবেচিত হতে পারে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে হামলার মামলা হতে পারে বলেও তিনি জানান।

শন টিয়ার বলেন, তার কার্যালয় ও হ্যারিস কাউন্টির শেরিফের কার্যালয় যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। তবে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা এ বিষয়ে নেই। তার দাবি, ঘটনার সঙ্গে জড়িত গাড়িতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে।

৪৮ বছর বয়সী মিগুয়েল পারা হার্নান্দেজের আইনজীবী ও অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনের এক কর্মকর্তা জানিয়েছেন, গাড়িচাপায় তার শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙে গেছে। একটি পায়ে অস্ত্রোপচার করা হয়েছে এবং সামনে তাকে আরও কয়েকটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে।

হিউস্টনের স্থানীয় সংবাদমাধ্যম কেপিআরসি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে একটি সাদা রঙের গাড়ি বিপরীত দিক দিয়ে চলছিল। একপর্যায়ে গাড়িটি হলুদ বিভাজক পেরিয়ে মিগুয়েলের দৌড়ে যাওয়ার দিকের সড়কে চলে আসে। পরে গাড়িটি তার চলার পথের দিকে বাঁক নেয়। একটি বিপণিকেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটি সরে যাওয়ার পর আইসিইর গাড়ির পেছনে সড়কে একজনকে পড়ে থাকতে দেখা যায়।

শন টিয়ার জানান, তদন্তকারীরা গাড়িটিকে জিপ চেরোকি হিসেবে শনাক্ত করেছেন। গাড়িটিতে দুর্ঘটনার সময়কার গতি, চালকের দিক পরিবর্তন এবং ব্রেক ব্যবহারের তথ্য সংরক্ষিত থাকার সম্ভাবনা ছিল। এসব তথ্য সংগ্রহের জন্য গাড়িটি ঘটনাস্থল থেকে সরানোর আগে বিশেষ ব্যবস্থায় নিয়ে গিয়ে পরীক্ষা করা প্রয়োজন ছিল।

তার দাবি, তদন্তকারীরা আইসিইকে গাড়ির তথ্য সংগ্রহের কথা জানিয়েছিলেন। কিন্তু সংস্থাটি তাতে সহযোগিতা করেনি। তার কার্যালয় গাড়িটি তল্লাশির পরোয়ানা তৈরির কাজ করছিল। এর মধ্যেই দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন বলে সন্দেহ করা ওই কর্মকর্তা গাড়িতে উঠে সেটি ঘটনাস্থল থেকে নিয়ে চলে যান। শন টিয়ার বলেন, তার ২০ বছরের কর্মজীবনে এমন ঘটনা আগে দেখেননি।

তবে গাড়ির তথ্য মুছে ফেলা হয়েছে কি না, সে বিষয়ে আইসিই কোনো মন্তব্য করেনি। তথ্য সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগেরও জবাব দেয়নি সংস্থাটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আইসিইর এক মুখপাত্র এক বিবৃতিতে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার অভিযোগকে মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন বলে দাবি করেন। সংস্থাটির বক্তব্য, তাদের কর্মকর্তারা আইন প্রয়োগের দায়িত্ব পালন করেন এবং তাদের পেশাগত সততা ও আচরণের সর্বোচ্চ মান বজায় রাখতে হয়। সংবাদমাধ্যমের কারণে কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা বেড়েছে বলেও দাবি করেছে আইসিই, যদিও এ দাবির পক্ষে কোনো পরিসংখ্যান দেয়নি।

আইসিইর দাবি, মিগুয়েলকে লক্ষ্য করে অভিযান চালানো হয়নি। সংস্থাটি অন্য এক ব্যক্তিকে আটক করতে চেয়েছিল। ওই ব্যক্তি জোসে মেন্দোজা সারভান্তেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান এবং একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে মিগুয়েলের আইনজীবী কিম ব্রুনো ও অভিবাসী অধিকার সংগঠন ফিয়েলের সহপ্রতিষ্ঠাতা সিজার এস্পিনোসা জানিয়েছেন, মিগুয়েল কিংবা তার সঙ্গে থাকা ব্যক্তির সঙ্গে ওই ব্যক্তির কোনো সম্পর্ক নেই। মিগুয়েলের পরিবার ও আইনজীবীর দাবি, তার কোনো অপরাধের রেকর্ড নেই এবং ঘটনার সময় তিনি কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

শন টিয়ারের ভাষ্য অনুযায়ী, আইসিইর গাড়িতে অন্য একটি অভিযানের দুই ব্যক্তিও ছিলেন। ওই দুজন এবং মিগুয়েল—তিনজনই বর্তমানে আইসিইর হেফাজতে রয়েছেন। তদন্তের স্বার্থে তাদের যুক্তরাষ্ট্রে রাখা নিশ্চিত করার চেষ্টা করছে তার কার্যালয়। তিনি বলেন, কাউকে হেফাজতে নেওয়ার পর একই গাড়িতে অন্য ব্যক্তিদের ধাওয়া করা হলে সংশ্লিষ্ট সবাই ঝুঁকির মধ্যে পড়েন।

তদন্তকারীদের মতে, গাড়িটি বিভাজক পেরিয়ে বিপরীতমুখী সড়কে যাওয়ার সময় জরুরি বাতি ও সাইরেন ব্যবহার করা উচিত ছিল। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনবিসি নিউজকে জানিয়েছেন, ঘটনার সময় ঘটনাস্থলে থাকা আইসিইর একাধিক কর্মকর্তার শরীরে ধারণযন্ত্র ছিল। সংস্থাটি এসব যন্ত্রের ভিডিও পর্যালোচনা করে অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে।

ঘটনার দুই সপ্তাহেরও কম সময় আগে ট্রাম্প প্রশাসন গাড়ি থামিয়ে অভিযান চালানোর নিয়ম আরও কঠোর করার নির্দেশনা দিয়েছিল। এতে বলা হয়েছিল, নির্দিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারাই এ ধরনের অভিযান চালাতে পারবেন। অভিযানে ব্যবহৃত গাড়িতে জরুরি বাতি ও সাইরেন থাকতে হবে এবং ঘটনাস্থলে থাকা কর্মকর্তাদের শরীরে ধারণযন্ত্র পরতে ও তা চালু রাখতে হবে।

শন টিয়ারের কার্যালয় ঘটনার প্রত্যক্ষদর্শী এবং যাদের কাছে ছবি বা ভিডিও রয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, তথ্য দেওয়ার জন্য কাউকে তার নাগরিকত্ব বা অভিবাসনসংক্রান্ত অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। তদন্তের মূল লক্ষ্য হলো ঘটনার সত্যতা বের করা।

সূত্র: এনবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%